বিদেশি পোশাক কিনতে উৎসাহ দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে। আইনটি কার্যকর হলে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য ছাড়া অধিকাংশ পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। আইনটি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে একধরনের অস্বস্তি আছে। বাস্তবায়ন নিয়েও তাঁদের মধ্যে রয়েছে শঙ্কা। এসব বিষয় নিয়ে রড, ফ্যাশন হাউস, সুপারশপ ও রেস্টুরেন্টের চারজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে প্রথম আলো
আজহারুল হক, সভাপতি বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা  সমিতি (এফইএবি)
আজহারুল হক, সভাপতি বাংলাদেশ ফ্যাশন উদ্যোক্তা সমিতি (এফইএবি)

প্রথম আলো: দেশীয় ব্র্যান্ড পোশাকের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এতে আপনাদের ব্যবসায় কী ধরনের প্রভাব পড়বে?
আজহারুল হক: দুই দশক আগেও বিদেশি পোশাকে আমাদের বাজার সয়লাব ছিল। ধীরে ধীরে সেই জায়গার অনেকটাই দেশীয় বুটিক ও ফ্যাশন হাউসগুলোর দখলে এসেছে। ভালো একটি অবস্থান তৈরি হয়েছে। মানুষ মানসম্পন্ন দেশীয় পোশাক কিনতে পারছে। এই বুটিক ও ফ্যাশন হাউসগুলোর হাত ধরেই দেশের প্রত্যন্ত এলাকার ক্ষুদ্র ও মাঝারি তাঁতিরা নতুন করে জেগে উঠেছে। তারা বাঁচার আশা দেখছে। বর্তমানে দেশীয় ফ্যাশন হাউস ৪ শতাংশ ভ্যাট দিয়ে আসছে। ভ্যাটের অর্থ অবশ্যই ক্রেতারা দেন। কিন্তু হঠাৎ করে সেটি ১৫ শতাংশ হয়ে গেলে আমাদের পণ্যের দাম বেড়ে যাবে। তখন ক্রেতারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবেন। দেশপ্রেমের কথা বলে ক্রেতাদের কাছে খুব বেশি পণ্য বিক্রি করা যাবে না। যদি না সেটি ক্রয়ক্ষমতার মধ্যে রাখা যায়। যা দেখা যাচ্ছে, নতুন করে ভ্যাট আরোপের কারণে পরোক্ষভাবে বিদেশি পোশাক কিনতেই ক্রেতাদের উৎসাহ দেওয়া হচ্ছে। ফলে যা হবে, তা কোনোভাবেই দেশের জন্য ভালো হবে না। রুগ্ণ হতে হতে বিক্রয়কেন্দ্র বন্ধ হবে। অনেক মানুষ চাকরি হারাবে।
প্রথম আলো: ভ্যাটের বিষয়ে ফ্যাশন হাউসগুলোর ব্যবসায়ীদের প্রস্তুতি কেমন?
আজহারুল হক: ফ্যাশন হাউসগুলো বহুদিন ধরেই ভ্যাট দিয়ে আসছে। অধিকাংশ বিক্রয়কেন্দ্রেই ইসিআর যন্ত্র ব্যবহার করা হয়। ফলে ভ্যাটের হার বাড়লে হিসাব-নিকাশে সমস্যা হওয়ার কথা নয়। তবে যেটি হবে, কাঁচামালের ওপর দেওয়া ভ্যাটের অর্থ রেয়াত নিতে সমস্যায় পড়তে হবে ব্যবসায়ীদের। কারণ, আমরা যাদের কাছ থেকে কাপড় ও সরঞ্জাম ক্রয় করি, তাদের ৯০ শতাংশেরই ভ্যাট নিবন্ধন নেই। আর সেটি না থাকলে তো আমরাও রেয়াত পাব না। আর যদি রেয়াত না পাওয়া যায়, তবে ভ্যাটের একটি অংশ আমাদের ব্যবসায়ীদের ঘাড়ে পড়বে। আমরা প্রতিযোগিতা সক্ষমতা হারাব। প্রতিযোগিতা সক্ষমতা না থাকলে কোনো ব্যবসাই টিকে থাকে না। তাই আমাদের দাবি, দেশীয় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে ভ্যাটের বর্তমান হারটি বজায় রাখা হোক।
সাক্ষাৎকার নিয়েছেন: শুভংকর কর্মকার