
আন্তর্জাতিক বাজারে পণ্যের পড়তি দর আর দেশে ভালো উৎপাদনের কারণে গত তিন বছর সুখেই কেটেছে সরকারের। মোটাদাগে এ সময় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালেই ছিল। বিশেষ করে মোটা চাল, ভোজ্যতেল, আটা, ডিম, ব্রয়লার মুরগি, চাষ করা বিভিন্ন মাছ কিনতে মানুষকে চড়া দাম দিতে হয়নি। বরং আগের বছরগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যাবে, এসব পণ্য কিনে ক্রেতারা কিছু টাকা বাঁচাতে পেরেছেন।
বাজারের এই স্বস্তি মিলিয়ে গেছে বাসায় ফিরে। বাজারে যে অর্থটুকু বাঁচানো গেছে, সেটার সঙ্গে আরও বেশ কিছু টাকা যোগ করে তুলে দিতে হয়েছে বাড়িওয়ালার হাতে। তিন বছরে বাড়তি ব্যয় যোগ হয়েছে গ্যাসের বিল ও পানির দামে। বিদ্যুতের বিল আগের চেয়ে অনেক বেশি আসছে।
রাজধানীর পশ্চিম কাজীপাড়ার বাসিন্দা শামসুর রহমানের বাসায় স্থায়ী খরচ বাসাভাড়া; গ্যাস, বিদ্যুৎ, পানি, ক্যাবল টিভির সংযোগ ও খণ্ডকালীন গৃহকর্মীর বেতন। গত তিন বছরে তাঁর বাসাভাড়া ২ হাজার টাকা, গ্যাস বিল ২০০ টাকা, পানির বিল ১০০ টাকা, ক্যাবল টিভি ১০০ টাকা বেড়েছে এবং গৃহকর্মীর বেতন ১ হাজার টাকা বাড়াতে হয়েছে। সন্তানদের চাপে নতুন করে একটি ওয়াই-ফাই সংযোগ নিতে হয়েছে, যার বিল ৫০০ টাকা। তিনি বলেন, আগে গরমেও ৮০০ টাকার বেশি বিদ্যুৎ বিল আসত না, এখন গরমে দেড় হাজার টাকা বিল আসে।
সরকারের এ মেয়াদের প্রথম তিন বছরে প্রধান খাদ্যশস্য চাল ও গমের দামে স্বস্তি ছিল। চাল উৎপাদন বেশি হওয়ায় তিন বছরই প্রতি কেজি ৩০ টাকার কাছাকাছি দরে মোটা চাল কিনতে পেরেছেন। অবশ্য সরকার দায়িত্ব নেওয়ার সময় তা প্রতি কেজি ৩৫ টাকার কাছাকাছি ছিল। গত নভেম্বরে তা আবার বেড়ে ৩৮-৪০ টাকা হয়। বিশ্ববাজারে দর কমে যাওয়ায় ভোজ্যতেল, আটা, গুঁড়া দুধ, মসলার দাম কমেছে। সবজির দামে মৌসুমি ওঠানামা থাকলেও মানুষের কাছে বিকল্প ছিল। প্রধান সবজি আলু ২০ থেকে ৩০ টাকা কেজির মধ্যে কিনতে পেরেছেন ক্রেতারা। ডিম ও ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিক হয়নি। তেলাপিয়া, পাঙাশ, চাষের কই—এ তিন মাছের গড় দাম বলতে গেলে আগের মতোই আছে।
তিন বছরে চিনির দামে বড় ওঠানামা হয়েছে। ২০১৫ সালে চিনি প্রতি কেজি ৪০ টাকার নিচে নেমেছিল, ২০১৬ সালে তা ৭৫ টাকায় উঠেছিল। আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম যেমন বেড়েছে, তেমনি সরকারের বাড়তি করও দেশে দাম বাড়াতে ভূমিকা রেখেছে। ২০১৬ সালে লবণের দামে রেকর্ড হয়েছে। মসুর ডাল, অ্যাংকর ডাল, রসুনসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া ছিল গত দুই বছর। গরুর মাংসের দাম এখন নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে।
জানতে চাইলে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, গত তিন বছরে দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল। এ সময়ে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য কম ছিল। এর সুফল ভোক্তারা কিছুটা পেয়েছে। পুরোটা পেয়েছে বলে মনে হয় না। এর কারণ হিসেবে আমদানিকারকদের সংখ্যা ও প্রতিযোগিতা কম থাকা বলে উল্লেখ করেন তিনি।
গোলাম রহমান জ্বালানি তেলের দাম কমানো ও নতুন করে গ্যাস অথবা বিদ্যুতের দাম না বাড়ানোর অনুরোধ জানান। বাসাভাড়ার বিষয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের বাসাভাড়া তুলনামূলক বেশি হারে বাড়ছে।
ক্যাবের হিসাবে ২০১৩ সালে ঢাকায় একটি দুই কক্ষের বাসার গড় ভাড়া ছিল ১৭ হাজার ৩৬৮ টাকা, যা ২০১৬ সালে ১৯ হাজার ৭০০ টাকা হয়েছে। বস্তি বাড়ির ভাড়া ছিল ৭ হাজার টাকা, তা ৮ হাজার ৫০০ টাকা হয়েছে। দুই চুলার গ্যাসের বিল ৪৫০ থেকে ৬৫০ টাকা হয়েছে। পানির দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে। এ সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসের মাথায় বিদ্যুতের দাম বেড়েছিল প্রায় ৭ শতাংশ।
সরকারের এ মেয়াদের বাকি সময় কেমন যাবে, তা বুঝতে হলে দেখা দরকার আন্তর্জাতিক বাজারদর। জ্বালানি তেলের দাম চোখরাঙানি দিচ্ছে, বৈশ্বিক পণ্যবাজার আবার ঊর্ধ্বমুখী। আর বাসাভাড়া নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগই নেই। গ্যাসের দাম বাড়ানোর চিন্তা চলছে।