প্রবাসী-আয় কমলে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়বে
চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে দেশে আগের অর্থবছরের তুলনায় প্রবাসীদের পাঠানো অর্থের (রেমিট্যান্স) পরিমাণ কমেছে। এতে আপাতত শঙ্কা নেই। তবে এ প্রবণতা যদি চলতে থাকে, তাহলে তা অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদেরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে গত আগস্টে ১১৮ কোটি ৩৬ লাখ ডলারের প্রবাসী-আয় এসেছে। এই আয় গত বছরের একই সময়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ডলার বা দশমিক ৯৭ শতাংশ কম। গত বছরের আগস্ট মাসে প্রবাসী-আয় এসেছিল ১১৯ কোটি ৫০ লাখ ডলার। আর চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) রেমিট্যান্স আসে ১০০ কোটি ৫৫ লাখ ডলার। গত ২০১৫-১৬ অর্থবছরের একই মাসে এসেছিল ১৩৮ কোটি ৯৫ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, পরপর দুই মাস প্রবাসী-আয় কমেছে, বিষয়টি তেমন আশঙ্কার নয়। কিন্তু সামনের মাসগুলোতে যদি এই ধারা বজায় থাকে, তাহলে কিছুটা প্রভাব লক্ষ করা যাবে। তিনি বলেন, বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের বেশির ভাগ অর্থই ব্যবহৃত হয় ব্যক্তিগত পর্যায়ের ভোগে। অর্থাৎ পারিবারিক ব্যয়ে। তাই প্রবাসী-আয় কমতে থাকলে অভ্যন্তরীণ চাহিদা ও ব্যক্তিগত বিনিয়োগ কমবে। এর একটা নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর পড়বে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে দেশে প্রবাসী-আয়ের পরিমাণ তার আগের অর্থবছরের চেয়ে ২ দশমিক ৫৫ শতাংশ কমেছে। ওই অর্থবছরে সর্বোচ্চ ১৪৬ কোটি ২৬ লাখ ডলারের প্রবাসী-আয় এসেছে শেষ মাস জুনে। অবশ্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেই রমজান মাসে বেশি প্রবাসী-আয় আসে, যা বরাবরই লক্ষ করা গেছে।
এদিকে দেশে বৈধ পথে (ব্যাংকিং চ্যানেল) প্রবাসী-আয় আসা কমলেও অবৈধ পথে তা বাড়ছে বলে মনে করা হয়। এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, অবৈধ পথে টাকা পাঠালে বিনিময় হার বেশি হয়। দেখা যায়, অবৈধ পথে এক ডলারের বিনিময়ে ৮২ বা ৮৩ টাকা পাওয়া যায়। আর বৈধপথে আসা এক ডলারের বিনিময়ে ব্যাংক থেকে পাওয়া যায় ৭৭ টাকা ৮০ পয়সা। বিনিময় হারে এই ব্যবধানের কারণে দীর্ঘমেয়াদে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈদেশিক মুদ্রার রিজার্ভে।
আহসান এইচ মনসুর বলেন, বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুত ভালো অবস্থায় আছে। যদিও তা আরও ভালো হতে পারত। কিন্তু অবৈধ পথে প্রবাসী-আয় আসা বাড়লে ভবিষ্যতে রিজার্ভে একটি নেতিবাচক প্রভাব পড়বে। সে জন্য অবৈধ উপায়ে প্রবাসী-আয় আসার প্রবণতা রোধ করা জরুরি বলে মনে করেন তিনি।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো নাজনীন আহমেদ মনে করেন, দেশে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে, তাতে প্রবাসী-আয় কমায় তেমন প্রভাব পড়বে না। কারণ, বর্তমান রিজার্ভ দিয়ে নয় মাসের রপ্তানি ব্যয় মেটানো সম্ভব।
নাজনীন আহমেদ বলেন, প্রবাসী-আয় কমলে দেশীয় চাহিদা কমে। এতে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। তিনি আরও বলেন, কোন কোন দেশ থেকে প্রবাসী-আয় কম আসছে, সেটা দেখাও জরুরি। সেসব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও কর্মী পাঠানো নিয়ে আলোচনা করা প্রয়োজন।