
প্রথম আলো: তোবার পোশাকশ্রমিকেরা টানা তিন মাস বেতন পাননি। শেষ পর্যন্ত দুই মাসের পাওনা পেলেও দীর্ঘ আন্দোলন ও ১১ দিনের অনশন করতে হয়েছে তাঁদের। এ জন্য কে বা কারা দায়ী?
তাসলিমা আখ্তার: তোবার শ্রমিকদের এই দুর্ভোগের জন্য প্রথমত মালিক দেলোয়ার হোসেন দায়ী। এর পাশাপাশি এই দুর্ভোগকে দীর্ঘায়িত করার জন্য বিজিএমইএ এবং সরকারও দায়ী। এক হাজার ৬০০ শ্রমিককে অনাহারে রাখা এবং শত শ্রমিককে আগুনে পুড়িয়ে মারার দায়ে অভিযুক্ত মালিক দেলোয়ারকে যেন শাস্তির বদলে পুরস্কৃত করা হলো। অন্যদিকে পাওনা চাইতে গিয়ে অনশনরত শ্রমিকদের ভাগ্যে জুটল পুলিশের নির্যাতন। এ ক্ষেত্রে সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। সরকার দায়িত্ব নিলে শ্রমিকদের অনশনে বসতে হতো না আর এই নির্যাতনের শিকার হতে হতো না। এই নির্যাতনের মধ্য দিয়ে মালিকপক্ষ এবং সরকার একসঙ্গে শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটাই পরিষ্কার হলো।
প্রথম আলো: বিজিএমইএ দুই মাসের মজুরি দিয়েছে। তার পরও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কেন?
তাসলিমা আখ্তার: বিজিএমইএর সদিচ্ছা থাকলে দেলোয়ার জেলে থাকলেও প্রয়োজনে তাঁর সম্পদ বিক্রি করে এই অর্থ পরিশোধ করা যেত। তাদের সে ইচ্ছা যে নেই সেটা চুক্তি ভঙ্গের মধ্য দিয়েই পরিষ্কার। তোবার শ্রমিকদের পাওনা পরিশোধে বিজিএমইএর যথাযথ পদক্ষেপের অভাব তাদের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করেছে। হল-মার্ক দুর্নীতিতে যখন চার হাজার কোটি টাকা লোপাট হয় তখন অর্থমন্ত্রী বলেন, এটা তেমন কোনো টাকা না। অথচ শ্রমিকদের পাওনা মাত্র সাড়ে চার কোটি টাকার জোগাড় করার দায়িত্ব বিজিএমইএ কিংবা সরকার কেউই নিল না।
প্রথম আলো: নানা চাপ ও লাঠিপেটা করে শ্রমিকদের আন্দোলন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের নিয়ে আন্দোলনের নামে রাজনীতি করার অভিযোগও উঠেছে।
তাসলিমা আখ্তার: শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন অনশন দেখে সরকার ও মালিকপক্ষ ঘাবড়ে গিয়ে শ্রমিকদের ন্যায্য পাওনার মানবিক দাবিকে উপেক্ষা করে। মরিয়া হয়ে শ্রমিকদের আন্দোলনকে দমন করতে ব্যস্ত হয়ে পড়ে। তোবার শ্রমিকদের আন্দোলন নিয়ে নোংরা রাজনীতির হয়েছে, এমন অভিযোগ সত্য না। এই আন্দোলনে দেশের জনগণের সমর্থন ছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক, চিকিৎসক, আইনজীবী থেকে অনেক পেশাজীবী মানুষ অনশনরত শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। আর দীর্ঘদিন যাঁরা শ্রমিক আন্দোলনে যুক্ত তাঁরাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তবে মালিকপক্ষের কাছে শ্রমিকদের মানিবক দাবির চেয়ে আন্দোলন ঠেকানোই মূল উদ্দেশ্য হয়ে গিয়েছিল। এখানে শ্রমিকদের কোনো ব্যর্থতা নেই।
(সাক্ষাৎকারগুলো নিয়েছেন আসজাদুল কিবরিয়া ও শুভংকর কর্মকার)