প্রয়োজন ১০ হাজার কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক রপ্তানি ২০২১ সালে পাঁচ হাজার কোটি ডলারে (৫০ বিলিয়ন) উন্নীত করতে হলে অবকাঠামোর উন্নয়নে কোনো বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। একই সঙ্গে তাঁরা রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতির ধারাবাহিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনায় এনেছেন। তবে সার্বিকভাবে অবকাঠামো উন্নয়নে আগামী এক দশকে সাত হাজার ৪০০ কোটি থেকে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে হবে বাংলাদেশকে। এই অর্থ দেশের এক বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সমপরিমাণ।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএ আয়োজিত ‘ঢাকা অ্যাপারেল সামিট’-এর দ্বিতীয় অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল অবকাঠামো। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
গ্যাস, বিদ্যুৎ, পরিবহন, বন্দর—এসব নিশ্চিত করতে বিনিয়োগের অঙ্কটি উত্থাপন করেছিলেন ঢাকায় বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। তাঁর মতো বিনিয়োগের অঙ্কটি উল্লেখ না করলেও ২০২১ সালে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে উন্নীত করা কোনো বড় চ্যালেঞ্জ মনে করেন না কেউ, বরং বড় সমস্যা মনে করা হচ্ছে অবকাঠামোকেই।
প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী অবশ্য গ্যাস-বিদ্যুতের উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, গত পাঁচ বছরে দেশের বিদ্যুৎ উৎপাদন পাঁচ হাজার মেগাওয়াট থেকে বাড়িয়ে ১১ হাজার মেগাওয়াট করা হয়েছে। ফলে আগামী কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণ করা অসম্ভব নয়। সে জন্য কাজ করছে সরকার। বেসরকারি প্রতিষ্ঠানও এর সঙ্গে যুক্ত আছে। ভারত থেকে বিদ্যুৎ আসবে। আবার নেপাল ও ভুটানের সঙ্গেও বিদ্যুৎ চুক্তি করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, শিল্পকারখানায় গ্যাস দেওয়ার জন্য গৃহস্থালিতে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে। একই সঙ্গে ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় খাতে গ্যাস ব্যবহারও বন্ধ করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ২০০৭ সালে পোশাক রপ্তানি ছিল ১০ বিলিয়ন ডলারের নিচে। ২০১৪ সালে এটি এসে ২৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। পোশাক ব্যবসায়ী ও শ্রমিকেরা এই অসম্ভবকে সম্ভব করেছেন। তার মানে আগামী ছয়-সাত বছরের মধ্যে ৫০ বিলিয়ন অর্জন করা অসম্ভব নয়।
এই রাজনীতিবিদ আরও বলেন, ৫০ বিলিয়ন ডলার অর্জন করা কোনো চ্যালেঞ্জ নয়। এটি কেবল একটি সংখ্যা। আসল চ্যালেঞ্জ হচ্ছে, উৎপাদন-প্রক্রিয়া ও পদ্ধতির উন্নয়ন করা। উদ্যোক্তাদের সারা দেশে ছড়িয়ে পড়তে হবে। যোগাযোগব্যবস্থা অনেক ভালো হয়েছে। কারণ সাত থেকে ১০ বছরের মধ্যে দুই-তিন ঘণ্টায় যেকোনো জায়গা থেকে চট্টগ্রামে পৌঁছানো যাবে। এ ছাড়া সামাজিক অবকাঠামো গড়তে হবে। কুটিরশিল্পের মতো সারা দেশে উন্নত প্রযুক্তির কারখানা তৈরি করতে হবে। এগুলো করা গেলেই পোশাকের রপ্তানি ৫০ বিলিয়নে নিয়ে যাওয়া কোনো সমস্যা নয়।
শুরুতেই মার্কস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শামীম উল হক বলেন, ঢাকা থেকে চট্টগ্রামে পণ্য পরিবহনে ১০ ঘণ্টা সময় লাগে। এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়কের কাজ হয়েছে মাত্র ৫০ শতাংশ। অন্যদিকে বন্দরে পণ্য জাহাজীকরণে গড়ে সময় লাগে আড়াই দিন। তাহলে কীভাবে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছাবে? এখন সব মিলিয়ে তিন হাজার কোটি ডলারের রপ্তানি পণ্য পরিবহন হয়। লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
উত্তরা আমেরিকায় বাংলাদেশের পোশাকের ক্রেতাদের জোট অ্যালায়েন্সের বোর্ড সদস্য ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, ভারত ও চীনের মতো বাংলাদেশকে তৈরি হতে হবে। অবকাঠামোর উন্নয়ন দ্রুতগতিতে করতে হবে। সব মিলিয়ে বিনিয়োগকারীরা যাতে ব্যবসা করে মুনাফা করতে পারেন, সে বিষয়ে আশ্বস্ত করতে হবে।
জাপানের উন্নয়ন সংস্থা জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ মিকিউ হাতায়েদা বলেন, কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর, আট লেনের কাঁচপুর সেতু, ছয় লেনের গোমতী সেতু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৬৮টি সেতু নির্মাণে জাইকা সহায়তা দিচ্ছে। অর্থাৎ জাইকা থেকে পোশাকশিল্পকে সরাসরি সহায়তা করা হচ্ছে।
বিজিএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, দেশের সব জায়গায় অতিরিক্ত অর্থ দিতে হয়। এখানে ছোট ছোট সমস্যা মিলে বড় সমস্যা তৈরি হয়েছে। এগুলোর সমাধান করা না গেলে সামনে এগোনো যাবে না। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। তিনি ব্যাংকঋণের উচ্চ সুদহার কমানোর কথাও বলেন।
প্রতিটি অধিবেশনেই ব্যাংকঋণের উচ্চ সুদহারের বিষয়টি উঠে আসে। সন্ধ্যায় তৃতীয় অধিবেশনের প্রতিপাদ্য ছিল পরিবেশ। সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রধান অতিথি ছিলেন। তিনি ব্যাংকঋণের উচ্চ সুদহারের বিষয়ে কথা বলেন। ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য থাকার পরও সুদের হার কেন কমছে না—এমন প্রশ্নের জবাবে আতিউর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার জোর করে কমাতে চায় না। জোর করা হলে সাময়িকভাবে সুদের হার কমবে, দীর্ঘ মেয়াদে তা টেকসই হবে না। বরং মূল্যস্ফীতি কমলে সুদের হার স্বাভাবিকভাবে কমে আসবে। মূল্যস্ফীতির হার ১১ শতাংশ থেকে কমে বর্তমানে সাড়ে ৭ শতাংশ হয়েছে। ফলে সুদের হারও কমে আসছে বলে জানান তিনি। গভর্নর উল্লেখ করেন, বাণিজ্যিক ব্যাংকগুলো গড়ে এখন ১২ শতাংশ সুদহারে ঋণ দিচ্ছে। তিনি মালিকদের ঋণ যথাসময়ে পরিশোধ করার ব্যাপারেও সচেতন থাকতে বলেন।