বকেয়ার ফাঁদে বিটিআরসি
বকেয়ার ফাঁদে পড়েছে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ২৭৯ কোটি ১০ লাখ টাকা।
বিটিআরসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও মোবাইল অপারেটর টেলিটকের কাছে সবচেয়ে বড় অঙ্কের পাওনা বাকি রয়েছে। এ দুটি প্রতিষ্ঠানের কাছে বিটিআরসির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৩০ কোটি ৪২ লাখ টাকা। এ ছাড়া কার্যক্রম স্থগিত থাকা ছয় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটরের কাছে বকেয়া আছে ৬৮৮ কোটি টাকা। আর বেসরকারি মোবাইল অপারেটর সিটিসেলের কাছে বকেয়া রয়েছে ২৭৪ কোটি ৬৭ লাখ টাকা।
এককভাবে বিটিসিএলের কাছে বিটিআরসির বকেয়া দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৫ কোটি ২৯ লাখ টাকা। ২০০৮ সাল থেকে লাইসেন্স ফি, রাজস্ব ভাগাভাগি, তরঙ্গের মূল্য পরিশোধ বাবদ এ বকেয়া পড়েছে।
রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের কাছে বিটিআরসির বকেয়া রয়েছে ১ হাজার ৫৮৫ কোটি ১৩ লাখ টাকা। বকেয়া টাকার পুরোটাই তৃতীয় প্রজন্মের (থ্রিজি) লাইসেন্স বাবদ।
বিটিআরসি সূত্রে জানা গেছে, বকেয়া আদায়ে সর্বশেষ কমিশন বৈঠকে বিটিসিএল ও টেলিটককে ২১ দিনের সময়সীমা বেঁধে দিয়ে চূড়ান্ত নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া পরিশোধে প্রতিষ্ঠান দুটি ব্যর্থ হলে টেলিযোগাযোগ আইন ও পাবলিক ডিমান্ড রিকভারি আইনের আওতায় মামলা করারও প্রস্তুতি নিয়ে রেখেছে বিটিআরসি।
এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘কোনো প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে তাদের বিরুদ্ধে মামলা করতে যদি আইনগত বাধা না থাকে, তাহলে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বিটিআরসি অবশ্যই তা করতে পারে।’ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই ৯০ দিনের মধ্যে বকেয়া আদায়ে উদ্যোগ নিতে বিটিআরসিসহ তাঁর মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেন তারানা হালিম।
ছয় আইজিডব্লিউ প্রতিষ্ঠান বকেয়া পরিশোধ না করায় তাদের কার্যক্রম এখন বন্ধ আছে, এর মধ্যে চারটি অপারেটরের লাইসেন্সও বাতিল করা হয়েছে। বকেয়া শোধ না করা ছয় আইজিডব্লিউ অপারেটর হলো ভিশন টেল লিমিটেড, বেস্টেক টেলিকম লিমিটেড, টেলেক্স লিমিটেড, রাতুল টেলিকম, কে কমিউনিকেশনস ও এসএম কমিউনিকেশনস। বকেয়া আদায়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪টি মামলা করেছে বিটিআরসি।
বেসরকারি মোবাইল অপারেটর সিটিসেলের কাছে বিটিআরসির বকেয়ার মধ্যে তরঙ্গ বাবদ ২৪৬ কোটি ২৭ লাখ টাকা, রাজস্ব ভাগাভাগি বাবদ ১৬ কোটি ৪৭ লাখ টাকা, সামাজিক সুরক্ষা তহবিলে ৬ কোটি ৯৩ লাখ টাকা এবং লাইসেন্স ফি বাবদ ৫ কোটি টাকা বাকি রয়েছে। এ অর্থ পরিশোধে ১৫ দিনের সময় দিয়ে চিঠি দেওয়া হয়েছে অপারেটরটিকে।
বিটিআরসি সচিব ও মুখপাত্র সরওয়ার আলম সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘বকেয়া আদায়ে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর যেসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই বকেয়া পরিশোধ করছে না, তাদের এবার চূড়ান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে।’
কার কাছে কত বকেয়া
বিটিসিএল ১৬৪৫.২৯
টেলিটক ১৫৮৫.১৩
আইজিডব্লিউ ৬৮৮.৬৩
সিটিসেল ২৭৪.৬৭
বাংলালায়ন ৪৬.৭২
পিএসটিএন ৩৮.৬৬
মোট ৪,২৭৯.১০
হিসাব কোটি টাকায় সূত্র: বিটিআরসি