বিদেশি সাহায্যে একক দেশ হিসেবে শীর্ষে আছে জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে বিদেশি ও জাপানি সাহায্য (কোটি ডলারে)
বাংলাদেশে বিদেশি ও জাপানি সাহায্য (কোটি ডলারে)

বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উন্নয়ন-সহযোগী হলো জাপান। স্বাধীনতার পর থেকেই এ পর্যন্ত (২০১২-১৩ অর্থবছর) দেশটি ৭৭৯ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক সহায়তা দিয়েছে। তবে একক দেশ হিসেবে জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশকে বিভিন্ন দেশ ও উন্নয়ন সংস্থা ঋণ, অনুদান ও খাদ্যসহায়তা দিয়ে থাকে।

এ ধরনের উন্নয়ন-সহায়তা দেওয়ার ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে বহুজাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। ঋণ ও অনুদান মিলিয়ে দাতা সংস্থাটি মোট এক হাজার ৩১১ কোটি ডলার দিয়েছে। আর দ্বিতীয় স্থানে থাকা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দিয়েছে ৯১৩ কোটি ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। প্রসঙ্গত, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তাঁর এ সফরকালে বিনিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩-১৪ অর্থবছরে ছাড়কৃত বিদেশি সাহায্যের পরিমাণ দাঁড়িয়েছে ৩০০ কোটি ডলার। এর মধ্যে জাপান থেকে এসেছে ৩৩ কোটি ডলার। তবে এটি প্রাথমিক হিসাব। চূড়ান্ত হিসাব আরও কিছুদিন পরে পাওয়া যাবে।
স্বাধীনতার পরপরই বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দেয় জাপান। অবকাঠামো ও কারিগরি প্রকল্পেই জাপানের কাছ থেকে বেশি সহায়তা পাওয়া গেছে। তবে ১৯৭৫-৭৬ অর্থবছর পর্যন্ত শুধু খাদ্যসহায়তাই দিয়েছে জাপান। এ সময় পর্যন্ত সাত কোটি ডলারের বেশি খাদ্যসহায়তা দিয়েছে দেশটি। এর প্রায় পুরোটাই অনুদান হিসেবে এসেছে। ১৯৭৬-৭৭ অর্থবছরে জাপানের কাছ থেকে প্রথম ৯০ লাখ ডলার ঋণ পায় বাংলাদেশ। এর পর থেকে খাদ্য, অনুদান ও ঋণসহায়তা সমান্তরালে পেতে থাকে বাংলাদেশ। তবে ২০০২-০৩ অর্থবছরের পর থেকে আর খাদ্যসহায়তা পায়নি বাংলাদেশ। তবে জাপানি সাহায্যের বেশির ভাগই সহজ শর্তে, স্বল্প সুদের ঋণ। বর্তমানে জাপান শুধু উন্নয়ন প্রকল্পেই ঋণ ও অনুদান দিয়ে থাকে। এভাবে বদলে গেছে বাংলাদেশকে দেওয়া জাপানের উন্নয়ন সহায়তার চিত্র।

ইআরডি সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত জাপানের কাছ থেকে মোট ৪২৭ কোটি ডলার ঋণসহায়তা পাওয়া গেছে। আর ৩১১ কোটি ডলার এসেছে অনুদান হিসেবে। অন্যদিকে সাড়ে ২৪ কোটি ডলারের সমপরিমাণ খাদ্যসহায়তা দিয়েছে জাপান। জাপানের সহায়তা নেওয়ায় বাংলাদেশের বড় সুবিধা হলো, কার্যত কোনো সুদ পরিশোধ করতে হয় না। সুদের অর্থ সামাজিক উন্নয়নে ব্যয় করার শর্তে এ বিশাল ছাড় পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে ইআরডির অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু তাহের প্রথম আলোকে বলেন, জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন। তাই দুই দেশের সম্পর্ক একটি নতুন মাত্রায় উন্নীত হবে। ভবিষ্যতে বিভিন্ন প্রকল্পে জাপানের কাছ থেকে প্রায় ৩০০ কোটি ডলার পাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। দুই দেশের সম্পর্কটি নতুন মাত্রায় গেলে সমঝোতার মাধ্যমে প্রতিশ্রুত সহায়তার পরিমাণ আরও বাড়ানো যেতে পারে।

জাপানের সহায়তা দেওয়ার চিত্রটি বিশ্লেষণ করলে দেখা যায়, বছরওয়ারি সবচেয়ে বেশি ৩৯ কোটি ডলারের সমপরিমাণ ঋণ ও অনুদান পাওয়া গেছে ১৯৯৯-২০০০ অর্থবছরে। বিগত তিন দশকের মধ্যে গত বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে সবচেয়ে কম সহায়তা পাওয়া গেছে। ২০০৩-০৪ থেকে ২০০৬-০৭ অর্থবছরের মধ্যে কোনো বছরই জাপানের সহায়তা ১০ কোটি ডলার অতিক্রম করেনি। এই সময়ে প্রায় ২০ কোটি ডলারের মতো ঋণ ও অনুদান পাওয়া গেছে। তৎকালীন ক্ষমতাসীন দলের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক শীতল থাকার কারণেই এমনটি হয়েছে বলে জানা গেছে।
এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে পরিস্থিতি পাল্টাতে থাকে। আর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় এলে জাপানের সহায়তাপ্রবাহ বাড়তে থাকে। ২০০৯-১০ থেকে ২০০১৩-১৪ অর্থবছরে অর্থাৎ এই পাঁচ অর্থবছরে ১০০ কোটি ডলারের বেশি ঋণ ও অনুদান পাওয়া গেছে।