বছরে ৬৮০ কোটি টাকা রাজস্ব ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক কোম্পানির ওপর করারোপের ক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ। এর কারণ বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত ১৮টি নিয়ন্ত্রণমূলক চুক্তি। এসব চুক্তির একটি ধারার কারণেই বাংলাদেশ প্রতিবছর গড়ে সাড়ে ৮ কোটি ডলারের সমপরিমাণ রাজস্ব হারাচ্ছে। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৬৮০ কোটি টাকা। সেই ধারাটির কারণে বহুজাতিক কোম্পানির বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশসহ অন্যান্য অর্থ পরিশোধের ওপর করারোপে বিধিনিষেধ রয়েছে।
বহুজাতিক প্রতিষ্ঠান অ্যাকশনএইডের প্রকাশিত ‘অপচুক্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সম্প্রতি গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
অ্যাকশনএইড এই প্রথমবার পাঁচ শর বেশি আন্তর্জাতিক চুক্তি নিয়ে গবেষণা করেছে। গবেষণায় দেখানো হয়েছে, এসব চুক্তির মাধ্যমে বহুজাতিক কোম্পানির ওপর কর আরোপের ক্ষেত্রে গরিব দেশগুলোর অধিকার হ্রাস পাচ্ছে।
অ্যাকশনএইডের গবেষণায় বলা হয়েছে, ১৮টি চুক্তির কারণে বহুজাতিক কোম্পানির ওপর কর আরোপের ক্ষমতা গরিব দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি হারিয়েছে। এসব চুক্তির কারণে যেসব বহুজাতিক কোম্পানি এ দেশে ব্যবসা পরিচালনা করছে, তাদের ওপর সরকারের কর আরোপের ক্ষমতা নাটকীয়ভাবে সীমিত হয়ে গেছে, যা অন্যায়ভাবে এ দেশের রাজস্ব আদায়ের সম্ভাবনা ও সুযোগকে হ্রাস করেছে। ৬ কোটি ৬০ লাখের বেশি মানুষ অতিদরিদ্র, যাদের প্রতিদিনের গড় আয় ১ দশমিক ৯০ ডলারের কম।
এ বিষয়ে জানতে চাইলে বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সরকারই এসব চুক্তি করেছে। কী পরিমাণ কর ছাড় দেওয়া হবে, তা চুক্তির পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতেই হয়েছে। হয়তো বাংলাদেশ সরকারের বিশ্লেষণ হতে পারে, কর ছাড় দিয়ে এ দেশে বিদেশি বিনিয়োগ আনা। যদি কখনো সরকার মনে করে, এখন রাজস্ব দরকার, তাহলে চুক্তির পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতে তা সংশোধন করা যেতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য (কর নীতি) সৈয়দ আমিনুল করিম মনে করেন, বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতেই এসব চুক্তি করা হয়েছিল। এসব চুক্তি করা না হলে বিনিয়োগে উৎসাহিত হতো না বহুজাতিক কোম্পানিগুলো। তবে প্রতিটি চুক্তিই একেকটি বাস্তবতার আলোকে করা হয়েছে।
গবেষণায় এশিয়া ও আফ্রিকার নিম্ন আয়ের ২৫টি দেশের নিয়ন্ত্রণমূলক চুক্তিগুলো বিশ্লেষণ করা হয়। সেখানে দেখা গেছে, বাংলাদেশেরই সর্বোচ্চসংখ্যক ১৮টি চুক্তি রয়েছে। এরপর মঙ্গোলিয়া ১৫টি ও পাকিস্তানের ১৪টি চুক্তি রয়েছে। এসব দেশের প্রতিটির কমপক্ষে এ ধরনের দুটি নিয়ন্ত্রণমূলক চুক্তিতে আবদ্ধ আছে। গবেষণায় বলা হয়েছে, ধনী দেশের তুলনায় গরিব দেশগুলোতে বাণিজ্যিক লেনদেনের ওপর কর আরোপ বন্ধের জন্য প্রায় প্রতিটি চুক্তিই দায়ী, যা বিশ্বব্যাপী বৈষম্য ও দারিদ্র্য আরও বাড়াচ্ছে। এর ফলে করের মাধ্যমে আদায় করা রাজস্ব দ্বারা সরকারি সেবা খাতে অর্থায়ন করার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে মূল্য দিতে হচ্ছে নারী ও শিশুদের।
গবেষণায় আরও বলা হয়েছে, গত শতাব্দীর বিশ ও ত্রিশের দশকে দ্বৈত কর প্রত্যাহারের জন্য দুই বা ততোধিক দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি করা শুরু হয়। এরপর সত্তরের দশকে আফ্রিকা ও এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাজ্য ও ইতালির ব্যাপক ভিত্তিতে নিয়ন্ত্রণমূলক কর চুক্তির সূত্রপাত হয়। সাম্প্রতিক কালে বিশ্বের কিছু অতিদরিদ্র দেশের সঙ্গে চীন, তিউনিসিয়া ও মরিশাসের এ ধরনের চুক্তি করার প্রবণতা বেড়েছে।
প্রতিবেদনটির বিষয়ে অ্যাকশনএইড ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের রাষ্ট্রীয় সেবার জন্য পর্যাপ্ত বরাদ্দ দরকার। এ জন্য বিরাজমান করব্যবস্থার সুশাসন প্রতিষ্ঠা করা দরকার। এতে বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকি প্রবণতা রোধ সম্ভব হবে। এ জন্য বিদ্যমান নিয়ন্ত্রণমূলক চুক্তিগুলো পুনর্বিবেচনা করা দরকার।