প্রাইম ব্যাংকের আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের আয় উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে। ব্যাংক-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মন্দ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশনিং) রাখতে গিয়ে আয় কমে গেছে।
ব্যাংকটি তৃতীয় প্রান্তিকের যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, চলতি বছরের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর-১৬) নয় মাসে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে মাত্র ২৩ পয়সা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৩৮ পয়সা। সেই হিসাবে চলতি বছরের নয় মাসে প্রাইম ব্যাংকের আয় আগের বছরের একই সময়ের চেয়ে ২ টাকা ১৫ পয়সা কমেছে। এর মধ্যে বছরের তৃতীয় প্রান্তিকে এসে ব্যাংকটির ইপিএস ঋণাত্মক হয়ে গেছে।
গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রাইম ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে (-) ৮ পয়সা। অর্থাৎ ব্যাংকটি শেয়ারপ্রতি ৮ পয়সা করে লোকসান করেছে। অথচ গত বছর একই সময়ে ইপিএসের পরিমাণ ছিল ২৭ পয়সা। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, উল্লিখিত প্রান্তিকে প্রাইম ব্যাংকের পরিচালনগত আয় আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৯৫ কোটি টাকা কমেছে।
ব্যাংকটির আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের নয় মাসে প্রায় ৪৩৫ কোটি টাকা প্রভিশন করতে হয়েছে। আগের বছরে একই সময়ে যার পরিমাণ ছিল ১৩৭ কোটি টাকা। ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, চলতি বছর ব্যাংকটিকে নতুন করে কিছু ঋণের বিপরীতে প্রভিশনিং করতে হয়েছে।
জানতে চাইলে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, আগের বছরের চেয়ে চলতি বছর প্রভিশনিং বাড়ায় শেয়ারপ্রতি আয়ও কমেছে।