বিদেশি বিনিয়োগ আকর্ষণের মসৃণ পথ এখনো তৈরি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপালী চৌধুরী
রূপালী চৌধুরী

বাংলাদেশের বিদেশি বিনিয়োগের সাম্প্রতিক অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী
প্রথম আলো: বাংলাদেশে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফরেন চেম্বার) ৫০ বছর পূর্ণ করল। এই ৫০ বছরে সংগঠনটির মূল অর্জন কী?
রূপালী চৌধুরী: এ দেশে বিদেশি বিনিয়োগকারীদের নানা সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যেই মূলত এই সংগঠন গঠিত হয়েছিল। এ কাজের পাশাপাশি ফরেন চেম্বারের সদস্যরা বাংলাদেশে একটি দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলেছেন, যাঁদের কাজের মান আন্তর্জাতিক পর্যায়ের। আজ বাংলাদেশের স্থানীয় বিভিন্ন ব্যাংকের নেতৃত্ব যাঁরা দিচ্ছেন, তাঁদের বেশির ভাগই একসময় এ দেশে কর্মকাণ্ড পরিচালনাকারী বিদেশি ব্যাংকগুলোতে কাজ করেছেন। তাই তাঁরা ব্যাংকিং পরিচালনায় আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করেছে। রাজস্বের ক্ষেত্রে ফরেন চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলোর বড় অবদান রয়েছে। আমাদের হিসাবমতে, বাংলাদেশের আদায় করা মোট রাজস্বের প্রায় ৩০ শতাংশই জোগান দেয় বিদেশি প্রতিষ্ঠানগুলো।
প্রথম আলো: ফরেন চেম্বারকে ঘিরে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
রূপালী চৌধুরী: ফরেন চেম্বারের সদস্য প্রতিষ্ঠান হলো বহুজাতিক কোম্পানিগুলো। আর এসব কোম্পানির এদেশীয় শীর্ষস্থানীয় নির্বাহীরা এ সংগঠনের সঙ্গে যুক্ত। এঁদের মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশকে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে। বিশ্বজুড়ে বাংলাদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে ফরেন চেম্বার কাজ করতে চায়। পাশাপাশি এ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সব অংশীজনের সঙ্গে যূথবদ্ধ হয়ে কাজ করতে চায়। আমাদের সদস্যদের আন্তর্জাতিক অভিজ্ঞতা দিয়ে এ দেশের উন্নয়নে সহায়তা করতে আগ্রহী আমরা। ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগসংক্রান্ত আইন ও নীতিমালা তৈরিতে আমরা সরকারকে সহায়তা করছি। ভবিষ্যতেও সেটি অব্যাহত থাকবে।
প্রথম আলো: বহুদিন ধরে সরকার, গবেষক, ব্যবসায়ীসহ বিভিন্ন মহল থেকেই বলা হচ্ছে, বাংলাদেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না। ফরেন চেম্বারের প্রধান হিসেবে বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
রূপালী চৌধুরী: এ কথা ঠিক, বাংলাদেশে কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ আসছে না। এখন প্রশ্ন হচ্ছে কেন আসছে না। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত বিদেশি বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠায় যে জমি চান, সেটা আমরা দিতে পারি না। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামোর সমস্যা, রাজনৈতিক অস্থিরতা তো রয়েছেই। সেই সঙ্গে দুর্নীতি, সুশাসন ও আইনের যথাযথ বাস্তবায়নের সমস্যাও প্রকট। এ ছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগের জন্য একীভূত বা ওয়ান স্টপ সার্ভিস কোনো সেবা নেই। নিবন্ধনের জন্য বিনিয়োগ বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরসহ একাধিক স্থান থেকে ছাড়পত্র নিতে হয়। পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগে। অথচ প্রতিযোগী অন্য দেশগুলোতে অল্প সময়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই কারণেও বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন। অর্থাৎ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মতো এখনো আমরা মসৃণ পথ রচনা করতে পারিনি। তবে বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। এটি একটি ভালো উদ্যোগ। সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে চীনে। প্রতিষ্ঠানগুলো চীনে শিল্প স্থাপন করে পুনঃরপ্তানি (রি-এক্সপোর্ট) সুবিধাটি কাজে লাগাচ্ছে।
প্রথম আলো: রাজনৈতিক অস্থিরতার কথা আমরা অনেক দিন ধরেই শুনে আসছি। বাংলাদেশের তুলনায় পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি প্রকট। আঙ্কটাডের হিসেবে দেখা যায়, তার পরও দেশটিতে সরাসরি বিদেশি বিনিয়োগ ২০১২ সালের ৮৬ কোটি ডলার থেকে ২০১৩ সালে ১৩০ কোটি ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ১২৯ কোটি ডলার থেকে ১৬০ কোটি ডলার হয়েছে। রাজনৈতিক অস্থিরতা যদি বিনিয়োগের পথে বড় বাধা হয়, তাহলে পাকিস্তানে এত বিনিয়োগ কীভাবে হলো?
