প্রতিদিন গড়ে ৬৯২ একর কৃষিজমি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক কারণে দেশে প্রতিদিন গড়ে দুই হাজার ৯৬ বিঘা বা ৬৯২ একর কৃষিজমি হারিয়ে যাচ্ছে। এই হারে কৃষিজমি কমতে থাকলে ও যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে আগামী কয়েক বছরে দেশের খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়বে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। এএলআরডির চেয়ারপারসন খুশী কবিরের সভাপতিত্বে গবেষণার ফলাফল ও বিভিন্ন দিক নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।
গবেষণার উদ্দেশ্য সম্পর্কে আবুল বারকাত বলেন, সরকার নিজেই জানে না কী পরিমাণ কৃষিজমি অকৃষি উদ্দেশ্যে চলে যাচ্ছে। বাণিজ্যিক ব্যবহারের কারণে কৃষিনির্ভর সাধারণ জনগোষ্ঠীর ওপর স্বল্প ও দীর্ঘ মেয়াদে খাদ্য নিরাপত্তার প্রভাব কতটা, তা বের করতেই গবেষণাটি করা হয়।
আবুল বারকাত বলেন, দেশে ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১১ বছরে মোট ২৬ লাখ ৫৫ হাজার ৭৩১ একর বা ৮০ লাখ ৩৩ হাজার বিঘা কৃষিজমি অকৃষি খাতে চলে গেছে। সেই হিসাবে বছরে এ রূপান্তরের পরিমাণ ৭ লাখ ৩০ হাজার ৩২৬ বিঘা জমি। আর প্রতিদিন কমছে দুই হাজার বিঘা কৃষিজমি। জলাশয় ভরাট করে প্রতিদিন মোট কৃষিজমি কমছে ৯৬ বিঘা।
অর্থনীতিবিদ বারকাত আরও বলেন, বিপুল পরিমাণ এ কৃষিজমির ৮০ শতাংশই বাড়ি নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছে। দোকানপাট নির্মাণে ব্যবহৃত হচ্ছে ২ দশমিক ৬ শতাংশ আর অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে ১৭ দশমিক ৪ শতাংশ। অন্যান্য কাজের মধ্যে রয়েছে কারখানা স্থাপন, তামাক ও চিংড়ি চাষ, ইটভাটা নির্মাণ প্রভৃতি।
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘কৃষিজমির পরিমাণ যে হারে কমছে, তাতে আগামী ১০ বছরে আমাদের ভাতে মরার আশঙ্কা রয়েছে।’
পরিবেশবিদ সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারিশের মিষ্টি কথায় কোনো কাজ হয় না এ দেশে। জলাশয় ভরাট বন্ধে আইন আছে, কিন্তু আজ পর্যন্ত একজন ভরাটকারীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। একইভাবে আজ পর্যন্ত একজন ভূমিদস্যুরও বিচার করা যায়নি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংসদ ফজলে হোসেন বাদশা, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, উপনির্বাহী পরিচালক রওশন আরা প্রমুখ।
দেশের ১১টি জেলায় ৬৬টি গ্রামের ৯৯০টি পরিবারের ওপর এই গবেষণা জরিপ পরিচালিত হয়। গবেষণার তথ্য অনুযায়ী, কক্সবাজার, কুষ্টিয়া, মানিকগঞ্জ জেলাতে কৃষিজমির বাণিজ্যিক ব্যবহার সবচেয়ে বেশি। রাজশাহী, নাটোর, রাঙামাটি ও হবিগঞ্জ জেলা বাণিজ্যিকভাবে কৃষিজমি ব্যবহারে মধ্যম অবস্থানে রয়েছে। আর কৃষিজমির বাণিজ্যিক ব্যবহার অপেক্ষাকৃত কম হয় সাতক্ষীরা, বরিশাল, নারায়ণগঞ্জ ও নেত্রকোনায়।