প্রতিবছর উন্নয়ন সহযোগী তথা দাতারা বিশাল অঙ্কের ঋণ বা অনুদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু বছর শেষে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ পাওয়া যায় না। নানা শর্তের কারণে অর্থছাড় আটকে যায়। ফলে সারা বছরে যে পরিমাণ প্রতিশ্রুতি পাওয়া যায়, বছরজুড়ে এর অর্ধেকও অর্থছাড় হয় না।
এটি এখন বাংলাদেশের বিদেশি সহায়তা প্রাপ্তির নিয়মিত চিত্র হয়ে গেছে। দুর্নীতি বন্ধে দাতারা তাদের দেওয়া অর্থ খরচে সরকারের জবাবদিহি ও স্বচ্ছতা চায়। এ জন্য নানা ধরনের শর্ত দেয় দাতারা। অন্যদিকে, বিদেশি সহায়তা ব্যবহারে কঠিন শর্ত থাকায় মন্ত্রণালয় বা বিভাগগুলোর মধ্যে সেই অর্থ ব্যবহারে অনীহা থাকে। বহুলভাবে অভিযোগ রয়েছে যে নানা শর্তের কারণে উন্নয়ন প্রকল্পের নামে দাতাদের অর্থ লুটপাট করা কঠিন বলেই মন্ত্রণালয় ও বিভাগগুলো এই অর্থ ব্যবহার করতে চায় না। এতে বিদেশি সহায়তার অংশীদারি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কমে যাচ্ছে।
কেন বিদেশি সহায়তা ব্যবহার করা যাচ্ছে না কিংবা প্রতিশ্রুতি অনুযায়ী অর্থছাড় হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক ও সাবেক সরকারি ব্যয় পর্যালোচনা কমিশনের সদস্য জায়েদ বখত মনে করেন, বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পে অর্থছাড়ে দাতারা অনেক সময় ক্রয়-প্রক্রিয়া বা দরপত্র সম্পর্কে অনেক প্রশ্ন করেন। সেসব প্রশ্নের উত্তর দিতে সময় লাগে। এই দীর্ঘসূত্রতায় অর্থছাড় আটকে যায়। আবার দাতাদের নিজেদের মধ্যেও আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। যেমন প্রকল্পে পরামর্শক নিয়োগে বিলম্ব করে দাতারা।
জায়েদ জানান, বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্পের আন্তমন্ত্রণালয় জটিলতা রয়েছে। উদাহরণ দিয়ে তিনি আরও জানান, জমি অধিগ্রহণ করে দেয় এক মন্ত্রণালয়, আর প্রকল্প বাস্তবায়ন করে আরেক মন্ত্রণালয়। আবার অধিগ্রহণ করতে গেলে জমির মালিকেরা মামলা করেন, যা দীর্ঘদিন ঝুলে থাকে। ফলে অর্থছাড়ে বিলম্ব করে দাতারা।
এমন প্রেক্ষাপটে প্রতিবছর বিদেশি সহায়তা ছাড়ের পরিমাণ বেড়েছে ঠিকই, কিন্তু তা প্রতিশ্রুতির তুলনায় অনেক কম। আবার প্রতিবছর এডিপির আকার যে হারে বড় হচ্ছে, সে তুলনায় বিদেশি সহায়তা কম পাওয়া যাচ্ছে। তাই বিদেশি সহায়তার অংশও কমে যাচ্ছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিগত ২০১৩-১৪ অর্থবছরে রেকর্ড পরিমাণ ৩০০ কোটি ডলারের বিদেশি সহায়তা এসেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৯ কোটি ডলার বেশি। গত অর্থবছরে অবশ্য ২৯৫ কোটি ডলার পাওয়ার আশা করেছিল ইআরডি।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে জানান, দেশজ সম্পদের সংস্থান বৃদ্ধি পাওয়ায় বিদেশি সহায়তানির্ভরতা থেকে বেরিয়ে আসছে এডিপি। তিনিও মনে করেন, বিভিন্ন ধরনের শর্তের কারণে বিদেশি অর্থ ব্যবহার করা কঠিন হয়ে পড়ে।
প্রতিশ্রুতি ও ছাড়ের ব্যবধান: সারা বছর যে পরিমাণ অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয় দাতারা, ছাড় হয় এর অর্ধেক মাত্র। বিগত দুই অর্থবছরে প্রতিশ্রুতি ও ছাড়ের পরিমাণ বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। বিদায়ী অর্থবছরের ১২ মাসজুড়ে বিভিন্ন দাতাদেশ ও সংস্থা মোট ৫৮৪ কোটি ডলারের ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ঋণের পরিমাণ ৫৩৪ কোটি ডলার, আর অনুদান ৪৯ কোটি ৯০ লাখ ডলার। গত অর্থবছরে ঋণ ও অনুদান মিলিয়ে ৩০০ কোটি ডলার পাওয়া গেছে। এর মধ্যে ঋণ ২২৭ কোটি ডলার ও অনুদান ৭২ কোটি ডলার।
