অর্ধযুগের বেশি সময় ধরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি স্থিতিশীল থাকার পাশাপাশি এর গুণগত মানও বেড়েছে। আর সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টিভঙ্গিও। এখন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অনেক বেশি উন্নয়নমুখী।
‘পণ্যমূল্যের স্থিতিশীলতা, জাতীয় প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন গভর্নর আতিউর রহমান। বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে গতকাল বৃহস্পতিবার এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন গভর্নর।
সেমিনারে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল, আইএলওর বাংলাদেশ প্রধান শ্রীনিভাস রেড্ডি, জেনেভায় আইএলওর কর্মসংস্থান ও শ্রমবাজার নীতি শাখার প্রধান আয়ানাতুল ইসলাম, কেন্দ্রীয় ব্যাংকের উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএলওর সাবেক পরিচালক মুহাম্মদ মুকতাদা।
আতিউর রহমান বলেন, পণ্যমূল্য ও টাকার মূল্যমান স্থিতিশীল রেখে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ধীরে ধীরে বাংলাদেশ স্থিতিশীল এক অর্থনীতির পথে এগোচ্ছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মধ্যে থেকেও সৃষ্টিশীল উদ্ভাবনী কৌশলের মাধ্যমে উন্নয়নের নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।
গভর্নর জানান, গত ছয় বছরে অধিকসংখ্যক সাধারণ মানুষকে ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এর মাধ্যমে বেশি মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করা হচ্ছে। একইভাবে অধিকসংখ্যক মানুষের কাছে ব্যাংকঋণও পৌঁছাচ্ছে। নতুন নতুন উদ্যোক্তা তৈরিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশনা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিটি ব্যাংকের প্রতিটি শাখা থেকে ন্যূনতম একজন নারী উদ্যোক্তা তৈরি করতে হবে।
বিরূপাক্ষ পাল বলেন, কর্মসংস্থানের ক্ষেত্রে এখন শ্রমমানের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকও এ লক্ষ্যে কাজ করছে।
সেমিনারে মূল প্রবন্ধে মুহাম্মদ মুকতাদা বলেন, আর্থিক খাতের সুশাসন বৃদ্ধি ও বিনিয়োগের সঠিক পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের এখন নিয়ন্ত্রণ বা নীতি কাঠামোর প্রতি বিশেষ নজর দিতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুষম প্রতিযোগিতা ও আস্থার পরিবেশ বজায় রাখার বিষয়টিতে আরও গুরুত্বারোপ করার সময় এসেছে।
বর্তমানে খেলাপি ঋণ, উচ্চ সুদহার, অতিরিক্ত তারল্য এবং শ্রেণীকৃত ঋণ আর্থিক খাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলেও মূল প্রবন্ধে উল্লেখ করা হয়।