বাজারে মধ্যবিত্তের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর মূল্যস্ফীতি উসকে দেওয়ার যথেষ্ট উপলক্ষ তৈরিই ছিল। লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন বাড়ল। দেশের বিশাল অংশজুড়ে বন্যা হলো। এ দুটি বড় কারণই মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারত। কিন্তু কাগজে-কলমে এ দুটির কোনোটিই আঘাত করতে পারেনি। মধ্যবিত্তের বড় স্বস্তির জায়গা এখন মূল্যস্ফীতি পরিস্থিতি। ছয় মাস ধরে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমেছে। মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা গেছে। বাজারের থলে হাতে মধ্যবিত্তের দুশ্চিন্তা তুলনামূলক কমেছে।
এবার একটু উদাহরণ দেওয়া যেতে পারে, ২০১৫ সালের আগস্ট মাসে যে পণ্য একজন ক্রেতা ১০০ টাকা দিয়ে কিনেছেন; গত আগস্ট মাসে ওই পণ্যটি কিনতে খরচ করেছেন ১০৫ টাকা ৩৭ পয়সা। গত মাসে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ। ঠিক ছয় মাস আগে, অর্থাৎ গত মার্চ মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ। এর মানে, এক বছর আগের চেয়ে পণ্য কিনতে তখন শতকরা ৫ টাকা ৬৫ পয়সা বেশি দিতে হয়েছিল।
গত মার্চ মাসের পর থেকে মূল্যস্ফীতির তীব্রতা বা চাপ কম অনুভব করছে সীমিত আয়ের মানুষ। সুখবর হলো, এ চাপ ক্রমাগত কমেছে। ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, জানুয়ারি মাসের পর তো মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচেই আছে। আর খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ৪-এর অঙ্কের ঘরে রয়েছে। সর্বশেষ আগস্ট মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে তা ৭ শতাংশ।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে থাকা মধ্যবিত্তের জন্য বিরাট স্বস্তি। এটা হয়েছে মূলত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পণ্য সরবরাহ পরিস্থিতি ভালো হওয়ার কারণে। তাঁর মতে, অনেকেই মূল্যস্ফীতি ৭-৮ শতাংশে রাখতে চান। এটা যথাযথ হবে না, সরকারের উচিত মূল্যস্ফীতি ৬-এর নিচের রাখতে নীতি ঠিক করা। এতে একদিকে মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকবে; আবার সুদের হারও কমবে।
মূল্যস্ফীতির তীব্রতা কতটা, তা নির্ভর করে মানুষের ক্রয়ক্ষমতার ওপর। ক্রয়ক্ষমতা যদি বেড়ে যায়, তবে মূল্যস্ফীতির প্রভাব কম পড়ে। বিবিএস প্রতিমাসেই জাতীয় মজুরি বৃদ্ধির হার প্রকাশ করে থাকে। বিবিএসের হিসাব অনুযায়ী, ২০১৫ সালের আগস্ট মাসের চেয়ে গত আগস্ট মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার ৬ দশমিক ০৬ শতাংশ। আগস্ট মাসে মূল্যস্ফীতি এর চেয়ে কম। এর মানে হলো, মজুরি যে হারে বেড়েছে, মূল্যস্ফীতি সে হারে বাড়েনি। পণ্যের দাম যে হারে বেড়েছে, এর চেয়ে বেশি হারে মজুরি বেড়েছে। তাই সাধারণ মানুষের বাড়তি দামেও বাজার থেকে ভোগ্যপণ্যসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্য কিনতে অসুবিধা হচ্ছে না।
গতকাল মঙ্গলবার আগস্ট মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বিবিএস। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে সাংবাদিকদের তথ্য দেন।
বিবিএস বলছে, গত জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে চাল, মাছ, মাংস, শাকসবজি, ডিম, মসলা, তেল ও ফল জাতীয় পণ্যের দাম ১ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। অন্যদিকে একইভাবে পরিধেয় বস্ত্র, জ্বালানি, বাড়িভাড়া, আসবাব, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণ ব্যয় বেড়েছে দশমিক ৭৬ শতাংশ।
এদিকে গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির চাপ অনেক বেশি। আগস্ট মাসে গ্রামে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৪১ শতাংশ আর শহরে ছিল ৭ দশমিক ১৪ শতাংশ। তবে শহর ও গ্রাম সবখানেই আগের মাসের চেয়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে।