প্রয়োজন কর্মসংস্থান বাড়ায় এমন প্রবৃদ্ধি
গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ বলেছে, অর্থনীতির জন্য এখন মধ্যম মেয়াদি চ্যালেঞ্জ হচ্ছে রাজস্ব আদায়ে মন্থরগতি, একক পণ্যনির্ভর রপ্তানি আয়, ক্রমহ্রাসমান প্রবাসী-আয় প্রবাহ ও যুব বেকারত্ব।
সংস্থাটি আরও মনে করে, প্রাতিষ্ঠানিক দুর্বলতা দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে আরও প্রবল করে তুলছে। ফলে উৎপাদনমুখী খাতগুলোতে প্রয়োজনীয় সম্পদ বণ্টনে অদক্ষতা দেখা দিয়েছে, যা দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে।
চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে উন্নয়ন অন্বেষণ এসব কথা বলেছে। গবেষণা সংস্থাটি বলেছে, সামগ্রিকভাবে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হচ্ছে মোট দেশজ উৎপাদনের অনুপাতে বেসরকারি বিনিয়োগে স্থবিরতা, অর্থ পাচারের ক্রমবর্ধমান প্রবণতা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনায় অস্থিতিশীলতা ও অদূরদর্শিতা।
উন্নয়ন অন্বেষণের পর্যালোচনায় বলা হয়েছে, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে প্রয়োজন হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বাড়ায় এমন প্রবৃদ্ধির কৌশল গ্রহণ, কর ভিত্তি বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি, আর্থিক খাতে প্রাতিষ্ঠানিক সংস্কার, ব্যবসায়িক আস্থা পুনরুদ্ধারের মাধ্যমে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, সামষ্টিক অর্থনৈতিক নীতির মধ্যে সমন্বয় এবং কার্যকরী সামাজিক নিরাপত্তাব্যবস্থা সৃষ্টি।
পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, ২০০৮-০৯ থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত ব্যক্তি খাতে বিনিয়োগ গড়ে দশমিক শূন্য ৪ শতাংশ হারে হ্রাস পেয়েছে। আবার দেশ থেকে অবৈধ আর্থিক প্রবাহের ক্রমবর্ধমান প্রবণতা থেকে বলা যায়, জিডিপির অনুপাতে দেশজ সঞ্চয় ২০১২-১৩ অর্থবছর থেকে হ্রাস পেয়েছে। এতে ব্যক্তি খাতে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে। এ ছাড়া ২০১১-১২ অর্থবছর থেকে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হারে হ্রাসমান প্রবণতা রয়েছে। পর্যাপ্ত অভ্যন্তরীণ সম্পদ আহরণ করতে না পারলে উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থায়নের জোগান বাধাগ্রস্ত হবে। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ (এসডিজি) অর্জন ব্যাহত হবে।
উন্নয়ন অন্বেষণ হিসাব দিয়ে বলেছে, রাজস্ব আদায়ে দক্ষিণ এশীয় দেশগুলোর তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। যেমন গত চার অর্থবছরে জিডিপির অনুপাতে গড় রাজস্ব আদায়ের পরিমাণ বাংলাদেশে ১১ দশমিক ৫৭ শতাংশ। অথচ একই সময়ে ভারতে তা ১৯ দশমিক ৪ শতাংশ, নেপালে ১৮ দশমিক ৯ শতাংশ, পাকিস্তানে ১৩ দশমিক ৭ শতাংশ এবং শ্রীলঙ্কায় ১৩ দশমিক ৪ শতাংশ।
প্রবাসী-আয় কমে যাওয়ার প্রবণতা নিয়ে গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, গ্রামীণ অর্থনীতির পরিবারগুলোর ভোগব্যয় এবং শিক্ষা ও চিকিৎসা খরচের একটি বড় অংশের অর্থায়ন হয় পরিবারগুলোর সদস্যদের পাঠানো আয় বা রেমিট্যান্স থেকে। তাই প্রবাসী-আয় কমার প্রবণতা অব্যাহত থাকলে গ্রামীণ পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থার অবনতি হতে পারে।
শ্রমশক্তি জরিপের উপাত্ত বিশ্লেষণ করে গবেষণা প্রতিষ্ঠানটি দেখিয়েছে, ২০০০ থেকে ২০১০ সময়ে বেকার জনসংখ্যা বার্ষিক ৫ দশমিক ২৯ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। বেকার লোকসংখ্যা ২০০০ সালের ১৭ লাখ থেকে ২০১০ সালে হয়েছে ২৬ লাখ। আবার ১ কোটি ৬ লাখ লোক দিনমজুর হিসেবে কাজ করেন, যাঁদের কাজের নিশ্চয়তা নেই।
সবশেষে বলা হয়েছে, আয়-বৈষম্যের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগে বৈষম্য, বহুমাত্রিক দারিদ্র্য ও বেকারত্ব, বিশেষ করে যুব বেকারত্ব (বর্তমানে দেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের ৯ দশমিক ১ শতাংশ বেকার) দেশে অর্জিত উন্নয়নকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।