প্রতি কারখানায় সামাজিক তহবিল দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ
সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ

প্রথম আলো: তিন মাসের বেতন-ভাতার দাবিতে তোবার শ্রমিকেরা অনশনে গেলেন। এ জন্য কি শুধুই কারখানামালিক দায়ী?
সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ: আমাদের পোশাকশিল্প যে দীর্ঘদিন ধরে ভারসাম্যহীনভাবে বেড়ে উঠেছে, তার আরেকটি প্রতিফলন হলো বকেয়া বেতন-ভাতার দাবিতে তোবা গ্রুপের শ্রমিকদের অনশন এবং মালিকপক্ষ ও সরকারের উদাসীনতা। দীর্ঘদিন ধরে তৈরি পোশাকশিল্পটিকে শুধু উদ্যোক্তার কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা, যাবতীয় সুযোগ-সুবিধা শিল্পমালিককে দেওয়ার যে প্রবণতা বাংলাদেশে গড়ে উঠেছে, তা শ্রমিক বঞ্চনার প্রধান কারণ। শ্রমিকদের বঞ্চিত করে মালিকদের রক্ষা করার এই মানসিকতা দেশের এই গুরুত্বপূর্ণ খাতটিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সরকার বা বিজিএমইএ চাইলে কিন্তু আগে-ভাগেই এ সমস্যার একটা মোটামুটি সন্তোষজনক সমাধান করে ফেলতে পারত। তার পরও নির্লিপ্ত থেকে শ্রমিকদের ঝুঁকির মুখে ফেলা হলো, তাঁদেরকে পুলিশি নির্যাতনের শিকার হতো হলো।

প্রথম আলো: শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য নিরাপত্তা দেওয়ার বিষয়টি কেন বছরের পর বছর ধরে উপেক্ষিত? এ জন্য দায়িত্ব কার?
সৈয়দ সুলতানউদ্দিন: দায়িত্ব অবশ্যই সরকারের ও মালিকপক্ষের। মালিকেরা শ্রমিকদের দিয়ে কাজ করান। এ জন্য তাঁদেরকে নিয়মিত মজুরি দিতেই হবে।এর কোনো বিকল্প নেই। আর সরকারের দায়িত্ব হলো শ্রমিকেরা ঠিকমতো মজুরি পাচ্ছেন কি না, তা নিশ্চিত করা। নানা অজুহাতে প্রতিবছরই কিছু পোশাক কারখানার মালিক শ্রমিকদের মজুরি দেন না, মজুরি বাকি ফেলেন। কখনো কারখানা বন্ধ করে চলে যান। কিন্তু সরকার বা বিজিএমইএ কার্যকর ব্যবস্থা নেয় না। মজুরি নিশ্চিত করার জন্য দরকার একটি শক্তিশালী ত্রিপক্ষীয় পর্যালোচনা কমিটি।বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পর্যায়ে যে কনসালটেটিভ কমিটি আছে, তা তেমন ক্ষমতাসম্পন্ন নয়। তাই মজুরি প্রদান পরিস্থিতি পর্যালোচনার একটি ত্রিপক্ষীয় কমিটি এমনভাবে গঠন করা উচিত, যাদের সিদ্ধান্ত সব পক্ষ মেনে চলতে বাধ্য হবে। পাশাপাশি আইন করে প্রতিটি কারখানায় একটি সামাজিক নিরাপত্তা তহবিল গঠন করা উচিত, যেখানে সব সময় কারখানায় কর্মরত শ্রমিকদের অন্তত এক মাসের বেতন-ভাতা ও অন্যান্য বার্ষিক পাওনা জমা থাকবে। কখনো কারখানা বন্ধ হলে শ্রমিকেরা যেন তাৎক্ষণিকভাবে ন্যূনতম পাওনাটুকু পান, তা নিশ্চিত করতে হবে।
প্রথম আলো: রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার পর বিশ্বব্যাপী যে নিন্দা-সমালোচনার ঝড় উঠেছে, তার পরও কী মালিকপক্ষের যথেষ্ট শুভ বুদ্ধির উদয় হয়নি?
সৈয়দ সুলতানউদ্দিন: সব শিল্পমালিকের ক্ষেত্রে এ রকম কথা ঢালাওভাবে বলা যাবে না। অনেক শিল্পমালিক শ্রমিকদের ন্যায্য পাওনা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। সব সময় শ্রমিকদের সুযোগ-সুবিধা দেখে থাকেন। তবে দুর্ভাগ্যজনকভাবে বিজিএমইএর আচরণে মনে হয় যে তারা শ্রমিকদের প্রতি তেমন সংবেদনশীল নয়। শ্রমিকেরা যখন অনশন করছেন, তখন বিজিএমইএর নেতাদের উচিত ছিল তাঁদের কাছে যাওয়া। বেতন-ভাতা প্রদনের কাজটিও কারখানা প্রাঙ্গণে গিয়ে করা উচিত ছিল। কিন্তু বিজিএমইএ যেন মানবিকভাবে চিন্তা করতে চাইল না। অন্যদিকে যখন একটি কারখানায় এ রকম পরিস্থিতি তৈরি হলো, তখন সবার আগে শ্রম আইন অনুসারে শ্রম পরিদর্শকদের সেখানে গিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখা উচিত ছিল এবং সে সম্পর্কে সরকারের ওপর মহলে প্রতিবেদন দেওয়া উচিত ছিল। তারা সেখানে যায়নি। সরকারের পক্ষ থেকেও কেউ যায়নি।
(সাক্ষাৎকারগুলো নিয়েছেন আসজাদুল কিবরিয়া ও শুভংকর কর্মকার)