
প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা মন্ত্রণালয় যে দিকনির্দেশনা দেয়, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বাস্তবায়ন করে না। আমি মনে করি, বাজেট পাস হওয়ার আগেই প্রতিটি প্রকল্পের প্রস্তুতি সম্পন্ন করা উচিত, যাতে বাজেট পাসের পরদিনই দরপত্র আহ্বান করা যায়। কিন্তু বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগগুলোর যদি দক্ষতা, উৎসাহ-উদ্দীপনার অভাব থাকে, তবে যথাসময়ে প্রকল্প বাস্তবায়িত হবে না।
এ দেশে সবকিছুর জন্য এখন প্রধানমন্ত্রীর দিকে চেয়ে থাকতে হয়। এখন প্রধানমন্ত্রী যদি দিকনির্দেশনা দেন, তবেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) গুণগত মান ধরে রেখে সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হবে।
১১ মাসে মাত্র ৬২ শতাংশ বাস্তবায়িত হয়েছে। শেষ মাসে গুণগত মানের চেয়ে টাকা খরচে বেশি মনোযোগী হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো। দেখা যাবে, এ বছর শেষে ৯২ শতাংশ বাস্তবায়িত হয়ে গেছে। এমনও হতে পারে, ঠিকাদারকে অগ্রিম চেক দিয়েও খরচ দেখানো হতে পারে। পরে হয়তো ঠিকাদার কাজ করে দেবে।