>

অর্থনীতিতে সব সুযোগ কাজে লাগানো যায়নি। তারপরও অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। অনেকটাই বদলে গেছে অর্থনীতি। সেই বদলে যাওয়া বাংলাদেশের খানিকটা চিত্র আর তরুণ প্রজন্মের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আজকের এই আয়োজন
স্বাধীনতার পর দেশের অর্থনীতির খোলনলচে পাল্টে গেছে। কৃষিনির্ভর অর্থনীতি থেকে ক্রমশ বেরিয়ে এসে শিল্প ও সেবা খাতমুখী হয়েছে অর্থনীতি। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা করেছিল বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে (জিএনপি) কৃষি খাতের অবদান ছিল ৫৯ দশমিক ৪ শতাংশ। আর শিল্প ও সেবা খাতের অবদান যথাক্রমে মাত্র ৬ দশমিক ৬ শতাংশ ও ৩৪ শতাংশ।
স্বাধীনতার পর বিগত ৪৫ বছরে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশের অর্থনীতির চালিকাশক্তিগুলো পাল্টেছে। ক্রমশ শিল্প ও সেবার খাতের বিকাশ হয়েছে, যা অর্থনীতির মৌলিক কাঠামো বদলে দিয়েছে। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরের হিসাবে, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিনটি খাতের মধ্যে কৃষি খাতের অবদান তৃতীয় স্থানে। সেবা খাতের অবদান শীর্ষে। গত অর্থবছরে জিডিপিতে সেবা খাতে অবদান ছিল ৫৩ দশমিক ১২ শতাংশ। আর কৃষি খাতের অবদান কমতে কমতে ১৫ দশমিক ৩৫ শতাংশে নেমে এসেছে। শিল্প খাত জোগান দিয়েছে ৩১ দশমিক ৫৪ শতাংশ।
এবার আসা যাক অর্থনীতির আকারে। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ সালে অর্থনীতি বা জিএনপির আকার ছিল মাত্র ৪৫০ কোটি মার্কিন ডলার। তৎকালীন সময়ে মুদ্রা বিনিময় হার ছিল প্রতি ডলারে ৭ টাকা ২৮ পয়সা। সেই হিসাবে, অর্থনীতির আকার দাঁড়ায় ৩ হাজার ২৭৬ কোটি টাকা। আর গত অর্থবছরে স্থিরমূল্যে দেশের অর্থনীতি বা জিডিপির আকার দাঁড়িয়েছে ৮ লাখ ৮৩ হাজার ৫৩৮ কোটি টাকা।
১৯৭২ সালে প্রথমার্ধে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। ওই বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ‘বাংলাদেশের অর্থনীতি পুনর্নির্মাণ’ শীর্ষক দুটি প্রতিবেদন তৈরি করে বিশ্বব্যাংক। প্রথম খণ্ডে ছিল সামষ্টিক অর্থনীতির পর্যালোচনা এবং দ্বিতীয় খণ্ডটি যুদ্ধের ক্ষয়ক্ষতি ও চ্যালেঞ্জ নিয়ে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, অর্থনীতির কাঠামোগত পরিবর্তন হয়েছে। শিল্প খাতের অবদান কয়েক গুণ বেড়েছে। শিল্পবিপ্লবের ৮০ বছরে ইংল্যান্ড জিডিপিতে শিল্প খাতের অবদান ২০ শতাংশ থেকে ৩৩ শতাংশে উন্নীত করেছিল। সেই হিসাবে বলা যায়, বাংলাদেশেও একটি ছোটখাটো শিল্পবিপ্লব হয়েছে। তাঁর মতে, কৃষি খাতের অবদান কমলেও উৎপাদন বেড়েছে কয়েক গুণ। জনসংখ্যা বাড়লেও খাদ্যঘাটতি হয়নি। এটিও বড় সাফল্য।