প্রবৃদ্ধি বাড়াতে ছয় পরামর্শ দিল আইএমএফ
বাংলাদেশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে ছয়টি বিষয়ে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। পরামর্শগুলো হলো: গুরত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ, প্রয়োজনীয় জমির প্রাপ্যতা নিশ্চিতকরণ, আর্থিক খাতে ঝুঁকি মোকাবিলা ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ বাড়ানো, জ্বালানি ও বিদ্যুৎ-সংক্রান্ত কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করা।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে গতকাল বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে আইএমএফের একটি প্রতিনিধিদল এসব পরামর্শ দেয়। শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইএমএফের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির সফররত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপবিভাগীয় প্রধান রদ্রিগো কিউবেরা। প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দেরা।
জানা গেছে, বৈঠকে আইএমএফ প্রতিনিধিরা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের জিডিপি প্রবৃদ্ধি কেমন হচ্ছে তা জানতে চান। এ প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমার কাছে গত ছয় মাসের জিডিপি প্রবৃদ্ধির হার চলে এসেছে। অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আমি তা প্রকাশ না করলেও এতটুকু বলব, এই অর্থবছরের প্রথম ছয় মাসে জিডিপির যে প্রবৃদ্ধি হয়েছে, তা গত বছরের একই সময়ের তুলনায় অনেক ভালো। আমি অর্থবছর শেষে জিডিপির হার সবাইকে জানাব।’
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সামষ্টিক অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই রাখতে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ জন্য সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ১ কোটি ৩২ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য ঠিক করা হচ্ছে। সরকার ২০২৫ সালের মধ্যে কর্মক্ষম জনগোষ্ঠীকে শতভাগ কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে চাইছে।
অন্যদিকে আইএমএফের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) পরবর্তী লক্ষ্য কীভাবে মোকাবিলা করবে, তার ওপরই নির্ভর করছে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। এ সময় প্রতিনিধিরা বলেন, নানা বাধাবিঘ্ন সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তা প্রশংসাযোগ্য। বাংলাদেশের ডেট টু জিডিপি (জিডিপির তুলনায় ঋণ হার) পৃথিবীর মধ্যে অন্যতম কম। এটা একটি সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতাকে নির্দেশ করে। এখন বাংলাদেশের প্রয়োজন প্রবৃদ্ধি বাড়ানোর ছয়টি বিষয়ে সার্বিক সফলতা আরও বাড়ানো।
বৈঠকে পরিকল্পনাসচিব সফিকুল আজম, পরিকল্পনা কমিশনের সদস্য সামসুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।