প্রবাসী আয়ে ধাক্কা খেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী আয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। গত জুলাইয়ে আগের মাসের তুলনায় ৩১ শতাংশ বা ৪৬ কোটি ডলার কম রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত চার বছরে কোনো মাসে এত কম পরিমাণ রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের হালনাগাদ তথ্যে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ডলারের বিপরীতে অনেক দেশের মুদ্রার মান কমেছে। এ ছাড়া সৌদি আরবে তেলের দামও কমে গেছে। ফলে সার্বিকভাবে প্রবাসীদের আয় কমে গেছে। এ কারণে রেমিট্যান্স কম এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত জুলাই মাসে প্রবাসীরা ১০০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত জুনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৪৬ কোটি ডলার। সে হিসাবে রেমিট্যান্স কমেছে ৩১ শতাংশ। ২০১৫ সালের জুলাই মাসে প্রবাসীরা ১৩৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। ২০১২ সালের জুলাইয়ে ১২০ কোটি ডলার, ২০১৩ সালের জুলাইয়ে ১২৩ কোটি ডলার, ২০১৪ সালের জুলাইয়ে ১৪৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, তেলনির্ভর দেশগুলোতে বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে গেছে, অনেক প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন দিতে পারছে না। ফলে শ্রমিকদের আয় কমে গেছে। এ ছাড়া ঈদের পরের মাস হওয়ায় রেমিট্যান্স কম আসাটাই স্বাভাবিক। এ কারণে রেমিট্যান্স কম এসেছে। শ্রমিক রপ্তানিও বাড়ছে, ফলে সামনে রেমিট্যান্স বাড়বে। তবে সামনের মাসে এত কম থাকলে তা হবে উদ্বিগ্ন হওয়ার মতো।

এদিকে ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঈদের পরের মাসে সাধারণত কিছুটা কম রেমিট্যান্স আসে। এ ছাড়া দেশের সাম্প্রতিক জঙ্গি হামলার প্রভাবও থাকতে পারে। পাশাপাশি শ্রমিকদের আয়ও অনেক কমে গেছে।

জানা গেছে, জুলাই মাসে ইসলামী ব্যাংকের মাধ্যমে ২৫ কোটি, অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১২ কোটি, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি, জনতা ব্যাংকের মাধ্যমে ৮ কোটি, ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ও ডাচ্‌-বাংলা ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার, ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৫৩১ কোটি ডলার, ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ৪২২ কোটি ডলার ও ২০১২-১৩ অর্থবছরে ১ হাজার ৪৪৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।