বেসরকারি চাকুরে আলী আসগর রাজধানীর বনশ্রীর ২ নম্বর রোডের একটি বাড়ির ভাড়াটে। ২০১৩ সালের জানুয়ারিতে তিনি বাড়িভাড়া নিয়েছিলেন ১২ হাজার টাকায়। এই জানুয়ারি থেকে তাঁকে ভাড়া দিতে হচ্ছে ১৪ হাজার টাকা।
দুই বছরে দুই হাজার টাকা ভাড়া বাড়ানোর বিষয়টি এই প্রতিবেদককে বেশ মজা করেই জানালেন তিনি। বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা আমাকে বলেন, এবার কিন্তু ভাড়া বাড়ানো হচ্ছে না, শুধু সার্ভিস চার্জ বাড়বে এক হাজার টাকা। আর গত মাসে ডেকে বলেছেন, গত বছর তো ভাড়া বাড়াইনি, এবার এক হাজার টাকা বাড়ানো হলো।’
এসব কারণেই ঢাকার মানুষের কাছে বাড়িভাড়া এখন যন্ত্রণার আরেক নাম। বছরের শেষ মাস ডিসেম্বর এলেই আতঙ্কে থাকেন ভাড়াটেরা। অবস্থা এমনই দাঁড়িয়েছে যে ‘জানুয়ারি মাসে ভাড়া বাড়ছে না’—বাড়িওয়ালার কাছ থেকে এমন কথা কোনো ভাড়াটিয়া শুনেছেন কি না, তা হয়তো জরিপ করেই খুঁজে বের করতে হবে।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে ঢাকার বিভিন্ন স্থানে গড়ে বাড়িভাড়া বেড়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। আর এই বাড়িভাড়া বাড়ানোর কারণে মানুষের জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে ৯ শতাংশ। বলা বাহুল্য, বাড়িভাড়া বাড়ানো হয় জানুয়ারি থেকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বেশির ভাগ এলাকায় এরই মধ্যে ২০১৫ সালের জানুয়ারি থেকে ভাড়া বাড়ানোর নির্দেশনা ভাড়াটেকে জানিয়ে দিয়েছেন বাড়িওয়ালারা।
ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটির মহাসচিব মাসুদ রানা প্রথম আলোকে বলেন, ‘আমরা তো মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ করেই যাচ্ছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বাড়িভাড়াও নিয়ন্ত্রণে আসছে না। সরকারের উচ্চপর্যায় থেকে এ বিষয়ে কিছু করা না হলে ভাড়াটিয়ারা এভাবেই নিষ্পেষিত হতে থাকবে।’
ক্যাবের সাম্প্রতিক জরিপ: ক্যাব সম্প্রতি বাড়ি ভাড়াসহ ২০১৪ সালের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে একটি জরিপ করেছে। ওই জরিপ বলছে, গত বছর ঢাকার দুই কক্ষের ফ্ল্যাট বাসায় (পাকা বাড়ি) ভাড়া বেড়েছে আগের বছরের চেয়ে গড়ে ১৩ শতাংশ। ২০১৩ সালে এমন বাড়ির ভাড়া যেখানে ছিল গড়ে ১৫ হাজার ৩৯৫ টাকা, ২০১৪ সালে তা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৬৮ টাকায়।
পাকা ঘর কিন্তু ওপরে টিনের শেড—এমন ঘরের ভাড়া বেড়েছে গড়ে ৫ শতাংশ। ২০১৩ সালে এমন ঘরে যেখানে ভাড়াটেরা থাকতে পারতেন ৯ হাজার ২৭০ টাকায়, গত বছর তাঁদের থাকতে হয়েছে ৯ হাজার ৭৩৫ টাকায়।
আট শয্যাবিশিষ্ট মেস বাড়ির ভাড়াও বেড়েছে গড়ে প্রায় ৫ শতাংশ। ২০১৩ সালে এমন বাসার ভাড়া ছিল ১৫ হাজার ৭৮৫ টাকা, গেল বছর তা বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৫০০ টাকায়।
তবে সবচেয়ে বেশি বেড়েছে বস্তি বাসার ভাড়া, প্রায় ১৭ শতাংশ। ২০১৩ সালে দুই কক্ষের বস্তি বাসার ভাড়া ছিল যেখানে ছয় হাজার টাকা, গেল বছর ভাড়া দিতে হয়েছে সাত হাজার টাকা।
