প্রতিষ্ঠান ৬ লাখ, মূসক বিবরণী দেয় ৬০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাত্র ৬০ হাজার প্রতিষ্ঠান মূল্য সংযোজন কর (মূসক) বিবরণী জমা দেয়। কিন্তু দেশে তিন থেকে ছয় লাখ প্রতিষ্ঠান রয়েছে, যারা মূসক দেওয়ার উপযুক্ত। মূসকদাতা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানোই এখন বড় চ্যালেঞ্জ।
গতকাল রোববার সেরা মূসকদাতা প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের মধ্যে প্রবণতাই হলো—মূসক দেব না। এ দেশের কম-বেশি চার কোটি লোক আয় করেন। এর মধ্যে মাত্র ১১ লাখ লোক কর দেন।’

.
.

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১৩–১৪ অর্থবছরের জন্য সেবা, উৎপাদন ও ব্যবসা ক্ষেত্রে জাতীয়ভাবে নয়টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। আর জেলা পর্যায়ে ১১০টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জাতীয় ও ঢাকা বিভাগের জেলা পর্যায়ে সেরা মূসকদাতাদের এ সম্মাননা দেওয়া হয়।
জাতীয়ভাবে সম্মাননা পাওয়া প্রতিষ্ঠান হলো—ব্যবসা খাতে টঙ্গীর গ্যালারি অ্যাপেক্স, লালমাটিয়ার আড়ং ও বসুন্ধরা সিটির মেসার্স মোস্তফা মার্ট; সেবা খাতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যার হাউস ও ন্যাশনাল টেলিভিশন লিমিটেড (আরটিভি) ; উৎপাদন খাতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড, সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও হবিগঞ্জের রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট। অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, ‘কর মাত্রই জনপ্রিয় নয়, তাই মূসকও জনপ্রিয় কর নয়। নতুন মূসক আইন পর্যালোচনা করা হয়েছে। এখন ব্যবসায়ীদের আপত্তি কমেছে।’
একই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘মূসক দিতে গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে খেয়াল রাখবেন।’ তাঁর মতে, দেশের ১৮ লাখ লোকের কর শনাক্তকারী নম্বর (টিআইএন) রয়েছে। গ্রামে-গঞ্জে অনেক লোকের কর দেওয়ার সামর্থ্য রয়েছে। তাঁদের করের আওতায় আনতে হবে। দেশ গড়ার কাজে সবার অংশগ্রহণ নিশ্চিত করা দরকার।
কর কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেন, মানুষের দিকে খেয়াল রাখবেন। তাঁরা যা কর দেন, তা যেন সহজে গ্রহণযোগ্য হয়। এতে তাঁদের মধ্যে কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে। তাঁর মতে, অটোমেশন শুধু এনবিআরের দিকেই করলেই হবে না, যাঁরা এ অটোমেশন সুবিধা ব্যবহার করবেন, তাঁদেরও প্রশিক্ষণ দিতে হবে।
কর ব্যবস্থা সম্পর্কে অজ্ঞতার উদাহরণ দিতে গিয়ে অর্থ মন্ত্রনালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১ সাল মেয়াদের একজন সাংসদ ছিলেন, যিনি ২০০৯ সাল পর্যন্ত জানতেনই না—টিআইএন কী? এই যে অজ্ঞতা, এর প্রেক্ষাপটেই কাজ করতে হবে।’ তিনি বলেন, মানুষ মনে করে, ব্যবসায়ীরা মূসক দেন, আসলে ভোক্তার কাছ থেকে মূসক আদায় করেন ব্যবসায়ীরা। মূসক ভোক্তারাই দেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাতলুব আহমাদ বলেন, নতুন মূসক আইনের সংশোধনগুলোর বাস্তবায়ন এখনো দেখতে পাচ্ছি না। এফবিসিসিআই ও এনবিআরের যৌথ কমিটির করা সব সুপারিশ এখনো বাস্তবায়ন হয়নি।
অর্থমন্ত্রীর উপস্থিতিতেই তিনি বলেন, নতুন মূসক আইন অনুযায়ী, ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীরা ১৫ শতাংশ হারে মূসক দিতে পারবেন না। এ ছাড়া ২৪ লাখের পরিবর্তে ৩৬ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে মূসক অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন তিনি। ৮০ লাখ টাকার পরিবর্তে দেড় কোটি টাকা পর্যন্ত ৩ শতাংশ টার্নওভার করারোপের প্রস্তাবও করেন তিনি।
এ প্রসঙ্গে ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, মূসক সবচেয়ে ভালো কর, যদি আপনি হিসাব রাখতে পারেন। আপনি যে মূল্য সংযোজন করেন, এর ওপর ১৫ শতাংশ মূসক দেবেন। স্তরে স্তরে এভাবে মূসক দিতে হবে। এ বিভাজনটি যৌক্তিক ও ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনবিআর সদস্য মো. ফরিদউদ্দিন, সদস্য এনায়েত হোসেন, কমিশনার মাসুদ সাদিক, মূসক অনলাইন প্রকল্পের পরিচালক রেজাউল হাসান প্রমুখ।
প্রতিবছর ১০ জুলাই মূসক দিবস এবং ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত মূসক সপ্তাহ পালন করে থাকে এনবিআর। গতকালের অনুষ্ঠানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ২৩ জন সেরা মূসকদাতা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জাতীয় মূসক সম্মাননা ২০১৩–১৪
এ বছর সেবা, উৎপাদন ও ব্যবসা ক্ষেত্রে জাতীয়ভাবে নয়টি ও জেলা পর্যায়ে ১১০টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়
জাতীয়ভাবে সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান
ব্যবসায়
গ্যালারি অ্যাপেক্স, টঙ্গী; আড়ং, লালমাটিয়া, ঢাকা ও মোস্তফা মার্ট, বসুন্ধরা সিটি, ঢাকা
সেবা
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি); চৌধুরী টি ওয়্যার হাউস, চট্টগ্রাম; ন্যাশনাল টেলিভিশন লিমিটেড (আরটিভি)
উৎপাদন
তিতাস গ্যাস ফিল্ড, ব্রাহ্মণবাড়িয়া; কৈলাসটিলা গ্যাস ফিল্ড, সিলেট; রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্ল্যান্ট, হবিগঞ্জ

“নতুন মূসক আইন পর্যালোচনা করা হয়েছে। এখন ব্যবসায়ীদের আপত্তি কমেছে
আবুল মাল আবদুল মুহিত
অর্থমন্ত্রী

১৯৯৬-২০০১ সাল মেয়াদে একজন সাংসদ ছিলেন, যিনি ২০০৯ সাল পর্যন্ত জানতেন না টিআইএন কী
আবদুর রাজ্জাক
সভাপতি
অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত
স্থায়ী কমিটি

ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীরা ১৫ শতাংশ হারে মূসক দিতে পারবেন না
মাতলুব আহমাদ
সভাপতি এফবিসিসিআই