দেখা গেছে, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো বড় সংস্থা তাদের প্রতিশ্রুতির অর্ধেকও ছাড় করেনি। গত অর্থবছরে ২৭৪ কোটি ডলারের সমপরিমাণ ঋণ দেওয়ার প্রতিশ্রুতির বিপরীতে বিশ্বব্যাংক ছাড় করেছে মাত্র ৮০ কোটি ডলার। তবে বিশ্বব্যাংকের ট্রাস্ট ফান্ড থেকে আরও ১৪ কোটি ডলার মিলেছে।
এই প্রসঙ্গে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, প্রকল্পের ব্যবস্থাপনা উন্নত হওয়ায় আগের চেয়ে অর্থছাড় বেড়েছে। তবে পাইপলাইনে থাকা অর্থছাড় বাড়াতে প্রকল্প বাস্তবায়ন ও গুণগত মান বাড়াতে হবে।
অন্যদিকে, এডিবি ৯৮ কোটি ডলারের ঋণের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু পাওয়া গেছে মাত্র ৪৭ কোটি ডলার। নাম প্রকাশ না করার শর্তে এডিবির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনা করে অর্থছাড় করা হয়। এ ছাড়া প্রকল্পের বিভিন্ন ধাপের প্রক্রিয়াগত বিলম্বের কারণে অনেক সময় অর্থছাড়ে দেরি হয়।
অবশ্য গত অর্থবছর জাপান প্রতিশ্রুতি রেখেছে। ৩৪ কোটি ডলার দেওয়ার কথা দিয়েছিল জাপান। সারা বছরে জাপানের কাছ থেকে ৩৩ কোটি ডলারের ঋণ পাওয়া গেছে।
এদিকে গত অর্থবছরে ৪৬ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। ঋণ দেওয়ার ক্ষেত্রে এটা চীনের বড় উল্লম্ফন। আগের অর্থবছরে চীন মাত্র ১৭ কোটি ডলার দিয়েছিল। চীনের অর্থায়নের প্রতিশ্রুতিতে গত বছরই বেশ কিছু বড় নতুন প্রকল্প নেওয়া হয়। সেই প্রকল্পের অনকূলে অর্থছাড় করায় চীনের ছাড়ের অংশ বেড়েছে। এ কারণে চীন এখন বড় দাতাদেশে পরিণত হয়েছে।
ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে বাজেট সহায়তা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ছাড় করেনি বিশ্বব্যাংক। অন্যদিকে, পুঁজিবাজার শক্তিশালী করার প্রকল্পে সব কিস্তির অর্থ ছাড় করেনি এডিবি। ১৫টি শর্তের মধ্যে ১৩টি পূরণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রধান হিসাববিদের কার্যালয় স্থাপন ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট প্রণয়ন—এই দুটি শর্ত পুরোপুরি বাস্তবায়ন না করায় ১৫ কোটি ডলার ছাড় করেনি এডিবি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
শুধু গত অর্থবছরে নয়, এর আগের অর্থবছরেও (২০১২-১৩) প্রতিশ্রুতির তুলনায় ছাড় অনেক কম। সে বছরজুড়ে ৫৮৫ কোটি ডলার ঋণ ও অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল দাতারা। কিন্তু ছাড় হয়েছে মাত্র ২৮১ কোটি ডলার।
সুদাসল পরিশোধ ব্যয় বাড়ছে: দাতাদের কাছ থেকে ঋণ নিলে তা সুদাসলে পরিশোধ করতে হয়। সেই সুদাসল পরিশোধের ব্যয় ক্রমেই বাড়ছে। যদিও সরকারের একটি ভিন্ন তহবিল থেকে এই অর্থ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সুদাসল বাদ দিলেও দাতাদের প্রকৃত প্রাপ্তি অনেক কমে যায়।
গত অর্থবছরে সুদাসল বাবদ ১২৩ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে আসল ১০৩ কোটি ডলার, আর সুদ ২০ কোটি ডলার। আগের অর্থবছরের তুলনায় ১৩ কোটি ডলার বেশি সুদাসল পরিশোধ করতে হয়েছে। ২০১২-১৩ অর্থবছরে ১১০ কোটি ডলার সুদাসল পরিশোধ করতে হয়েছে।