প্রয়োজন কম সুদের ঋণ ও করছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

ব্যবসার সঙ্গে যুক্ত ও উদ্যোক্তা সবারই অর্থের প্রয়োজন। দেশের প্রান্তিক পর্যায়ের অনেকেই ব্যাংকের ধারেকাছে যেতে পারে না। ব্যাংক থেকে ঋণ পেতে যেসব নথিপত্র প্রয়োজন, তা-ও তাদের নেই। আবার ব্যাংকগুলোরও আগ্রহ নেই এমন উদ্যোক্তাদের ঋণ দেওয়ার বিষয়ে। কিন্তু দেশের অর্থনীতিতে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের ভূমিকাই বেশি। তারা গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করে। তাদের পণ্য পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন দেশে। তাই তাদের দিকে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন। ব্যাংকগুলো নিজে তাদের কাছে পৌঁছাতে না পারলে ক্ষুদ্র ঋণ সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) মাধ্যমে তাদের ঋণ দিতে হবে। এসএমই ফাউন্ডেশন এ নিয়ে কাজ করতে পারে।

প্রান্তিক উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক পুনঃ অর্থায়ন তহবিল গঠন করতে পারে। যার মাধ্যমে উদ্যোক্তারা ৩-৪ শতাংশ সুদে ঋণ পেতে পারে। আগামী বাজেটে এমন ঘোষণা থাকতে পারে। পাশাপাশি বাজেটে প্রান্তিক উদ্যোক্তাদের জন্য সরকার করছাড় ও আবগারি শুল্ক ছাড়ের ঘোষণা দিতে পারে। দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে সরকার এমন পদক্ষেপ নিতে পারে। এবার জিডিপির তুলনায় বাজেট ঘাটতি ৭ শতাংশ হলেও কোনো সমস্যা নেই। সরকার সঞ্চয়পত্র বিক্রি ও বিদেশ থেকে সহজ শর্তের ঋণ নিয়ে তা পূরণ করতে পারে। এমন পরিস্থিতি সব সময় থাকবে না। বর্তমান পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

করোনার কারণে যারা ব্যবসা গুটিয়ে নিয়েছে বা ছোট করে ফেলেছে, তারা ঋণ পেলেই আবার ঘুরে দাঁড়াবে। তাই যে করেই হোক তাদের মাঝে সহজ শর্তে কম সুদের ঋণ পৌঁছে দিতে হবে। ব্যাংক ও এনজিওগুলোর ছোট ঋণ মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমেও পৌঁছে দেওয়া যেতে পারে। এর মাধ্যমে সব প্রান্তে ঋণ পৌঁছে দেওয়া সম্ভব হবে। সরকার এদিকে নজর দিতে পারে। কেন্দ্রীয় ব্যাংকও বিষয়টি ভেবে দেখতে পারে।

কয়েক বছর ধরে ব্যাংক খাতের অবস্থা ভালো নয়। ব্যাংকগুলোতে যে ধরনের সুশাসনের ঘাটতি লক্ষ করা যাচ্ছে, তা খুবই হতাশাজনক। ব্যাংকের পরিচালকেরা নিয়মকানুন মানছেন না, ব্যাংকাররাও পেশাদারি আচরণ করছেন না।
আরও পড়ুন

কয়েক বছর ধরে ব্যাংক খাতের অবস্থা ভালো নয়। ব্যাংকগুলোতে যে ধরনের সুশাসনের ঘাটতি লক্ষ করা যাচ্ছে, তা খুবই হতাশাজনক। ব্যাংকের পরিচালকেরা নিয়মকানুন মানছেন না, ব্যাংকাররাও পেশাদারি আচরণ করছেন না। সব ব্যাংক খারাপ, আমি তা বলছি না। তবে একটি ব্যাংকের প্রভাব অন্য ব্যাংকে গিয়ে পড়ে। এতে পুরো খাতের পরিস্থিতি খারাপ হয়ে যায়। এ জন্য কেন্দ্রীয় ব্যাংককে শক্ত ভূমিকা নিতে হবে। দোষীদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। আর কাউকে ধরে কাউকে ছাড়—এমন প্রথা থেকে বের হয়ে আসতে হবে। তাহলে নিয়ন্ত্রক সংস্থার ওপর জনগণের বিশ্বাস জন্ম নেয়।

ব্যাংকগুলোতে সুদহার যেভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তা ঠিক হয়নি। এতে আমানতের সুদহার অনেক নিচে নেমে এসেছে। ফলে সুদের ওপর নির্ভরশীলদের জীবনযাপন কষ্টকর হয়ে গেছে। এদিকেও নজর দেওয়ার সময় এসেছে। কারণ, আমাদের দেশে বিনিয়োগের জন্য বেশি পণ্য নেই। আর ব্যাংকে যে অলস তারল্য জমা হচ্ছে, তা বিনিয়োগের উদ্যোগ নিতে হবে। বিনিয়োগ না বাড়লে, নতুন প্রকল্প না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। বাজেটে এদিকে নজর দেওয়া প্রয়োজন।