ক্যাব বলছে, নিয়মনীতি ও বিদ্যমান আইনকানুনকে বাড়িওয়ালারা তোয়াক্কা করেন না। আইনের বাস্তবায়ন না হওয়া এবং বিষয়টি দেখভালের জন্য সরকারি কোনো কর্তৃপক্ষও নেই। সে কারণে বছর বছর বাসাভাড়া বাড়ছে। এর সঙ্গে বাড়ছে স্বল্প ও নিম্ন আয়ের অসহায় ভোক্তাদের নাভিশ্বাসও। দ্রব্যমূল্য, হোল্ডিং ট্যাক্স, আয়কর, গ্যাস, পানির দাম বৃদ্ধিসহ নানা অজুহাতে ভাড়া বাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। বাড়িভাড়া বৃদ্ধির কারণে মূল শহর থেকে অনেক পরিবার উপশহরে সরে যেতে বাধ্য হচ্ছে। এতে তাদের ছেলেমেয়েদের লেখাপড়া ও যাতায়াতের ভোগান্তি বেড়েছে।
গেল বছর ঢাকার বিভিন্ন স্থানে বাড়িভাড়া কতটা বেড়েছে, সে বিষয়ে কিছু তথ্য সংগ্রহ করেছে ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটিও। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০১৪ সালে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে গড়ে ১৪ দশমিক ৮ শতাংশ। মিরপুর আর উত্তরা এলাকায় ভাড়া বাড়ানোর হার সবচেয়ে বেশি।
ক্যাব বলেছে, নিয়মনীতি-বহির্ভূতভাবে বাড়িভাড়া আদায়ের কারণে বাড়িওয়ালা ও ভাড়াটের মধ্য ঝগড়া, সংঘাত নিয়মিত ঘটনায় রূপ নিয়েছে। প্রায়ই এ ধরনের অভিযোগ ক্যাবের কার্যালয়ে আসছে।
এমন তথ্য জানিয়েছেন ঢাকা ভাড়াটিয়া উন্নয়ন সোসাইটির মাসুদ রানাও। তিনি বলেন, ‘অনেক স্থানের ভাড়াটেরাই আমাদের কাছে অভিযোগ করছেন যে বাড়িওয়ালাদের সঙ্গে তাঁদের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। কয়েকজনকে বাড়িওয়ালা বলে দিয়েছেন যে এ ভাড়ায় থাকলে থাকেন, না হলে ছেড়ে দেন।’
২৫ বছরে বেড়েছে ৪১২ গুণ: ক্যাবের তথ্য অনুযায়ী, ১৯৯০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে ৪১২ দশমিক ৯৭ শতাংশ।
এ সময়ে সবচেয়ে বেশি বাড়িভাড়া বেড়েছিল ১৯৯০ সালে, ২৫ শতাংশ। আর গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ভাড়া বাড়ে ২০১৩ সালে। সেবার ভাড়া বেড়েছিল আগের বছরের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি।
ক্যাব বলছে, ২০০৬ সাল থেকে প্রতিবছরই ১৫ শতাংশের বেশি হারে বাড়িভাড়া বেড়েছে। গত বছরই শুধু ব্যতিক্রম, ভাড়া বেড়েছে প্রায় ১০ শতাংশ।
ক্যাব বলছে, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও তার কার্যকারিতা নেই। এ বিষয়টি তদারকির কোনো ব্যবস্থাও নেই। বাড়িওয়ালা-ভাড়াটে চুক্তি সই এবং এ বিষয়ে পাকা রসিদ দেওয়ার ঘটনা একেবারেই বিরল। কাজেই এ খাতের ওপর গুরুত্বারোপ করতে আইনি কাঠামো গড়ে তোলা ও পৃথক বাড়িভাড়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন জরুরি ভিত্তিতে প্রয়োজন। সিটি করপোরেশন এ ক্ষেত্রে ভাড়াটে ও বাড়ির মালিকের সঙ্গে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বাড়ির মালিকেরা সংঘবদ্ধ হলেও ভাড়াটেরা কোনোভাবেই সংগঠিত নয়।
বাড়িভাড়া নিয়ে নৈরাজ্য ঠেকাতে বাড়ির মালিক ও ভাড়াটেদের তথ্যভান্ডার থাকা, মালিকদের কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) আওতায় আনা, শহরের মধ্যবিত্ত ও চাকরিজীবী ভাড়াটেদের জন্য সহজ শর্তে দীর্ঘমেয়াদি কিস্তিতে কম সুদে ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা, সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে ভাডাটে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করার সুপারিশ করেছে ক্যাব।