ফোরজির জন্য প্রস্তুত নয় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহদাত এল হুসাইনি
মেহদাত এল হুসাইনি

চতুর্থ প্রজন্মের ফোরজি মুঠোফোন নেটওয়ার্কের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। এ প্রযুক্তি উপযোগী মুঠোফোনের স্বল্পতা ফোরজি সম্প্রসারণে সবচেয়ে বড় বাধা বলে মনে করে দেশের শীর্ষ মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান কারিগরি কর্মকর্তা (সিটিও) মেহদাত এল হুসাইনি।
প্রথম আলোর সঙ্গে গত বৃহস্পতিবার আলাপচারিতায় নেটওয়ার্ক উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ, স্পেক্ট্রাম বা তরঙ্গের ব্যবহার, নেটওয়ার্ক সেবার মান, ইন্টারনেট ব্যবহারসহ কারিগরি অন্যান্য বিষয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির শীর্ষ কারিগরি কর্তা। গ্রামীণফোনে সম্প্রতি যোগ দেওয়া এ কর্মকর্তা এর আগে বাংলালিংকের মালিকানা প্রতিষ্ঠান ভিম্পেলকমসহ ইউরোপ, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে কাজ করেছেন।
চলতি বছরে দেশে ফোরজি বা এলটিই নেটওয়ার্ক চালু করা সম্ভব িক না, এমন প্রশ্নের জবাবে মেহদাত এল হুসাইনি বলেন, ফোরজি সেবা দিতে অবকাঠামোর প্রস্তুতি আমাদের রয়েছে। তবে এ ক্ষেত্রে বাজার কতটা প্রস্তুত, সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোরজি ব্যবহার উপযোগী মুঠোফোনের স্বল্পতা, এসব ফোনের উচ্চমূল্য, স্পেক্ট্রাম ব্যবহারে নিরপেক্ষতার বাধাসহ ফোরজি উপযোগী পরিবেশের (ইকোসিস্টেম) অভাব রয়েছে। বাজারে বর্তমানে প্রতি এক হাজার মুঠোফোনের মধ্যে দুটিরও কম যন্ত্রে এ প্রযুক্তি ব্যবহার উপযোগী। সব মিলিয়ে বলা যায়, এ বছর ফোরজি প্রযুক্তিতে যাওয়া বেশ কঠিন।
টুজি ও থ্রিজির নতুন তরঙ্গ নিলাম-প্রক্রিয়াকে বৈষম্যমূলক মনে করে গ্রামীণফোন। এ প্রসঙ্গে মেহদাত বলেন, গ্রামীণফোনের কাছে টুজি ও থ্রিজির মোট ৩২ মেগাহার্টজ তরঙ্গ আছে। হাতে থাকা বর্তমান তরঙ্গকে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে ব্যবহার করে প্রতি মেগাহার্টজে গ্রামীণফোন ১৬ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে। তাই টুজি তরঙ্গের নতুন নিলামে গ্রামীণফোনকে অংশ নিতে না দেওয়া বৈষম্যমূলক।
তরঙ্গ ব্যবহারে স্বেচ্ছাচারিতা বা মনোপলি ঠেকাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এমন পদক্ষেপ নিয়েছে—এমন মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি। বলেন, ‘সবচেয়ে বেশি গ্রাহককে আমরা সেবা দিয়ে যাচ্ছি, তাই তরঙ্গের চাহিদা আমাদেরই সবচেয়ে বেশি। এ দুটো বিষয়কেই বিবেচনায় নিতে হবে। এমন সিদ্ধান্ত গ্রাহক প্রবৃদ্ধি ব্যাহত করার পাশাপাশি নতুন বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলবে।’
উল্লেখ্য, নতুন নিলামের মাধ্যমে বাড়তি টুজি ও থ্রিজি তরঙ্গ মুঠোফোন অপারেটরদের কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ মিলে যে অপারেটরের ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে তারা প্রাথমিকভাবে ১ হাজার ৮০০ মেগাহার্টজের নিলামে অংশ নিতে পারবে না। এ ক্ষেত্রে অপারেটরদের মধ্যে শুধু গ্রামীণফোনের ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে। সে হিসেবে গ্রামীণফোন টুজির নিলামে প্রাথমিকভাবে অংশ নিতে পারবে না। তবে প্রথম দফার নিলামে তরঙ্গ অবিক্রীত থাকলে সেখানে অংশ নিতে পারবে অপারেটরটি।
গ্রামীণফোনের নেটওয়ার্কের মান বিষয়ে তিনি বলেন, ‘নেটওয়ার্ক আওতা, সেবার মান ও গ্রাহক সন্তুষ্টির দিক থেকে গ্রামীণফোন দেশের এক নম্বর নেটওয়ার্ক। আমরাই একমাত্র অপারেটর যাদের অনলাইন সার্ভিস কোয়ালিটি ম্যানেজমেন্ট সার্ভিস (এসকিউএমএস) আছে, যার মাধ্যমে নেটওয়ার্ক সমস্যা দ্রুততম সময়ে সমাধান করা যায়।’ দেশব্যাপী নয় হাজার বেস ট্রান্সমিশন স্টেশনের বা বিটিএসের মাধ্যমে এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা দিয়ে একই সময়ে টুজি, থ্রিজি ও ফোরজি সেবা দেওয়া সম্ভব বলে জানান তিনি।
গ্রাহকসেবা বাড়াতে চলতি বছরের পরিকল্পনা সম্পর্কে মেহদাত বলেন, গ্রাহককেন্দ্রিক অপারেটর হিসেবে নেটওয়ার্কের মান ঠিক রাখতে প্রতিবছরই বিনিয়োগ বাড়াচ্ছে গ্রামীণফোন। ২০১৫ সালে নেটওয়ার্ক উন্নয়নে সক্ষমতা বাড়ানো, থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ, ইন্টারনেট ব্যবহার বাড়াতে গ্রাহক চাহিদা বোঝা, গ্রাহকের মনোভাব বোঝা তাদের মূল লক্ষ্য। দেশের ৫০ শতাংশ মানুষ এখন থ্রিজি নেটওয়ার্কের আওতায় এসেছে। চলতি বছরেই দেশের অধিকাংশ মানুষকে থ্রিজি নেটওয়ার্কের সেবার আওতায় আনার আশা করছে গ্রামীণফোন।
গ্রাহকসংখ্যার পাশাপাশি মুঠোফোন ইন্টারনেট ব্যবসাতেও নেতৃত্ব দিচ্ছে গ্রামীণফোন। বর্তমানে ১ কোটি ১০ লাখ গ্রাহক গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহার করছেন এমন হিসাব দিয়ে মেহদাত বলেন, সবার জন্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা ও আরও ভালো মানের ভয়েস কল সেবা দিতে তরঙ্গ ব্যবহার স্বাধীনতায় অনুমতি বিটিআরসির দেওয়া উচিত। বিশ্বের প্রায় সব দেশে স্পেক্ট্রাম ব্যবহারে অপারেটরদের স্বাধীনতা দিয়ে আসছে।
বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে তো বটেই, বাংলাদেশের টেলিযোগাযোগ সেবার মান অনেক ক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলোর সমপর্যায়ের। সঠিক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এ সেবাকে আরও উন্নত করার সুযোগ আছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ উল্লেখ করেন মেহদাত।