বাংলাদেশ ব্যাংকের মুনাফা কমেছে ৯৯৯ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফা আগের বছরের চেয়ে কমে গেছে। ২০১৪-১৫ অর্থবছর শেষে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮ কোটি টাকা। আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ২ হাজার ৩৭ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে বাংলাদেশ ব্যাংকের মুনাফা প্রায় ৯৯৯ কোটি টাকা বা প্রায় অর্ধেক কমে গেছে।
গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় মুনাফাসহ বছর শেষের আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সেখান থেকেই মুনাফার এ হিসাব পাওয়া গেছে। যদিও বাংলাদেশ ব্যাংক মুনাফাকেন্দ্রিক কোনো সংস্থা নয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ কমে যাওয়ায় মূলত মুনাফা কমেছে। যেহেতু বাংলাদেশ ব্যাংক মুনাফাকেন্দ্রিক কোনো সংস্থা নয়, তাই মুনাফা কমে যাওয়ার বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বছর শেষে যে মুনাফা হয়েছে তার মধ্য থেকে প্রায় ৯৫৭ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। গত অর্থবছর মুনাফা থেকে ১ হাজার ৫৬২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছিল।
আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রক হিসেবে বাংলাদেশ ব্যাংক সুষ্ঠু অর্থ ব্যবস্থাপনার জন্য বৈদেশিক মুদ্রার মজুত সংরক্ষণ, প্রয়োজনের আলোকে ডলার ক্রয়-বিক্রয়, রেপোর মাধ্যমে ব্যাংকগুলোকে টাকা ধার দেওয়া, রিভার্স রেপোর মাধ্যমে ব্যাংক ব্যবস্থা তথা বাজার থেকে টাকা তুলে নেওয়াসহ নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে। এ ছাড়া চাহিদার ভিত্তিতে সরকারকে ঋণ জোগান দেয় কেন্দ্রীয় ব্যাংক। সরকারকে দেওয়া ওই ঋণের বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের সুদ আয় হয়। এসব কর্মকাণ্ডের ফলে কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বাড়ে বা কমে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন গভর্নর আতিউর রহমান। এতে পর্ষদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। গভর্নর ছাড়াও ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য রয়েছেন সাতজন।