
অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে সাধারণ মানুষের জন্য সুন্দর সুন্দর অনেক কথামালা রয়েছে। সরাসরি বাজেট থেকে সাধারণ মানুষ কী পেল বা পাবে, সেটার বহিঃপ্রকাশ কমই ঘটেছে। অর্থনীতির নানা সম্ভাবনার কথা বলা হয়েছে। সেসব সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ রয়েছে অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে। কিন্তু সেসব সম্ভাবনার বাস্তবায়নে যে ধরনের পদক্ষেপ দরকার, তার সুস্পষ্ট কোনো ঘোষণা পাওয়া গেল না। সম্ভাবনার দিক অনুধাবন করলাম, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে পারলাম না, তাহলে সেই সম্ভাবনার কথা বলে কী লাভ?
বাজেট হলো সরকারের আয়-ব্যয়ের একটি হিসাব। সেখানে বিশাল এক বাজেট দিয়ে অর্থমন্ত্রী তাঁর আয়-ব্যয়ের হিসাবটি জনগণকে জানালেন। কিন্তু যোগ-বিয়োগের এ হিসাবে আয় ও ব্যয়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে, সেগুলো যে কতটা অর্জিত হবে, সেটাই প্রশ্ন সাপেক্ষ। সরকার আগামী ২০১৫-১৬ সালের বাজেটের জন্য রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তা যে অর্জিত হবে না, তা এখনই ধারণা করা যায়। আর এ ধারণাটিকে শক্তিশালী করেছে রাজস্ব আদায়ের দায়িত্বে থাকা জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের অতীত সাফল্য। চলতি অর্থবছরের বাজেট সংশোধনের পরও রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা এনবিআরের জন্য নির্ধারণ করা হয়েছে, সেটিও পুরোপুরি অর্জিত হবে বলে মনে হয় না। সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা। আর এখন একই এনবিআরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা। এ এক বছরের ব্যবধানে এনবিআর কর্মকর্তাদের দক্ষতা রাতারাতি এমন পর্যায়ে পৌঁছায় না, যেখানে একই লোকজন দিয়ে পৌনে দুই লাখ কোটি টাকা আয় করা সম্ভব হবে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির নামে সরকার ব্যয়ের যে বাজেট বা লক্ষ্যমাত্রা ঠিক করেছে, সেটির বেলায়ও একই ধরনের কথা বলা যায়। প্রতিবছরই বিশাল এক এডিপি করা হয়। বাস্তবায়ন করতে না পারায় আবার সেটি সংশোধন করে কমানো হয়। সংশোধনের পরও যে লক্ষ্যমাত্রা ঠিক করা হয়, সেটিও শেষ পর্যন্ত পূরণ হয় না। তা সত্ত্বেও প্রতিবছরই এডিপির আকার বাড়ানো হয়।
ঘোষিত বাজেটে ঘাটতি বাজেটের পরিমাণ ধরা হয়েছে প্রায় সাড়ে ৮৬ হাজার কোটি টাকা। এ ঘাটতি বাজেট পূরণে সরকার ব্যাংক খাত থেকে ৩৮ হাজার ৫০০ কোটি টাকারও বেশি ঋণ গ্রহণের কথা বলেছে। সরকার যদি ব্যাংক খাত থেকে এ পরিমাণ ঋণ গ্রহণ করে, তাহলে বেসরকারি খাতের ঋণ প্রবাহে তার নেতিবাচক প্রভাব পড়বে। বেসরকারি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। একদিকে সরকার বেসরকারি খাতের বিনিয়োগকে উজ্জীবিত করার কথা বলছে, আবার সরকার নিজেই ব্যাংক খাত থেকে বড় ধরনের ঋণ গ্রহণের পরিকল্পনা করছে। হ্যাঁ, হয়তো ব্যাংক খাতে এখন কিছু তারল্য রয়েছে। বেসরকারি খাতের বিনিয়োগে একধরনের স্থবিরতা বিরাজ করছে বলেই এ তারল্য। বেসরকারি খাতের বিনিয়োগে গতি ফিরলে এ তারল্য থাকবে না। সে ক্ষেত্রে সরকারের দিক থেকেও যদি ব্যাংক খাতে ঋণের চাহিদা বাড়ে, তাহলে ধরে নেওয়া যায় যে বেসরকারি খাতের ঋণ প্রবাহে ঘাটতি দেখা দেবে। আর তা না হলে বেসরকারি খাতের বিনিয়োগে স্থবিরতা অব্যাহত থাকবে।
বাজেটে অর্থমন্ত্রী অর্থনীতির অনেকগুলো ইতিবাচক সূচকের অবস্থান তুলে ধরেছেন। কিন্তু তাতে সাধারণ মানুষের কী যায়-আসে? ব্যাংকে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাধারণ মানুষের কী লাভ? আমাদের বাজেট প্রণয়নের পদ্ধতিটিই এমন, সেখানে সরাসরি সাধারণ মানুষের কোনো অংশগ্রহণই থাকে না। বাজেটের আগে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে কথা বলা হয়। তাঁদের দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে কিছু পদক্ষেপ নেন অর্থমন্ত্রী। কিন্তু দেশজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কোটি কোটি সাধারণ মানুষ, তাদের কণ্ঠস্বর কই? তাই আমি মনে করি, জুনে বাজেট দেওয়ার আগে বাজেটের নীতিগত পরিবর্তনের সিদ্ধান্তগুলোর জানুয়ারি মাসেই ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। যার ভিত্তিতে জনগণের মতামত দেওয়ার বিধান থাকবে। পরে সেই মতামতের ভিত্তিতে নীতিগত পরিবর্তনের সিদ্ধান্তগুলো নিলে-তাতে জনগণের অংশগ্রহণ বাড়বে।
বাংলাদেশের প্রেক্ষাপটে বাজেট হওয়া উচিত দ্রুত দরিদ্র লোকের জীবনমানের উন্নয়নকে মূল লক্ষ্য ধরে। দরিদ্র লোকের সংখ্যা আমরা কমিয়ে এনেছি। অনন্তকাল ধরে একটি জনগোষ্ঠীকেও আর নিরাপত্তা সুরক্ষা দিয়ে দারিদ্র্যসীমার ওপরে রাখা সমীচীন হবে না। তাদের স্থায়ীভাবে দারিদ্র্যসীমার ওপরে নিয়ে আসতে হবে। তাই দরকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ করা। সেই সঙ্গে তাদের শিক্ষা, স্বাস্থ্য, জীবন ধারণের পুষ্টিমান নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় অর্থের সংস্থান ও সরকারি সহায়তার মাধ্যমেই সেই সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে এসব দরিদ্র জনগোষ্ঠী কর্মমুখী ও ছোট ছোট উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারে। আর সেটিই হওয়া উচিত বাজেটের মূল লক্ষ্য।
সালেহউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর