বিনিয়োগ পরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন
বাংলাদেশে বিনিয়োগের বড় প্রতিবন্ধকতা দুর্নীতি
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে দুর্নীতিকে মারাত্মক প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, বাংলাদেশে বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বাজার ও সম্ভাবনার জন্য যে বৃহত্তর ব্যবসায়িক পরিবেশ চায়, দুর্নীতি তাতে ক্ষতিকর প্রভাব ফেলে।
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পরিবেশসংক্রান্ত বিবৃতি-২০১৫ তে বাংলাদেশ সম্পর্কে এমন মন্তব্যই করা হয়েছে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে আলাদা করে ২৭ পৃষ্ঠার একটি বিবৃতি দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে রয়েছে।
বিনিয়োগ পরিবেশসংক্রান্ত বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, ঘুষ, অর্থ আত্মসাৎ ও অন্যান্য ধরনের দুর্নীতি মোকাবিলায় সরকারের আইন থাকলেও এ বিষয়ে পদক্ষেপগুলো ধারাবাহিক নয়। বাংলাদেশ দুর্নীতিবিরোধী কনভেনশনে সই করলেও এখন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রতিরোধসংক্রান্ত ওইসিডির (অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের) কনভেনশনে যোগ দেয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে সরকারি কেনাকাটা, কর ও শুল্ক আদায়সহ বেশ কয়েকটি ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকে। একাধিক হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক ও সেবাদাতা প্রতিষ্ঠান প্রতিবছর অনানুষ্ঠানিক আর্থিক লেনদেনের মাধ্যমে যে পরিমাণ অর্থ দেয়, তা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২-৩ শতাংশের সমান। দুর্নীতি বিনিয়োগের গতি কমিয়ে দেয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নকে স্তিমিত করে দেয়, পণ্যমূল্যকে প্রভাবিত করে এবং সর্বোপরি আইনের শাসনকে বাধাগ্রস্ত করে।
সময়ের প্রেক্ষাপটে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অনেক সমস্যার সমাধান করতে বাংলাদেশ সক্ষম হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে এ-ও বলেছে, অপর্যাপ্ত অবকাঠামো, আর্থিক সীমাবদ্ধতা, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা যথেষ্ট কার্যকর না থাকায় এবং ধীর বিচার প্রক্রিয়ার কারণে ব্যবসায়িক চুক্তির বাস্তবায়ন ও বিরোধ নিষ্পত্তিতে প্রতিবন্ধকতা থাকছেই। শুধু তাই নয়, রাজনৈতিক অস্থিরতাও এ দেশে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ২০১৪ অর্থবছরে বাংলাদেশে ১৫০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। এর আগের বছর বিনিয়োগ আসে ৯৯ কোটি ডলার।
বিবৃতি বলছে, বাংলাদেশ সরকার জ্বালানি, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বেশি বিদেশি বিনিয়োগ চায়। সে কারণে এ খাতগুলোতে দেশীয় বিনিয়োগকারীদের চেয়ে বেশি সুবিধাও দিচ্ছে দেশটি। তবে যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশে বিনিয়োগের অন্যতম প্রধান বাধা হলো জমির স্বল্পতা। আর জমির নিবন্ধন করা তো জটিল প্রক্রিয়াই।