বিদেশি বিনিয়োগে বিরূপ প্রভাব পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট বিদেশি বিনিয়োগের ওপর বিরূপ প্রভাব ফেলবে।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে এ কথা বলেছে। বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনটি মনে করে, নতুন অর্থবিলে আয়কর ও মূল্য সংযোজন কর (মূসক) এমনভাবে আরোপ করা হয়েছে যে বিদেশি বিনিয়োগের স্বার্থেই এগুলো সংশোধন হওয়া জরুরি।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন এফআইসিসিআইয়ের সভাপতি রূপালী চৌধুরী। তাঁরা ন্যূনতম কর, আপিলে যাওয়ার ক্ষেত্রে জমা টাকার পরিমাণ ও আয় তহবিলের ওপর কর কমানোর দাবি জানান এবং রাজস্ব আয় বাড়াতে কর-হারের পরিবর্তে কর-ভিত্তি সম্প্রসারণের সুপারিশ করেন।
সংগঠনটি বলেছে, বিপুল বিনিয়োগ করেও টেলিযোগাযোগ খাত এখনো ‘না-লাভ, না-লোকসান’ পর্যায়ে রয়েছে। এই অবস্থায় ন্যূনতম আয়কর দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছে দশমিক ৭৫ শতাংশ।
এ ছাড়া প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ ভাতা মোট আয়ের ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এ কারণে আগে যেখানে কর রেয়াত পাওয়া যেত ১৫ শতাংশ, এখন তা কমে হবে গড়ে ১১ শতাংশ।
উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করেন বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মাসুদ খান। তিনি বলেন, মাসে ৪০ হাজার টাকা আয় করেন এমন চাকরিজীবী বা ব্যবসায়ীকে আগের চেয়ে আয়কর দিতে হবে ৫১৪ শতাংশ বেশি। আশ্চর্যজনক যে মাসিক আয় ১ লাখ টাকা হলে আয়কর বাড়বে মাত্র ২৭ শতাংশ। অর্থাৎ কম আয়ের লোকদের ওপর অযৌক্তিকভাবে বেশি করের প্রস্তাব করা হয়েছে।
এফআইসিসিআই বলেছে, আপিল করা মৌলিক অধিকার। অথচ আপিল করার ক্ষেত্রে জমার পরিমাণ মোট কর দায়ের ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ প্রস্তাব করেছে মূসক কর্তৃপক্ষ।
রূপালী চৌধুরী বলেন, ‘রাজস্ব আয় বাড়াতে হবে বলে লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিলাম, এভাবে তো সম্ভব নয়। বৃদ্ধির যৌক্তিকতা থাকতে হবে। কারণ, সব শিল্প খাতের প্রবৃদ্ধি এক রকম নয়।’ তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে জমি, গ্যাস, বিদ্যুৎ ও নিরাপত্তার অভাবকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন।
বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা হয়রানির শিকার হতে পারেন—এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান এফআইসিসিআইয়ের সভাপতি।
অন্যদিকে অর্থমন্ত্রী বলেন, সমস্যার মধ্যেও দেশে অর্থনৈতিক উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে। বিদেশি বিনিয়োগ ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। অবশ্য এটাও যথেষ্ট নয়।
অর্থমন্ত্রী সব বিষয়ের জবাব দেননি। তবে গ্যাস সমস্যার সমাধান হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি ও এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগের কথা জানান। অর্থমন্ত্রী বলেন, গ্যাসের সংকট থাকবে না। ২০১৯ সালের শুরুতেই এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।