সাভার চামড়াশিল্প নগর সাময়িক সময়ের জন্য বন্ধ করতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করেছে। বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু চামড়াশিল্প নগর বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। মাথাব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। চামড়াশিল্প নগর বন্ধ করে দিলে পুরো বাংলাদেশেই পরিবেশদূষণ হবে। বিশ্ববাজারে আমাদের চামড়াশিল্পের অবস্থা এমনিতেই ভালো নয়। তার ওপর সরকারের এসব সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে চামড়াশিল্পের ভাবমূর্তি নষ্ট করে।
সংসদীয় কমিটি বলেছে, চামড়াশিল্প নগরে দৈনিক বর্জ্য উৎপাদিত হয় ৪০ হাজার কিউবিক মিটার। এর বিপরীতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) পরিশোধনক্ষমতা ২৫ হাজার কিউবিক মিটার। এ তথ্য কীভাবে দেওয়া হচ্ছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মূল্যায়ন হয়নি। সবাই বর্জ্য উৎপাদন ও সক্ষমতার মধ্যে ১৫ হাজার টন ঘাটতির কথা বলে। এটা ধারণা থেকে বলছে সবাই। আমার মতে, সিইটিপির আধুনিকায়ন দরকার। বৃষ্টি ও কোরবানির ঈদের সময় সিইটিপির ওপর চাপ পড়ে বেশি। বছরের বাকি সময়ে সবকিছু স্বাভাবিক থাকে। কিন্তু চামড়াশিল্প নগর বন্ধ করে দিলে পুরো বাংলাদেশে পরিবেশদূষণ হবে।
২০১৭ সালে হাজারীবাগ থেকে চামড়াশিল্প যখন সাভারে স্থানান্তর করা হয়, তখন আমাদের অনেক আশা-ভরসা ছিল। আশা করেছিলাম সাভারের চামড়াশিল্প নগর পরিবেশবান্ধব হবে। আমাদের নতুন বাজার তৈরি হবে। চামড়া রপ্তানি বাড়বে। কিন্তু সিইটিপির কাজ অসম্পূর্ণ রেখে কারখানা সেখানে নিয়ে যাওয়া হলো। ফলে চামড়াপণ্য রপ্তানিতে বড় ধরনের ধস নামে।
সংসদীয় কমিটি সমস্যার মূলে না গিয়ে চামড়াশিল্প নগর বন্ধের সুপারিশ করেছে। অথচ সেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। যদি বন্ধই করা হবে, তাহলে সাভারে কারখানা স্থানান্তরের দরকার কী ছিল?
সিইটিপির সমস্যা সমাধানে সরকারের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা চলছে। আমরা সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে সিইটিপির পরিশোধন সক্ষমতা ৪০ হাজার কিউবিকে নেওয়া সম্ভব। পরিবেশের ছাড়পত্র নবায়ন করতে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে। ছাড়পত্র নবায়ন করতে না পেরে অনেক ট্যানারি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চট্টগ্রাম বন্দরে অনেকের রাসায়নিক আটকা পড়েছে।
যেসব ট্যানারি পরিবেশ দূষণ করছে না, তাদের ছাড়পত্র নবায়ন করা হচ্ছে। যাদের ট্যানারি পরিবেশ দূষণ করছে, তাদের ছাড়পত্র নবায়ন করছে না পরিবেশ অধিদপ্তর। এ কারণে আমদানি-রপ্তানির লাইসেন্সও অনেকে নবায়ন করতে পারছে না।
সাখাওয়াত উল্লাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন