স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশ হতে চায় বাংলাদেশ। ২০১৮ সালের প্রাথমিক বাছাই তালিকায় থাকতে চায় বাংলাদেশ। এটা পুরোনো খবর। এই বাছাই তালিকা তৈরি করবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। গত ২১ মার্চ নিউইয়র্কে সিডিপির সদস্যদের সামনে এলডিসি থেকে উত্তরণে সর্বশেষ পরিস্থিতির ওপর একটি উপস্থাপনা দিয়েছে বাংলাদেশ।
তখন সিডিপির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশকে শুধু এলডিসির তালিকা থেকে বের হওয়ার দিকেই মনোযোগী হলে চলবে না। এলডিসি থেকে বের হওয়ার পর আবার যাতে এলডিসিতে ফেরত আসার ঝুঁকি না বাড়ে, সে জন্য বাংলাদেশের করণীয় নির্ধারণ করতে হবে। কেননা, এলডিসি থেকে বের হলে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
গত ২১ মার্চের ওই সভায় সিডিপির ২৪ জন সদস্যই উপস্থিত ছিলেন। সিডিপির চেয়ারম্যান এন্টিনিও হোসে ওকাম্পো সভায় সভাপতিত্ব করেন। ওই সভা নিয়ে তৈরি করা জাতিসংঘে নিযুক্ত স্থায়ী মিশনের এক প্রতিবেদনে সিডিপির বিভিন্ন পর্যবেক্ষণ উঠে আসে। ওই সভায় পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম উপস্থাপনাটি সিডিপির সামনে তুলে ধরেন।
এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিডিপি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক ভঙ্গুরতা ও মাথাপিছু আয় সূচকের অগ্রগতির গতি ধরে রেখে এবং টেকসইভাবে এলডিসি থেকে বের হতে হবে। যত গতি নিয়ে এসব সূচকে ভালো করব, ততই উত্তরণ মাত্রা (থ্রেস হোল্ড) থেকে দূরত্ব বাড়বে। এতে এলডিসিতে ফিরে আসার ঝুঁকি কমে আসবে।’
২১ মার্চের সভায় সিডিপির সদস্যরা বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করেন। এর পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দিয়েছেন সিডিপির বেশ কয়েকজন সদস্য। জাতিসংঘে নিযুক্ত স্থায়ী মিশনের ওই প্রতিবেদন অনুযায়ী, সিডিপির সদস্য মূল পর্যবেক্ষণ হলো এলডিসি থেকে বের হলে বাংলাদেশের জন্য ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বাংলাদেশকে এখনই প্রস্তুতি নিতে হবে। সিডিপির বেশ কয়েকজন সদস্যের মতে, এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে বেশ কিছু খাতে নীতির সমন্বয় করতে হবে। কেননা, একবার এলডিসি থেকে বের হলে ওই দেশ যাতে আবার এলডিসি হওয়ার ঝুঁকি না থাকে, সেই উদ্যোগ থাকতে হবে। যেসব বিষয়ে নীতি সমন্বয় করতে হবে, সেগুলোর মধ্যে অন্যতম হলো বাণিজ্য, ওষুধশিল্প ও উৎপাদন খাত। এলডিসি থেকে বের হলে মেধাস্বত্ব ছাড় সুবিধা উঠে গেলে (যদিও ওষুধশিল্পে ২০৩৩ সাল পর্যন্ত এই সুবিধা থাকবে) বাংলাদেশের ওষুধশিল্পে ব্যাপক প্রভাব পড়বে। এর ফলে সাধারণ জনগণের সাশ্রয়ী মূল্যে ওষুধ পাওয়া তুলনামূলক কঠিন হবে।
একইভাবে ২০১৮ সালের বাছাইয়ে থাকলেও বাংলাদেশ ২০২৭ সাল পর্যন্ত এলডিসি হিসেবে সব ধরনের বাণিজ্য সুবিধা পাবে। এরপর বাণিজ্য সুবিধাগুলো হারাবে। তাই প্রতিযোগিতা বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার পরামর্শ দিয়েছে সিডিপি।
এ বিষয়ে জানতে চাইলে জিইডির সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা সিডিপিতে জানিয়েছি এলডিসি সুবিধা উঠে গেলে অর্থনীতিতে আর্থিকভাবে কতটা ক্ষতির সম্মুখীন হবে, তা নিয়ে একটি গবেষণাপত্র তৈরি করব। এই ক্ষতি কাটিয়ে উঠতে কী কী করতে হবে, তা-ও ওই গবেষণায় উল্লেখ করা হবে।’ তিনি আরও বলেন, খুব সতর্কভাবে এগোচ্ছে বাংলাদেশ। আর এলডিসিতে ফিরে আসবে না বাংলাদেশ। কেননা ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশেও প্রবৃদ্ধি ওঠানামা করেছে। কিন্তু বাংলাদেশে গত এক দশকে প্রবৃদ্ধি শুধু বেড়েছে।
সিডিপির ওই সভায় বাংলাদেশের তথ্য-উপাত্ত সংগ্রহের পদ্ধতি নিয়ে আলোচনা হয়। একজন সিডিপি সদস্য বাংলাদেশের দেওয়া তথ্য-উপাত্তের পার্থক্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশের উচিত মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ত্রৈমাসিক হিসাব করা, যাতে আরও নিখুঁতভাবে জিডিপির চিত্র উঠে আসে। এ সময় আরেকজন সিডিপির সদস্য কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেন, উপস্থাপনায় বিভিন্ন বছরের গড় মূল্যস্ফীতির ভগ্নাংশের হিসাবও দেওয়া হয়েছে। এত নিখুঁতভাবে কীভাবে হিসাব করা হলো?
সরকারি হিসাবে, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা—এ দুটি শর্ত পূরণ করেছে বাংলাদেশ এবং জাতীয় মাথাপিছু আয় সূচকেও লক্ষ্য পূরণের পথে। ২০১৮ সালে সব শর্তই পূরণ করবে, এমন প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ।
তিন বছর পরপর সিডিপি স্বল্পোন্নত ৪৮টি দেশের পরিস্থিতি পর্যালোচনা করে বাছাই তালিকা করে। ২০১৮ সালের মূল্যায়নে যদি মনোনীত হয়, তবু ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশকে নিজস্ব অবস্থান ধরে রাখতে হবে। জাতিসংঘের সাধারণ সভায় ঘোষণার জন্য ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।