প্রবৃদ্ধির বাধা হচ্ছে মাথাপিছু ঋণ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে দেশে মাথাপিছু ঋণ বেড়েছে। আর এই ঋণ বৃদ্ধি উন্নয়ন ব্যয়, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান ‘উন্নয়ন অন্বেষণ’-এর মাসিক ‘বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনা’ প্রতিবেদনে এ পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে। গত শনিবার অক্টোবর সংখ্যাটি প্রকাশিত হয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠানটি দেখায়, ২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু বৈদেশিক ঋণ বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৪১ শতাংশ এবং অভ্যন্তরীণ ঋণের বৃদ্ধির হার ১০ দশমিক ৭১ শতাংশ।
আবার ২০১২-১৩ অর্থবছরে অভ্যন্তরীণ ঋণের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৭ দশমিক ৪৬ শতাংশ এবং একই সময়ে বৈদেশিক ঋণের পরিমাণ জিডিপির ১৮ শতাংশ ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১-০২ অর্থবছরে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১১৫ দশমিক ৫২ মার্কিন ডলার, যা ২০১৩-১৪ অর্থবছরে এসে ১৪৯ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়।
এই ১০ বছরের বৈদেশিক ঋণের প্রবৃদ্ধির হার গণনায় নিয়ে উন্নয়ন অন্বেষণ অনুমান করছে যে মাথাপিছু বিদেশি ঋণ ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থবছরে যথাক্রমে ১৫৩ ও ১৫৮ ডলারে দাঁড়াবে।