প্রাতিষ্ঠানিক কর হার বেশি বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দক্ষিণ ও পূর্ব এশিয়ার ১০টি দেশের মধ্যে বাংলাদেশেই প্রাতিষ্ঠানিক (করপোরেট) কর হার সবচেয়ে বেশি। এ দেশে একটি কোম্পানি ১০০ টাকা আয় করলে তা থেকে কর বাবদ ৪৫ টাকা পর্যন্ত সরকারকে দিতে হয়। অথচ এ অঞ্চলে প্রতিযোগী অন্যান্য দেশে প্রাতিষ্ঠানিক কর হার বেশ কম। একটি কোম্পানি যদি বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে বিনিয়োগ করে, তাহলে তাকে ১০০ টাকার আয় থেকে ২২ টাকা কর দিতে হয়।
বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ: সরকারি ব্যয় পর্যালোচনা-২০১৫’ শীর্ষক এক প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক কর হারের তুলনামূলক এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ব্যক্তি আয়করের হার এ অঞ্চলের অন্য দেশগুলোর মতোই। তবে প্রাতিষ্ঠানিক কর হার আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক বেশি।
এ কারণে ব্যবসায়ীরা মনে করেন, প্রাতিষ্ঠানিক কর না কমালে বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় বাড়বে না। এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ প্রথম আলোকে বলেন, এখন ব্যাপক প্রতিযোগিতার যুগ। দেশি-বিদেশি সব বিনিয়োগকারী ব্যবসার খরচকে মাথায় রেখে বিনিয়োগ করেন। তাই সুবিধা না পেলে বিনিয়োগ হবে না।
বাংলাদেশে সাধারণ প্রাতিষ্ঠানিক কর হার ৩৫ শতাংশ। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে কিছুটা ছাড় পাওয়া যায়, সে ক্ষেত্রে কর দিতে হয় ২৫ শতাংশ হারে। এর বাইরে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক এবং মোবাইল ফোন অপারেটরের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কর হার যথাক্রমে ৪২ দশমিক ৫, ৩৭ দশমিক ৫ ও ৪৫ শতাংশ। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান ২ দশমিক ৫ শতাংশ এবং মোবাইল ফোন অপারেটর ৫ শতাংশ ছাড় পায়।
সিগারেট প্রস্তুতকারী কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে আগে ৫ শতাংশ ছাড় পেত, এখন তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রেই এ কর হার ৪৫ শতাংশ।
ব্যাংক ও বিমা ছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যান্য কোম্পানি ১৫ শতাংশের কম লভ্যাংশ দিলে তাদের অবিতরণকৃত আয়ের ওপর অতিরিক্ত ৫ শতাংশ কর দিতে হয়। এ ছাড়া ব্যাংকের ক্ষেত্রে মূলধনের ৫০ শতাংশের বেশি লাভ হলে অতিরিক্ত লাভের ওপর ১৫ শতাংশ বাড়তি কর আদায় করে সরকার।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশন (এফবিসিসিআই) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় প্রাতিষ্ঠানিক কর ২ থেকে আড়াই শতাংশ কমানোর দাবি করেছে। এফবিসিসিআইয়ের বিশেষ প্রস্তাব হলো, পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, কিন্তু উৎপাদনশীল খাতের কোম্পানির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কর হার ২৮ শতাংশ করা।
এফবিসিসিআই বলেছে, বাংলাদেশে প্রাতিষ্ঠানিক কর বেশি হওয়ায় তা কোম্পানি করদাতা, বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানিকে সঠিক আয় প্রদর্শনে নিরুৎসাহিত করে।
ভারতে সম্প্রতি প্রাতিষ্ঠানিক কর হার ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে উল্লেখ করা হয় এফবিসিসিআইয়ের প্রস্তাবে।
ঢাকা চেম্বারের হোসেন খালেদের মতে, সরকার রাজস্ব আদায় বাড়াতে নিয়মিত করদাতাদের ওপর বেশি চাপ দিচ্ছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হওয়া উচিত বিনিয়োগ বাড়ানো। বিনিয়োগ ও করের আওতা বাড়লে রাজস্ব আদায়ও বাড়বে।