প্রতিবেশীর চেয়ে সামাজিক সূচকে পিছিয়ে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বের দ্রুত অগ্রসরমাণ অর্থনীতির দেশগুলোর একটি ভারত। ২০৩০ সালের মধ্যে পৃথিবীর তৃতীয় বড় অর্থনীতির দেশ হবে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও শিক্ষা, স্বাস্থ্যসহ মানব উন্নয়ন খাতগুলোতে ভারত এখনো বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মতো প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে আছে।
ভারতের ডিজিটাল সংবাদমাধ্যম স্ক্রলডটইনে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে সামাজিক সূচকে ভারত কোন দেশের চেয়ে কতটা পিছিয়ে আছে, এর তুলনামূলক চিত্র দেওয়া হয়েছে।
ভারতের পিছিয়ে থাকার পেছনে তিনটি কারণ রয়েছে বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, প্রথমত, প্রতিবেশী দেশের তুলনায় ভারতে সামাজিক প্রতিবন্ধকতা প্রকট। দলিত সম্প্রদায়ের মতো অনেক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী রয়েছে। সামাজিক পশ্চাৎপদতাও অনেক গভীর। শুধু প্রত্যন্ত অঞ্চলে নয়, অনেক উন্নত এলাকাও এ জনগোষ্ঠী পিছিয়ে আছে। দ্বিতীয়টি হলো আঞ্চলিক বৈষম্য। দক্ষিণ ভারতের গরিব মানুষ তুলনামূলক বেশি সুবিধা পান। কিন্তু উত্তর ও পূর্ব ভারতে এই সুবিধা কম। তৃতীয়ত, নীতিনির্ধারকেরা অভিজাত হতে বেশি উৎসাহী। ২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চান। সামাজিক সমস্যাগুলোর প্রতি কম গুরুত্ব দেন তাঁরা।
প্রবৃদ্ধিতে এগিয়ে: প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের হিসাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি (জিডিপি) সবচেয়ে বেশি, ৭ দশমিক ৬ শতাংশ। এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। ২০১৫ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ভুটান ৫ দশমিক ৯ শতাংশ, শ্রীলঙ্কা ৪ দশমিক ৮ শতাংশ, পাকিস্তান ৪ দশমিক ২ শতাংশ, নেপাল ৩ শতাংশ এবং আফগানিস্তান ও মালদ্বীপ দেড় শতাংশ করে প্রবৃদ্ধি অর্জন করেছে।

প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে থাকলেও মাথাপিছু জিডিপিতে ভারত বেশ পিছিয়ে। ২০১৩ সালের হিসাবে ভারতের মাথাপিছু জিডিপি ৫ হাজার ২৩৮ ডলার। হিসাবটি করা হয়েছে ২০১১ সালের পিপিপি বা ক্রয়ক্ষমতার সক্ষমতার বিবেচনায়। ওই বছর মাথাপিছু জিডিপি ভারতের চেয়ে বেশি ছিল ইরান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটানের। ভারতের চেয়ে কম ছিল পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানের।

সামাজিক খাতে পিছিয়ে: ২০১৫ সালের মানব উন্নয়ন সূচকে ১৮৮টি দেশের মধ্যে ভারতের অবস্থান ১৩০তম। ভারতের চেয়ে এগিয়ে ইরান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। এ সূচকে বিশ্লেষণে ইরানকেও ধরা হয়েছে। ভারতের চেয়ে পিছিয়ে আছে ভুটান, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান। সূচকটিতে স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগের পাশাপাশি মানসম্পন্ন জীবনযাপনের বিষয়ে জোর দেওয়া হয়।

২০১৫ সালের মানব উন্নয়ন সূচক অনুযায়ী ২০১৩ সালের হিসাবে প্রতি এক লাখ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে প্রসবজনিত জটিলতায় ভারতে ১৯০ জন মা মারা যান। এটা মাতৃমৃত্যুর হার। এ হার বাংলাদেশ, ইরান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটানের চেয়ে বেশি। আর পাকিস্তানের সমান। ভারতের চেয়ে বেশি মাতৃমৃত্যুর হার শুধু আফগানিস্তানে।

পাকিস্তান ও আফগানিস্তানের পরই ভারতে শিশুমৃত্যুর হার সবচেয়ে বেশি। ভারতে প্রতি এক হাজার শিশু জন্ম নিয়ে এক মাস বয়স হওয়ার আগেই গড়ে ৪১ দশমিক ৪ সংখ্যায় মারা যায়। শিশুমৃত্যু কমানোতে ভারতের চেয়ে বাংলাদেশ, ইরান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও নেপাল এগিয়ে আছে। ২০১৩ সালে বাংলাদেশে শিশুমৃত্যুর হার ছিল ৩৩ দশমিক ২ শতাংশ, যা ২০১৫ সালে ২০ শতাংশে নেমেছে।

অন্যদিকে শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ পার্শ্ববর্তী দেশের তুলনায় বেশ কম। ১৫ থেকে ৫৯ বছর বয়সী নারীদের মধ্যে যাঁরা কাজ করার জন্য প্রস্তুত, তাঁরা শ্রমশক্তিতে অন্তর্ভুক্ত নারী। বাংলাদেশে এ হার যেখানে ৫৭ দশমিক ৪ শতাংশ, সেখানে ভারতে মাত্র ২৭ শতাংশ। এদিকে সাক্ষরতার হারে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ইরানের চেয়ে পিছিয়ে আছে ভারত।