বাস্তবায়ন কৌশলের পথনির্দেশিকা প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবপ্রিয় ভট্টাচার্য
দেবপ্রিয় ভট্টাচার্য

অর্থমন্ত্রীর বক্তৃতা ও উপস্থাপনা থেকে মনে হয়েছে, বাংলাদেশের অর্থনীতিতে মূল যেসব সমস্যা ও চ্যালেঞ্জ এখন রয়েছে, সেগুলো সম্পর্কে তিনি সম্পূর্ণ অবহিত। চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য যে পথগুলো বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে, সেগুলোর সঙ্গেও মোটা দাগে সহমত পোষণ করছি। অর্থাৎ, সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁর চিন্তাধারা গ্রহণযোগ্য বলে মনে করছি। কিন্তু সংশয় থেকে যাচ্ছে সমস্যা চিহ্নিত করার পরবর্তীকালে সেগুলোর সমাধানে যে পথনির্দেশনা দেওয়া হচ্ছে, তা বাস্তবায়নের কৌশলের যথাযথতা নিয়ে। সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক দক্ষতার প্রয়োজনকে স্বীকার করে বিগত বছরে যে প্রতিশ্রুত পদক্ষেপ বাস্তবায়নের প্রতিবেদনটি এবারও দিলে দেখা যেত যে এ ক্ষেত্রে অগ্রগতি অনেক কম। তবে উৎপাদনশীলতা বৃদ্ধির ইস্যুটিকে বিশেষভাবে চিহ্নিত করে আলাদা একটি প্রতিবেদন উপস্থাপন করাটা ইতিবাচক। আমরা সিপিডির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছিলাম, প্রবৃদ্ধি বজায় থাকলেও দেশে উৎপাদনশীলতার সমান্তরাল বৃদ্ধি হচ্ছে না।
সামষ্টিক অর্থনীতির জন্য ২০১৬-১৭ সালের জন্য প্রাক্কলিত ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধিকে আমরা প্রয়োজনীয় মনে করি। তবে এ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর সক্ষমতার বিষয়টিই আমাদের কাছে বিশেষভাবে বিচার্য। গত দুই বছরে জিডিপি শতাংশ হারে ব্যক্তি খাতে বিনিয়োগ হ্রাস পেয়েছে। আগামী বছর কীভাবে ব্যক্তি খাতে প্রত্যাশিত বিনিয়োগ বাস্তবায়িত হবে, সেটিই বড় প্রশ্ন। বাজেটে হিসাব অনুযায়ী ব্যক্তি খাতে জিডিপির শতাংশ হিসাবে যদি দেড় শতাংশ বাড়তি বিনিয়োগ দরকার হয়, তাহলে আগামী অর্থবছরে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত ব্যক্তি খাতের বিনিয়োগ প্রয়োজন পড়বে। এ বাড়তি বিনিয়োগ কীভাবে ও কোন কোন উৎস থেকে আমরা আকর্ষণ করতে পারব, সেটির সুনির্দিষ্ট দিকনির্দেশনা আমরা প্রত্যাশা করি। এর মধ্যে পুঁজিবাজার থেকে কত আসবে, ব্যাংকিং খাত কী ভূমিকা রাখবে, অথবা ব্যক্তিগত সঞ্চয় থেকে কত অংশ আসবে, সে সম্বন্ধে স্পষ্ট একটা ধারণা থাকতে হবে।
বাজেটের আর্থিক কাঠামো থেকে প্রতিভাত হয় যে দেশজ আয়ের অংশ হিসেবে মোট আয় ও ব্যয় ২ শতাংশ করে বৃদ্ধি করতে হবে। সে ক্ষেত্রে লক্ষ করছি যে বাড়তি আয়ের মূল অংশের জোগান আসবে আয়কর থেকে। আমরাও মনে করি, ব্যক্তি খাতের আয়কর থেকে বাজেটের বড় অংশ আসা উচিত। যিনি বেশি আয় করেন, তাঁকে সে অনুপাতে আয়কর প্রদান করতে হবে। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে রেয়াত সুবিধা কমানোতে মনে হচ্ছে যাঁরা ইতিমধ্যে কর দিয়ে যাচ্ছেন, তাঁদের ওপরই চাপটা বেশি দেওয়া হবে। আয়ের অন্যতম আরেক সূত্র মূল্য সংযোজন কর। ভ্যাট আইন বাস্তবায়নকে এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। আমরা মনে করি বিদ্যমান বাস্তবতায় এটা সঠিক হয়েছে। ভ্যাট আইনের জন্য সরকারও যেমন প্রস্তুত না, ব্যবসায়ীরাও নয়। এই যে বাড়তি এক বছর পাওয়া গেল, সে সময়টা যেন আইনটি বাস্তবায়নের নিমিত্তে যেসব পদক্ষেপ দরকার তার জন্য ব্যয় করা হয়। তবে এ বাস্তবায়ন পিছিয়ে যাওয়ার ফলে এ বছরের ভ্যাট আদায়ের বড় লক্ষ্যমাত্রাটি কিছুটা ঝুঁকিতে রয়ে গেল।
আমরা বারবার বলে আসছি বাস্তবায়ন কৌশলের ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির কথা। এর জন্য গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সক্ষমতার গুণগত মানের যথোপযুক্ত উৎকর্ষের বৃদ্ধি। যেমন পরিতাপের সঙ্গে লক্ষ করছি ব্যাংকিং খাতে, মৌলিক দুর্বলতার দিকগুলোতে গুরুত্ব না দিয়ে এ খাতের জন্য বরং দুই হাজার কোটি টাকার পুনঃপুঁজিকরণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। যাঁরা টাকা নিয়ে শোধ করলেন না তাঁদের সেই ঘাটতি পূরণের জন্য জনগণের করের টাকা গুনতে হচ্ছে। আমরা কেন সেই ঘাটতি পূরণের জন্য আমাদের করের টাকা দেব, এ প্রশ্ন করা কি অযৌক্তিক হবে? আমরা আর্থিক খাত সংস্কার কমিশন করে এ খাতের সমস্যাগুলোর মূলে যাওয়ার তাগিদ দিচ্ছি।
অপরদিকে কৃষি খাতে বরাদ্দ প্রকৃতপক্ষে বাড়েনি। কৃষকেরা এ মুহূর্তে কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। একটি কৃষিমূল্য নির্ধারণ কমিশন গঠনের জন্য আমরা বারবার সুপারিশ করেছি।
আসলে বাংলাদেশের অর্থনীতিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে সাহসী পরিকল্পনা বা সেসব সম্বন্ধে কর্মপরিকল্পনা পেলাম না, দেখতে হবে বাজেট বাস্তবায়নকালে তা পূরণ হয় কি না।