গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস
প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

বিশ্ব অর্থনীতি নিয়ে তেমন ভালো কোনো সংবাদ দিতে পারল না বিশ্বব্যাংক। বহুজাতিক দাতা সংস্থাটি বলছে, ২০১৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বাড়লেও এর গতি থাকবে শ্লথ। এ সময়ে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি হবে মাত্র ২ দশমিক ৯ শতাংশ।
তবে বিশ্ব অর্থনীতির ধীরগতি খুব বেশি স্পর্শ করবে না বাংলাদেশকে। বিশ্বব্যাংকের পূর্বাভাস হচ্ছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। আর পঞ্জিকা বছর ধরলে ২০১৬ সালে এই প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশ সরকারের আশা, চলতি অর্থবছরের প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ।
সামগ্রিকভাবে বিশ্বব্যাংক ভালো সংবাদ দিয়েছে দক্ষিণ এশিয়াকে নিয়েই। সংস্থাটি মনে করে, দক্ষিণ এশিয়ায় ২০১৬ সময়ে প্রবৃদ্ধি দশমিক ২ শতাংশ বেড়ে হবে ৭ শতাংশ, আর ২০১৬-এর পূর্বাভাস হচ্ছে ৭ দশমিক ৩ শতাংশ। মূলত তেলের দাম কমে যাওয়ার সুবিধা পেয়েছে এই অঞ্চল। যদিও দক্ষিণ এশিয়ার এই উচ্চ প্রবৃদ্ধি মূলত ভারতকেন্দ্রিক। ভারতকে বাদ দিলে ২০১৫ সময়ে দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি মাত্র ৫ দশমিক ৭ শতাংশ এবং ২০১৬ সময়ে ৫ দশমিক ৮ শতাংশ। এই অঞ্চলে আফগানিস্তান, নেপাল ও মালদ্বীপের প্রবৃদ্ধি তুলনামূলক কম।
বিশ্বব্যাংক গত বুধবার তাদের নিয়মিত বার্ষিক প্রকাশনা ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ নামের প্রতিবেদনটি প্রকাশ করেছে। সেখানে বিশ্ব অর্থনীতির বিস্তারিত মূল্যায়ন করে অঞ্চল ও দেশভিত্তিক পূর্বাভাস দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির ওই পূর্বাভাসের পেছনে বেশ কিছু কারণের কথাও বলা হয়েছে। বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হয়েছে। এরপর অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় রপ্তানি শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে সংস্থাটি মনে করে, বাংলাদেশে বাজেট ঘাটতি আগের চেয়ে বাড়তে পারে। এই ঘাটতি বৃদ্ধি পেয়ে জিডিপির ৫ শতাংশ হতে পারে, যা ২০০৮ সালের পরে সর্বোচ্চ। এর কারণ হচ্ছে, সরকারি খাতে বেতন-ভাতা দ্বিগুণ করা। এর ফলে বাংলাদেশে আর্থিক শৃঙ্খলাও কিছুটা দুর্বল হয়েছে। তবে বিশ্বব্যাংক মনে করে, সরকারি খাতে বেতন বৃদ্ধি এবং রাজনৈতিক উত্তেজনা বা অনিশ্চয়তা কিছুটা কমে যাওয়ায় দেশে ভোগ-প্রবণতা আরও বাড়বে।
পাশাপাশি বিশ্বব্যাংক প্রবৃদ্ধি বাড়ার আরেকটি কারণ হিসেবে অবকাঠামো খাতে ব্যয় বৃদ্ধির কথা বলেছে। তবে প্রতিবেদনে একাধিকবার বাজেট ঘাটতি বেড়ে যাওয়াকে সতর্ক করে দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক আরও বলেছে, বাংলাদেশ সরকার গত সেপ্টেম্বরে শ্রম আইন সংশোধন করেছে। এতে শ্রমিকদের অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা আরও জোরদার হবে। বিশেষ করে স্থগিত হওয়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি পুনরায় চালুর যে আলোচনা চলছে, তা রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশ্বব্যাংক বাংলাদেশের মূল্যস্ফীতির হার এই অঞ্চলের তুলনায় বেশি উল্লেখ করেছে। সংস্থাটি বলেছে, ২০১৫ সালের শুরুতে পরিবহনে বাধা এবং বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে তেলের দাম না বাড়ানোর কারণে এমনটি ঘটেছে।
ঝুঁকির ক্ষেত্রে বিশ্বব্যাংক সবার আগে উল্লেখ করেছে রাজনৈতিক উত্তেজনা ফিরে আসাকে। একই শঙ্কা রয়েছে দক্ষিণ এশিয়ার নেপাল ও আফগানিস্তানকে নিয়েও। দাতা সংস্থাটির মতে, এই তিন দেশের জন্য রাজনৈতিক অস্থিরতা ফিরে আসাই সবচেয়ে বড় ঝুঁকি। এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্ষেত্রে আরেকটি বড় ঝুঁকি হচ্ছে বৃহৎ বাজেট ঘাটতি। এতে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়ে যেতে পারে। এতে বেসরকারি খাত কম ঋণ পাবে।