বাংলাদেশে মুনাফা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৭% জাপানি কোম্পানি বলছে ২০১৭ সালে বাংলাদেশে মুনাফা পরিস্থিতির উন্নতি হবে, জনবল বাড়াবে ২৫%

বাংলাদেশে চলতি বছর ভালো ব্যবসার ক্ষেত্রে উন্নতির আশা দেখছে জাপানি কোম্পানিগুলো। জাপানি সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) এক জরিপে বাংলাদেশে কর্মরত ৬৭ শতাংশ জাপানি কোম্পানি বলেছে, এ বছর মুনাফা পরিস্থিতির উন্নতি হবে। এ তালিকায় এশিয়া ও প্রশান্ত মহাগরীয় ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে আছে।

এ জরিপের ফল ৪ আগস্ট সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-জাপান বিজনেস কনফারেন্স’ শীর্ষক এ সম্মেলনে উপস্থাপন করে জেট্রো। এ সম্মেলনে সিঙ্গাপুরকেন্দ্রিক ৩৬টি জাপানি কোম্পানি অংশ নেয়। অন্যদিকে বাংলাদেশ থেকে সরকারি সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেট্রোর উপস্থাপনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও ব্যবসা নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। এর মধ্যে একটি ছিল ২০১৭ সালে কত শতাংশ কোম্পানি এ দেশে মুনাফা পরিস্থিতির উন্নতি দেখছে। এ সূচকটিকে বলা হয়েছে, অপারেটিং প্রফিট ফোরকাস্ট বা পরিচালন মুনাফার পূর্বাভাস। এতে ৬৭ শতাংশ জাপানি কোম্পানি বলেছে, এ দেশে পরিস্থিতির উন্নতি হবে। ২২ শতাংশ কোম্পানি বলেছে, পরিস্থিতি একই থাকবে। এ ছাড়া ১১ শতাংশ বলেছে, তাদের মুনাফা পরিস্থিতির অবনতি হবে।

জেট্রোর জরিপে বলা হয়েছে, ২০১৬ সালে বাংলাদেশে ৩৫ শতাংশ জাপানি কোম্পানি মুনাফা করেছে, যাকে বলা হয়েছে সারপ্লাস। ৩৩ শতাংশ কোম্পানি বলেছে, তাদের লাভ হবে না, আবার লোকসানও হবে না। ৩২ শতাংশ কোম্পানি বলেছে, তাদের লোকসান হয়েছে।

বাংলাদেশে বিদেশি কোম্পানিগুলো এখন কেমন ব্যবসা করছে, তা জানতে চাইলে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সভাপতি রূপালী চৌধুরী প্রথম আলোকে বলেন, ওষুধ ও চামড়া খাতে ব্যবসা ভালোই হচ্ছে। কিন্তু সিমেন্টে বহুজাতিক কোম্পানির ব্যবসা ভালো যাচ্ছে না। রঙের বাজারও গত বছরের মতো ভালো নয়। তিনি বলেন, সার্বিকভাবে কিছু খাত ভালো যাচ্ছে, কিছু খাত আবার খারাপ সময়ের দিক দিয়ে যাচ্ছে। জাপানের বড় বিনিয়োগ আছে সারে। সেখানে ভালো ব্যবসা হচ্ছে।

বাংলাদেশে এখন ২৪৫টি জাপানি কোম্পানি কাজ করছে। ১৭ শতাংশ টেলিযোগাযোগ, ১৪ শতাংশ সার, ১২ শতাংশ তৈরি পোশাক, ৫ শতাংশ বিদ্যুৎ, ৪ শতাংশ রাসায়নিক, ৩ শতাংশ চামড়া খাত এবং বাকিরা অন্যান্য খাতে বিনিয়োগ করেছে।

এ জরিপে কর্মী নিয়োগে বাংলাদেশ শীর্ষ স্থান পেয়েছে। ২৫ শতাংশ জাপানি কোম্পানি বলেছে, আগামী বছর তারা কর্মী নিয়োগ বাড়াবে। ৬ শতাংশ বলেছে, তারা ছাঁটাই করবে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া আর কোনো দেশে এত বেশি হারে জাপানি কোম্পানি কর্মী নিয়োগের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখায়নি।

সিঙ্গাপুরে জাপানি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান বলেন, বাংলাদেশে লাভজনক। জাপানিরা এ দেশে মুনাফা পরিস্থিতির উন্নতি দেখছে, এটা ভালো লক্ষণ।’