মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ঘুরে দাঁড়ালেও অবস্থান শক্ত করতে পারছে না বাংলাদেশ। পোশাক রপ্তানিতে চলতি বছরের প্রথম চার মাস (জানুয়ারি-এপ্রিল) শেষে বাজারটিতে প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ০৩ শতাংশ। তবে পাঁচ মাস অর্থাৎ মে শেষে সেটি কমে ৬ দশমিক ৭৬ শতাংশে দাঁড়িয়েছে। এ সময় বাংলাদেশ বাজারটিতে ২২২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে যুক্তরাষ্ট্রের বাজার হিস্যার তৃতীয় অবস্থানটি অক্ষুণ্ন আছে বাংলাদেশের।
এদিকে বছরের প্রথম পাঁচ মাসে এই বাজারে প্রতিবেশী দেশ ভারত ১৬৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। এই আয় গত বছরের একই সময়ের ১৫৬ কোটি ডলারের চেয়ে ৮ দশমিক ৭১ শতাংশ বেশি। ফলে আয়ের দিক থেকে এগিয়ে থাকলেও প্রবৃদ্ধির বিচারে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে আছে। বছরের প্রথম চার মাস শেষে ভারতের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৬৪। অবশ্য ভিয়েতনামের চেয়েও পরিমাণ ও প্রবৃদ্ধির বিচারে পিছিয়ে আছে বাংলাদেশ।
ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) গত মঙ্গলবার এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। অটেক্সা যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক, বস্ত্র ও পাদুকা আমদানির তথ্য নিয়মিতভাবে অর্থ ও পরিমাণ (বর্গমিটার) এই দুই হিসাবেই প্রকাশ করে থাকে।
গত বছরের ফেব্রুয়ারি থেকে বড় এই বাজারটিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়ে আসছিল বাংলাদেশের। তবে চলতি বছরের দ্বিতীয় মাসে সেটি ইতিবাচক ধারায় ফেরে। বছরের প্রথম পাঁচ মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭৭ কোটি বর্গমিটারের সমপরিমাণ পোশাক রপ্তানি করে। এই পরিমাণটি গত বছরের একই সময়ের ৭০ কোটি বর্গমিটারের চেয়ে ৯ দশমিক ৫৪ শতাংশ বেশি। এই বিচারে অবশ্য বাংলাদেশ থেকে ভারত পিছিয়ে। আলোচ্য সময়ে ভারত ৪৭ কোটি বর্গমিটারের পোশাক রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৯৫ শতাংশ বেশি।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গত বুধবার বলেন, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দেশের পোশাকশিল্পের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ে। তবে এখন পোশাক কারখানার ‘ব্যবচ্ছেদ’ চলছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অধীনে কর্মপরিবেশ উন্নয়নে এই প্রক্রিয়া আগামী এক-দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে। তখন বর্তমান পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে বলে আমরা আশা করছি।
অটেক্সার বলছে, আলোচ্য সময়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে পোশাক আমদানি বাড়িয়েছে। বছরের প্রথম পাঁচ মাসে ১ হাজার ২৩ কোটি বর্গমিটার সমপরিমাণ ৩ হাজার ১৭৫ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে দেশটি। এটি গত বছরের একই সময়ের ৩ হাজার ৭৫ কোটি ডলারের চেয়ে ৩ দশমিক ২৭ শতাংশ বেশি।
অন্যদিকে বরাবরের মতো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির শীর্ষস্থান বা ৩৬ শতাংশ চীনের দখলেই আছে। বছরের প্রথম পাঁচ মাসে দেশটি এই বাজারে ৯৯৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। তাদের প্রবৃদ্ধি দশমিক ৯৭ শতাংশ। দ্বিতীয় স্থানে ভিয়েতনাম, রপ্তানি করেছে ৪০২ কোটি ডলার, প্রবৃদ্ধি ১৪ দশমিক ১৪ শতাংশ। তৃতীয় বাংলাদেশ। চতুর্থ ইন্দোনেশিয়া, রপ্তানি করেছে ২০৭ কোটি ডলারের পোশাক। পঞ্চম অবস্থানে আছে ভারত, ষষ্ঠ মেক্সিকো ও সপ্তম অবস্থানে আছে কম্বোডিয়া। শেষ দুই দেশের রপ্তানি ১৪৬ ও ১০০ কোটি ডলারের পোশাক। আর শীর্ষ সাতের মধ্যে ইন্দোনেশিয়া, মেক্সিকো ও কম্বোডিয়ায় ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।