ফ্ল্যাটের দাম কমানোর উপায় দুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার থেকে শুরু হওয়া রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলার একটি স্টলে ক্রেতা–বিক্রেতারা l প্রথম আলো
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার থেকে শুরু হওয়া রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলার একটি স্টলে ক্রেতা–বিক্রেতারা l প্রথম আলো

সরকার যদি রাজধানীতে সুউচ্চ ভবন নির্মাণ ও ঢাকার আশপাশের নদীগুলোর তীরে খালি জায়গায় আবাসন প্রকল্প করার সুযোগ দেয়, তাহলে ফ্ল্যাটের দাম কমবে। এ দুটি উপায়ের কথা বললেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি রবিউল হক।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল বুধবার রিহ্যাবের পাঁচ দিনব্যাপী শীতকালীন আবাসন মেলা উদ্বোধনের পর সেখানে রবিউল হক প্রথম আলোর সঙ্গে আবাসন খাতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি রিহ্যাবের মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান।
রিহ্যাব ২০০১ সাল থেকে শীতকালীন এই মেলা আয়োজন করছে বলে জানান রবিউল হক। তিনি বলেন, অধিকাংশ ক্রেতাই ৫০-৭০ লাখ টাকার মধ্যে ফ্ল্যাট কিনতে চান। রিহ্যাবের অনেক সদস্য এই টাকার মধ্যেই মেলায় ফ্ল্যাট নিয়ে এসেছেন। এ ছাড়া ৮-১০টি আর্থিক প্রতিষ্ঠানের স্টল আছে মেলায়। তাদের কয়েকটি আবার ৯ দশমিক ৯৯ শতাংশ সুদে ২০-২৫ বছরের জন্য গৃহঋণ দিচ্ছে। ফলে মেলায় যাচাই-বাছাই করে ফ্ল্যাট কেনার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

রবিউল হক
রবিউল হক

মেলায় অনেক প্রতিষ্ঠানের স্টল থাকে বিধায় ক্রেতাদের প্রতারিত হওয়ার আশঙ্কা নেই বলে মন্তব্য করেন রিহ্যাবের এই নেতা। তিনি বলেন, গত পাঁচ-সাত বছরের প্রচার-প্রচারণা ও কঠোর নজরদারির কারণে রিহ্যাবের মেলায় অননুমোদিত প্রকল্প এখন কেউ প্রদর্শন করতে পারে না। তাই ক্রেতারা যদি অন্ধ না হয়ে ফ্ল্যাট কেনেন, তাহলে সমস্যা হবে না। তা ছাড়া ক্রেতা ও বিক্রেতার মাঝে এখানে রিহ্যাব আছে। ক্রেতারা যেকোনো প্রয়োজনে রিহ্যাবের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করতে পারবেন।
রবিউল হক বলেন, ‘জমির দাম অস্বাভাবিকভাবে না বাড়লে আগামী দু-তিন বছরে ফ্ল্যাটের দাম খুব বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। আমরা যদি সুউচ্চ ভবন নির্মাণ করতে পারি, তবে ফ্ল্যাটের দাম বাড়বে না। বছরে সর্বোচ্চ ১০ শতাংশ করে বাড়তে পারে। দেশে মধ্যম আয়ের ক্রেতার সংখ্যাই বেশি। তাই তাদের নিয়েই ভাবছে আবাসন প্রতিষ্ঠানগুলো।
ফ্ল্যাটের দাম এখনো সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এই অবস্থায় দাম কমানোর উপায় কী? এমন প্রশ্নের উত্তরে রবিউল হক বলেন, ‘ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে সুউচ্চ আবাসিক ভবন নির্মাণ করতে না দেওয়াটা একধরনের বিলাসিতা। হংকং শহরের কথা বিবেচনায় নিলে ঢাকায় ৪০ তলা ভবন নির্মাণ করতে হবে। এ জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি ও দক্ষতা আমাদের আছে। সুউচ্চ ভবন করা গেলে ফ্ল্যাটের দাম কমে যাবে।’ তিনি জানান, ঢাকায় এলাকা ভেদে সর্বোচ্চ ২০ তলা ভবন নির্মাণ করা যায়। তবে গড়ে ভবনগুলোর উচ্চতা ৮-১০ তলা।
সবশেষে রিহ্যাবের এই সহসভাপতি বলেন, সবার জন্য আবাসন নিশ্চিত করতে হলে সরকারকে একটি মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন ও সে অনুযায়ী নীতিমালা করে দিতে হবে। বাকি কাজ রিহ্যাবের সদস্যরা পারবেন।