বাংলাদেশের করব্যবস্থা এসএমইবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অতিথিরা
ঢাকার মহাখালীতে ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অতিথিরা

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপিতে) আয়করের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএমই) একটি বড় অংশ করজালের আওতার বাইরে থাকায় জিডিপিতে আয়করের অবদান বাড়ছে না। এসএমই খাতের উদ্যোক্তারা ব্যবসাবান্ধব করনীতি না থাকাকে তাঁদের কর প্রদানের অন্যতম বড় বাধা হিসেবে উল্লেখ করছেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ‘দক্ষিণ এশিয়ায় করনীতি ও উদ্যোক্তা উন্নয়ন’ গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এর ফলাফল অনুযায়ী, বাংলাদেশের ৮০ শতাংশ এসএমই উদ্যোক্তা মনে করেন, দেশের করব্যবস্থা ব্যবসাবান্ধব নয়।
করনীতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএমই) ব্যবসায়িক কর্মকাণ্ডে কেমন প্রভাব ফেলে তা নিয়ে এ গবেষণা করা হয়। বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালসহ দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের দুই হাজার এসএমই উদ্যোক্তার কাছ থেকে গবেষণার জন্য তথ্য নেওয়া হয়েছে।
ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ইনে গতকাল বৃহস্পতিবার সকালে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। সিপিডি বলছে, দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশে প্রায় একই সময়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গবেষণায় উঠে আসা বিভিন্ন দিক তুলে ধরে এসএমই খাতের কর ব্যবস্থাপনা নিয়ে এ পাঁচ দেশের তুলনামূলক একটি উপস্থাপনা দেন পাকিস্তানের গভর্নেন্স ইনস্টিটিউটস নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের (জিআইএনআই) গবেষক সাবিহ হায়দার।
গবেষণায় বাংলাদেশের অংশে বলা হয়েছে, এসএমই খাতের ৮০ শতাংশ উদ্যোক্তা এ দেশের করব্যবস্থা ব্যবসাবান্ধব মনে করেন না। পাশাপাশি কর দিতে গিয়ে হয়রানি, বাড়তি ব্যয় বা ঘুষ, সময়ের অপচয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদ্ধতিগত ত্রুটি ও সক্ষমতার ঘাটতি এসব সমস্যার কথা বলেছেন উদ্যোক্তারা।
জরিপে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও নরসিংদী এই চার জেলার ২৬৩ জন উদ্যোক্তা অংশ নেন। জরিপে অংশ নেওয়া ২২৩ জনই ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তা আর ৩৯ জন বড় আকারের উদ্যোক্তা (এলএসই)।
জরিপে অংশ নেওয়া ২৬২ উদ্যোক্তা প্রতিষ্ঠানের মধ্যে ২৫৮টি প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন আছে। এর মধ্যে ২০০-এর বেশি প্রতিষ্ঠান একক মালিকানা পরিচালিত। উদ্যোক্তা হিসেবে এসব প্রতিষ্ঠানের গড় অভিজ্ঞতা ১৩ দশমিক ৬ বছর। জরিপে অংশ নেওয়া ২২২টি এসএমই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের গড় সংখ্যা ২২।
জরিপে অংশ নেওয়া ১১৯ এসএমই প্রতিষ্ঠানের ব্যবসায় বিনিয়োগের পরিমাণ পাঁচ লাখ টাকার কম। এসএমই প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয়ের পরিমাণ ৪৫ লাখ টাকা, এলইসি প্রতিষ্ঠানগুলোর বার্ষিক আয় ২ কোটি ৮৮ লাখ টাকা।
জরিপের অংশ নেওয়া ৯৬ শতাংশ উদ্যোক্তা প্রতিষ্ঠানই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কর দেয়।
জরিপ বলছে, মূল্য সংযোজন কর (মূসক) আদায়ব্যবস্থায় এসএমই খাতের সম্পৃক্ত বিষয়গুলো সঠিকভাবে চিহ্নিত হয়নি। ৫৪ শতাংশ এসএমই উদ্যোক্তার মূসক নিবন্ধন নেই। আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণার অভাবও মূসক না দেওয়ার একটি বড় কারণ।
গবেষণা গুচ্ছ ভ্যাটব্যবস্থা বাতিল করে স্বয়ংক্রিয় ভ্যাট চালান যত দ্রুত সম্ভব চালু করার সুপারিশ করা হয়েছে।
সিপিডির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ।
সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, নতুন করদাতাদের করের আওতায় আনতে হবে। কর ও ভ্যাট প্রদানব্যবস্থাকে আরও ব্যবসাবান্ধব করতে হবে।
এনবিআরের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, বাংলাদেশে কর আদায়ে যেসব আইন করা হয় তা বড় করদাতাদের কথা ভেবে তৈরি করা হয়। এসএমই খাতের মতো ছোট করদাতাদের জন্য তাই পৃথক আইন করা উচিত।
আহসান এইচ মনসুর বলেন, করব্যবস্থার আইন পরিবর্তন করা সহজ কিন্তু কর দেওয়ার সংস্কৃতি গড়ে তোলা কঠিন।
অনুষ্ঠানে সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান স্বাগত বক্তব্য দেন।