বাংলাদেশ থেকে প্রতিবছরই অর্থ পাচারের পরিমাণ বাড়ছে। বড় অঙ্কের অর্থ দেশের বাইরে চলে যাওয়ার পাশাপাশি আরেকটি দুঃসংবাদ হচ্ছে, এশিয়ার বিভিন্ন প্রতিবেশী দেশের মধ্যে তুলনামূলক বেশি অর্থ পাচার বাংলাদেশ থেকেই হয়। উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচার নিয়ে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) সর্বশেষ প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
প্রতিষ্ঠানটি আট বছর ধরে উন্নয়নশীল দেশ থেকে অর্থ পাচারের তথ্য প্রকাশ করে আসছে। এবারের প্রতিবেদনে রয়েছে ২০০৫ থেকে ২০১৪ সাল সময় পর্যন্ত তথ্য। গত মঙ্গলবার প্রতিবেদনটির সর্বশেষ সংস্করণ প্রকাশ করা হয়। জিএফআইয়ের তথ্য বলছে, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ৯১১ কোটি ডলার বা প্রায় ৭৩ হাজার কোটি টাকার বেশি পাচার হয়েছে। পাচার হওয়া এ অর্থ দিয়ে বাংলাদেশে দুটি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। একই সময়ে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৭ হাজার কোটি ডলারের বেশি। অর্থাৎ বাংলাদেশের মোট বাণিজ্যিক লেনদেনের গড়ে ১০ শতাংশের বেশি অর্থ পাচার হয়।
জিএফআইয়ের গবেষণায় বলা হয়েছে, মোটা দাগে তিনভাবে একটি দেশ থেকে অর্থ পাচার হয়। এগুলো হলো সরাসরি পাচার, বাণিজ্যিক লেনদেনে মিথ্যা ঘোষণা বা ভুয়া তথ্য দেওয়া এবং লেনদেন ভারসাম্যের ত্রুটি কাজে লাগিয়ে অর্থ পাচার।
২০১৪ সালে বাংলাদেশের মোট বাণিজ্যিক লেনদেনের ৯ থেকে ১৩ শতাংশ অর্থ পাচার হয়েছে সরাসরি পদ্ধতিতে। আবার মিথ্যা ঘোষণার মাধ্যমে পাচার হয়েছে ৭ থেকে ১১ শতাংশ অর্থ। আর লেনদেন ভারসাম্যের ত্রুটির কারণে মোট লেনদেনের ২ শতাংশ পাচার হয়েছে বলে জিএফআইয়ের গবেষণায় দেখানো হয়েছে।
জিএফআইয়ের পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১৪ সালে ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো দেশের মোট বাণিজ্যিক লেনদেনের ১ থেকে ৪ শতাংশ অর্থ পাচার হয়েছে। অর্থাৎ এসব দেশ থেকে অর্থ পাচারের শতকরা হার বাংলাদেশের তুলনায় অনেক কম। আবার আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপের মতো দেশে অর্থ পাচারের শতকরা হার বাংলাদেশের তুলনায় বেশি। তবে এসব দেশের বাণিজ্যিক লেনদেনের পরিমাণ বাংলাদেশের চেয়ে অনেক কম। এসব দেশ থেকে পাচার হওয়া অর্থও তাই বাংলাদেশের চেয়ে অনেক কম।
২০১৪ সালে মিয়ানমারের মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৭৫২ কোটি ডলার। এই লেনদেনের সর্বনিম্ন ৪ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৯ শতাংশ অর্থ দেশটি থেকে পাচার হয়েছে। মিয়ানমারের চেয়ে বাংলাদেশের মোট লেনদেনের পরিমাণ আড়াই গুণের বেশি। মিয়ানমার থেকে সর্বোচ্চ পরিমাণ অর্থ পাচার হলেও তা বাংলাদেশের ধারে–কাছে নেই। আর অর্থনীতির বিশালত্ব বিবেচনায় ভারত থেকে অর্থ পাচারের পরিমাণও বাংলাদেশের তুলনায় অনেক কম।
গবেষণার তথ্য অনুসারে, ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশের মোট বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ছিল ৪৪ হাজার ৬১৪ কোটি ডলার। এই এক দশকে বাংলাদেশ থেকে ১২ থেকে ১৭ শতাংশ অর্থ সরাসরি পাচার হয়েছে। মিথ্যা ঘোষণার মাধ্যমে এ সময়ে পাচার হয়েছে ৭ থেকে ১২ শতাংশ। আর লেনদেন ভারসাম্যের ত্রুটির কারণে পাচার হয়েছে মোট লেনদেনের সর্বোচ্চ ৫ শতাংশ অর্থ।
জিএফআইয়ের প্রতিবেদনে ১৪৯টি দেশের অবৈধ অর্থ প্রবাহের তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী এসব দেশ থেকে প্রায় ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার পাচার হয়েছে। মূলত আর্থিক খাতে স্বচ্ছতার অভাবেই উন্নয়নশীল দেশগুলোর অর্থ পাচার বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৪ সালে এশিয়ার বিভিন্ন দেশে মোট বাণিজ্যিক লেনদেনের বিপরীতে অর্থ পাচারের পরিমাণ
দেশ অর্থ পাচারের পরিমাণ শতকরা হার
(হিসাব কোটি ডলারে) (মোট লেনদেনের িবপরীতে)
বাংলাদেশ ৯১১ ১৩%
আফগানিস্তান ১৯০ ২৪%
মালদ্বীপ ৪৯ ২৩%
মালয়েশিয়া ৪৪৩২ ১০%
থাইল্যান্ড ১৮১২ ৪%
ভারত ২৩৩৪ ৩%
শ্রীলঙ্কা ৯০ ৩%
সূত্র: জিএফআই