ফিচের রেটিংয়ে শক্তিশালী অবস্থানে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা ফিচ বলেছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার চুরির ফলে যে নেতৃত্ব পরিবর্তন হয়েছে, তা ব্যাংক খাতের নীতিমালাতেও প্রভাব ফেলতে পারে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশের আন্তর্জাতিক ঋণমানকে ‘বিবি মাইনাস’ হিসেবে অভিহিত করেছে। এর অর্থ হলো অর্থনৈতিক অভিমুখ দীর্ঘ মেয়াদে স্থিতিশীল আছে। রাজনৈতিক ও ব্যাংকিং খাতের ঝুঁকি মোকাবিলায়ও ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকবে বাংলাদেশ। গত মঙ্গলবার বাংলাদেশের রেটিংয়ের ওপর ফিচ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি স্থিতিশীল। পাশাপাশি প্রবাসী-আয় বা রেমিট্যান্স ও তৈরি পোশাকশিল্পের রপ্তানি থেকে বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী। তবে দুর্বল অবকাঠামোর পাশাপাশি রাজনৈতিক ও ব্যাংকিং খাতে ঝুঁকি রয়েছে।
সংস্থাটির মতে, ২০১৫ সালের রাজনৈতিক সহিংসতার পর রাজনৈতিক পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকাটা ইতিবাচক। তবে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঝুঁকি রয়েই গেছে। অব্যাহত রাজনৈতিক মেরুকরণ আবারও ব্যাপক সহিংসতা ও অবরোধের জন্ম দিতে পারে। বিশেষ করে ২০১৯ সালের জানুয়ারির নির্বাচনের আগে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সংঘাত ও সন্ত্রাসবাদ অর্থনীতির দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। কারণ, এতে বিদেশি বিনিয়োগকারীরা বাধাগ্রস্ত হতে পারেন। তৈরি পোশাক ক্রেতারাও বাংলাদেশে ব্যবসায় আগ্রহ হারাতে পারেন।
জানতে চাইলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে একই অবস্থানে পড়ে আছি। মূলত মাথাপিছু আয় কম হওয়ায় আমরা রেটিংয়ে উন্নতি করতে পারছি না। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার রেটিং একই হলেও তাদের মাথাপিছু আয় অনেক বেশি। এ ছাড়া প্রৃবদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তো শঙ্কা রয়েছেই।’
ব্যাংক নীতিমালায় পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, সময়ই বলে দেবে নতুন গভর্নর ব্যাংক খাতের উন্নয়নে কী পদক্ষেপ নেন।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ৮ দশমিক ৮ শতাংশ। আর সরকারি খাতের ব্যাংকগুলোর দেওয়া ঋণের ২১ দশমিক ৫ শতাংশই আদায় হয় না। ফিচ আরও বলেছে, চলতি অর্থবছর বাংলাদেশে ৬ দশমিক ৭ শতাংশ ও আগামী অর্থবছর ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হতে পারে। যদিও অর্থবছর দুটিতে সরকারের লক্ষ্যমাত্রা যথাক্রমে ৭ দশমিক ১ ও ৭ দশমিক ২ শতাংশ।