রূপালী চৌধুরী: পাকিস্তান দীর্ঘদিন ধরেই বস্ত্র খাতে বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে। এ কারণে ওই খাতে কিছু বিনিয়োগ সব সময়ই অব্যাহত রয়েছে। বরং রাজনৈতিক অস্থিরতার কারণে ওই খাতের কিছু বিদেশি বিনিয়োগ বাংলাদেশে চলে এসেছে। আবার সেখানে গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি খাতে বেশি বিদেশি বিনিয়োগ হয়েছে। সাধারণত এসব খাতে বিনিয়োগের পরিমাণ বেশি হয়। শিল্প খাতের ৫-১০টি প্রতিষ্ঠান মিলিয়ে যে পরিমাণ বিদেশি বিনিয়োগ হয়, গ্যাস বা বিদ্যুৎ খাতে একটি প্রতিষ্ঠানকে তার চেয়ে অনেক বেশি বিনিয়োগ করতে হয়। আমাদের দেশে এসব খাতে বিনিয়োগ খুবই কম। বরং আমরা টাটার মতো প্রতিষ্ঠানের বিনিয়োগকে ফিরিয়ে দিয়েছি।
প্রথম আলো: আপনি যেসব খাতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার কথা বলছেন সেটা করতে গেলে দেশীয় প্রতিষ্ঠানগুলো আপত্তি তুলবে কি?
রূপালী চৌধুরী: আমরা চাই যোগ্য প্রতিষ্ঠানই কাজ পাক। সেটি দেশি হোক আর বিদেশি হোক, তাতে কোনো সমস্যা নেই। দেশের উন্নয়ন চাইব, মানসম্মত স্থাপনাও চাইব। আবার সেটি করার জন্য যোগ্য প্রতিষ্ঠানকে কাজের সুযোগ দেব না সেটি হতে পারে না। অবকাঠামো ও যোগাযোগ খাতে কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে দেখতে হবে ওই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ও সামর্থ্য তাদের রয়েছে কি না। সময়মতো কাজ শেষ না হলে ভোগান্তি ও খরচ বাড়তে থাকে। উন্নয়নের একটি পর্যায় পর্যন্ত আমাদের কিছু খাতে বিদেশি বিনিয়োগ মেনে নিতে হবে। পরবর্তী সময়ে আমাদের দক্ষতা বাড়লে বিদেশি বিনিয়োগ নির্ভরতা এমনিতেই কমে আসবে।
প্রথম আলো: বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বড় বাধা কী বলে মনে করেন?
রূপালী চৌধুরী: যেকোনো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভিত হিসেবে কাজ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কিন্তু বাংলাদেশে এ ধরনের শিল্পে বিনিয়োগের পথে প্রধান বাধা হলো মূলধনের সংকট। অনেক সময় দেখা যায়, অনেকের কাছে ব্যবসার ভালো ধারণা রয়েছে। কিন্তু অর্থাভাবে সেটির বাস্তবায়ন করা যাচ্ছে না। ব্যাংকঋণের যে সুদহার তা ওই ধরনের ব্যবসার জন্য মোটেই সহায়ক নয়। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতাও অনেক সময় উদ্যোক্তাদের নিরুৎসাহিত করে। পাশাপাশি আমাদের বাজারটিও খুব বড় নয়। ১৬ কোটি মানুষের দেশ হওয়া সত্ত্বেও এখানকার জনগোষ্ঠীর একটি বড় অংশের ক্রয়ক্ষমতা বেশ সীমিত। আমাদের মাথাপিছু আয় পাশের দেশগুলোর চেয়ে কম। আবার দুর্নীতি ব্যবসার খরচ বাড়িয়ে দেয়। ছোট বা মাঝারি উদ্যোক্তারা যদি দুর্নীতির শিকার হন, তাহলে প্রতিযোগিতামূলক বাজারে তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই দুর্নীতি বন্ধে প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিত করা হলে এটি অনেকাংশে কমে আসবে।
(সাক্ষাৎকার নিয়েছেন সুজয় মহাজন)