বাজেটের প্যাকেজ মূসক অরাজকতা তৈরি করবে

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্যাকেজভিত্তিতে মূল্য সংযোজন কর (মূসক) দেওয়ার ব্যবস্থা বহাল রাখা হলেও আবার আন্দোলনের ঘোষণা দিলেন ব্যবসায়ীরা। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সংগঠন ব্যবসায়ী ঐক্য ফোরাম গতকাল রোববার সংবাদ সম্মেলন করে বলেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেটে যেভাবে প্যাকেজ মূসক ব্যবস্থা রেখেছেন, তা অরাজকতা তৈরি করবে। প্যাকেজ মূসক বহাল রাখার নামে তিনি মূলত ব্যবসায়ীদের ফাঁকি দিয়েছেন।
প্যাকেজ মূসকের দাবিতেই গত ৩০ মে সারা দেশে এক ঘণ্টা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেছিল ব্যবসায়ী ঐক্য ফোরাম। এরপর জাতীয় সংসদে গত বৃহস্পতিবার ঘোষিত বাজেটে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের প্যাকেজ মূসক ব্যবস্থা বহাল রাখেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, যাঁরা ৩ শতাংশ হারে লেনদেন কর দিতে চান না, তাঁরা প্যাকেজ মূসক দিতে পারবেন। তবে আইন অনুযায়ী, ৮০ লাখ টাকা লেনদেন সীমা পর্যন্ত ব্যবসায়ীরা ৩ শতাংশ লেনদেন কর দিতে পারেন।
ফোরামের দাবি, প্যাকেজ মূসক প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বাৎসরিক লেনদেনের পরিমাণ ৮০ লাখ টাকার বেশি। তাই বাজেটে প্যাকেজ মূসক ব্যবস্থা রাখা হলেও তা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ফোরাম চায় খুচরা ব্যবসায়ী বা দোকান পর্যায়ে লেনদেনের পরিমাণ-নির্বিশেষে প্যাকেজ মূসক ব্যবস্থা বহাল রাখা হোক।
২০ জুনের মধ্যে এ দাবি পূরণ না হলে ধর্মঘট কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয় ফোরামের সংবাদ সম্মেলনে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. আবদুস সালাম, সাধারণ সম্পাদক আবু মোতালেব, সহসভাপতি মনজুর আহমেদসহ বিভিন্ন পণ্য ও এলাকাভিত্তিক ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আবু মোতালেব অভিযোগ করেন, মূসক আইনের বাস্তবায়ন পিছিয়ে দেওয়া হলেও এ বাজেটেই নতুন আইনের ৯৫ শতাংশ বলবৎ করা হয়েছে। বাজেটে থাকা অনেক সংবেদনশীল বিষয় বাজেট বক্তৃতার মাধ্যমে সংসদকে অবহিত করা হয়নি।
মনজুর আহমেদ বলেন, ‘৮০ লাখ টাকা সীমা ঠাট্টা ছাড়া কিছুই নয়। এর ফলে সব প্রতিষ্ঠানই প্যাকেজ মূসকের আওতার বাইরে থাকবে। তাদের ৪ শতাংশ লেনদেন কর অথবা ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে।’
অর্থমন্ত্রী ২০১৬-১৭ অর্থবছর থেকে নতুন মূসক বাস্তবায়ন করে সব ক্ষেত্রে অভিন্ন ১৫ শতাংশ হারে মূসক চালুর ঘোষণা দিয়েছিলেন। তবে এ নিয়ে আন্দোলনের মুখে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে প্যাকেজ মূসক ছাড়াও ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন পর্যায়ে ৩৬ লাখ টাকা থেকে দেড় কোটি টাকা পর্যন্ত লেনদেনে ৩ শতাংশ লেনদেন কর, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও সকল সেবা খাতে সরবরাহ মূল্যের ওপর ৪ শতাংশ হারে মূসক আরোপ এবং ব্যবসায়ী পর্যায়ে (ইসিআর ও পিওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে) সরবরাহ মূল্যের ওপর ২ শতাংশ মূসক নির্ধারণের দাবি জানানো হয়।
আবু মোতালেব বলেন, দাবি পূরণে ফোরাম শান্তিপূর্ণ পদযাত্রা করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে। তিনি বলেন, ‘আমরা ২০ জুন পর্যন্ত অপেক্ষা করব। এরপর ব্যবসায়ীরা রাস্তায় নামলে সে জন্য সরকার দায়ী থাকবে।’