বাংলাদেশে মৌলবাদী আদর্শে পরিচালিত বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বার্ষিক মুনাফা আড়াই হাজার কোটি টাকা। আর ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৪০ বছরে এই মুনাফার পুঞ্জীভূত পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ কোটি টাকা।
দেশের অর্থনীতির মূলধারায় ‘মৌলবাদের অর্থনীতির’ প্রভাব নিয়ে করা এক গবেষণায় এমন ফলাফল উঠে এসেছে। গবেষণাটি করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল শনিবার বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি ও জঙ্গিবাদ: মর্মার্থ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে আবুল বারকাত তাঁর গবেষণার ফল তুলে ধরেন। অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ।
আবুল বারকাত বলেন, ‘ইসলাম ধর্মভিত্তিক মৌলবাদ মূলধারার অর্থনীতিতে মৌলবাদের অর্থনীতি, সরকারের মধ্যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র গড়ে তুলেছে। মূল স্রোতের অর্থনীতিতে বার্ষিক প্রবৃদ্ধির হার যেখানে গড়ে ৬ থেকে ৭ শতাংশ, সেখানে মৌলবাদের অর্থনীতিতে এই হার ৮ থেকে সাড়ে ১০ শতাংশ।’
গবেষণায় পাওয়া ফলাফল তুলে ধরে বারকাত বলেন, মৌলবাদের অর্থনীতির মুনাফার সর্বোচ্চ ২৭ শতাংশ ইসলামী ব্যাংকের মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আসে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ দশমিক ৮ শতাংশ আসে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে। এ ছাড়া প্রায় ১১ শতাংশ বাণিজ্যিক প্রতিষ্ঠান; ১০ দশমিক ৪ শতাংশ ওষুধশিল্প ও স্বাস্থ্য খাত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান; ৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান; সাড়ে ৮ শতাংশ আবাসন খাত; ৭ দশমিক ৮ শতাংশ সংবাদমাধ্যম ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান এবং সাড়ে ৭ শতাংশ পরিবহন ব্যবসা থেকে আসে।
এ সময় আবুল বারকাত আরও বলেন, দেশের ১২টি বৃহৎ খাতে মৌলবাদীদের বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে। বিনিয়োগের জন্য তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রগুলোকেই বেছে নিয়েছে।
বাংলাদেশসহ এশিয়ার তিনটি দেশে অনুষ্ঠিত ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের প্রচারণায় ইসলামী ব্যাংকের কাছ থেকে স্পনসর বা পৃষ্ঠপোষকতা বাবদ টাকা নেওয়ার জন্য বর্তমান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে দায়ী করেন আবুল বারকাত। তিনি বলেন, ‘আমি মনে করি, ইসলামী ব্যাংককে বিশ্বকাপ ক্রিকেটের স্পনসর করে সরকার ভুল করেছে। এর মাধ্যমে সরাসরি ইসলামী ব্যাংককে স্বীকৃতি দেওয়া হয়েছে। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে সে সময় আমি এটা ঠেকাতে সরকারকে চিঠি দিয়েছিলাম। কিন্তু আজকের পরিকল্পনামন্ত্রী লোটাস কামালের কারণে তা সম্ভব হয়নি।’
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামালের প্রতিক্রিয়া জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের অন্যতম স্পনসর হিসেবে সরকারকে ৮০ কোটি টাকা দিয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
মৌলবাদী অর্থনীতির এই আগ্রাসন ঠেকাতে স্বল্প ও দীর্ঘমেয়াদি বেশ কিছু কৌশল গ্রহণের সুপারিশ করেন আবুল বারকাত। এগুলোর মধ্যে রয়েছে—জঙ্গি অর্থায়নের উৎস সম্পর্কে সরকারের যা কিছু জানা আছে তা গণমাধ্যমে প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করা, জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সব সম্পদ বাজেয়াপ্ত করা, জুমার নামাজ হয় এমন সব মসজিদে খুতবার মাধ্যমে ধর্মীয় জঙ্গিদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করা।
এ ছাড়া দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে মৌলবাদী অর্থনীতি বন্ধে আর্থসামাজিক ও রাজনৈতিক বৈষম্য কমিয়ে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠার সুপারিশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই অধ্যাপক।