বিদেশে বাড়ি কিনলে আয়কর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর পকেট গাইড প্রকাশনা অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার
আয়কর পকেট গাইড প্রকাশনা অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান গোলাম হোসেন এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার

মালয়েশিয়া ও কানাডার মতো দেশে যেসব বাংলাদেশি নাগরিক বাড়ি কিনেছেন, তাঁরা ঠিকমতো আয়কর দিয়েছেন কি না, সেটি খুঁজে দেখবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানের কাজ শুরু করেছে এনবিআর।
বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংকের আয়কর পকেট গাইড প্রকাশনা অনুষ্ঠানে এমন তথ্যই জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘বিদেশে বাড়ি কেনা দোষের কিছু না। কারও টাকা থাকলে তিনি অবশ্যই বাড়ি কিনতে পারেন। তবে দেশ থেকে টাকা নিয়ে সেখানে বাড়ি কিনলে তার আয়কর সরকারকে দিতে হবে।’
বিষয়টি ব্যাখ্যা করে গোলাম হোসেন বলেন, ‘যে দেশে একজন বাংলাদেশি বাড়ি কিনেছেন তার তথ্য সংশ্লিষ্ট দেশ থেকে সংগ্রহ করতে পারলেই আমরা দেশে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করতে পারব, আপনি যে বাড়ি কিনেছেন—তার টাকা কোথায় পেয়েছেন? আর তার আয়কর দিয়েছেন কি না? যদি আয়কর দিয়ে না থাকেন তাহলে জরিমানাসহ আমরা কর আদায়ে ব্যবস্থা নেব।’
এনবিআরের প্রধান আরও বলেন, ‘বৈধ-অবৈধ দুভাবেই দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, এটি হলো বাস্তবতা। সেটা আমরা ঠোকাতে না পারলেও এসব টাকার কর আদায় করে আমরা রাজস্ব বাড়াতে পারি। এ জন্য গণমাধ্যমের সহযোগিতা আমাদের প্রয়োজন।’
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অর্থ পাচারের বিভিন্ন তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ বছর জুন মাসে প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সুইস ব্যাংকগুলোয় বাংলাদেশিদের অন্তত ৪১ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় তিন হাজার ১৬২ কোটি টাকা গচ্ছিত আছে। আবার ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটির (জিএফআই) সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে ১০ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক হাজার ৬০৭ কোটি ৭০ লাখ ডলার বা এক লাখ ২৮ হাজার ৬১৬ কোটি টাকা অবৈধভাবে বাইরে চলে গেছে।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত গত মাসে ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০০২ সালে শুরু হওয়ার পর থেকে দুই হাজার ৯২৩ জন বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচির সুবিধা নিয়েছেন। এটি মূলত মালয়েশিয়ায় ১০ বছর মেয়াদি বিশেষ আবাসন সুবিধা।
একাধিক সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত বেসামরিক-সামরিক আমলারা মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ছেন। তাঁরা সেখানে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের পাশাপাশি দামি ফ্ল্যাট বা বাড়ি কিনেছেন, ব্যবসাপ্রতিষ্ঠান গড়েছেন বা ব্যবসায় বিনিয়োগ করছেন। এর ফলে গত এক যুগে বাংলাদেশ থেকে অন্তত ৩৬ কোটি ডলার বা প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা মালয়েশিয়ায় অবৈধ পথে স্থানান্তর হয়েছে বলে মনে করা হয়।
আবার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বাড়ি কিনে আবাসন সুবিধা গ্রহণের কথাও জানা গেছে।
অনুষ্ঠানে আয়কর প্রদানে গ্রাহকদের নানা হয়রানির বিষয়ে দেশের প্রধান রাজস্ব কর্মকর্তা বলেন, ‘আমাদের আয়-ব্যয়ের কাগজপত্র সংরক্ষণ করার সংস্কৃতি তৈরি করতে হবে। করদাতাদের হয়রানি কমাতে আইন সংশোধনসহ কর ব্যবস্থাকে ডিজিটাল করার কাজও আমরা শুরু করেছি।’
দেশে আয়করদাতার সংখ্যা আরও বেশি হওয়া উচিত বলে মনে করেন গোলাম হোসেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এক জরিপে দেখা গেছে, ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে এক লাখ ৭২ হাজার বাড়ির মালিক কোনো আয়কর দেন না। দেশে ক্ষুদ্র ও মাঝারি আকারের ৮০ লাখ ব্যবসায়ী কোনো আয়কর দেন না। কর না দেওয়ার এ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এ জন্য করবিষয়ক শিক্ষার ওপর জোর দিতে হবে।’
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।
আয়কর-বিষয়ক এই পকেট গাইডটি সম্পূর্ণ ইংরেজিতে করা হয়েছে। উদ্যোগটির প্রশংসা করলেও অনুষ্ঠানে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, গাইডটির ছাপার অক্ষর কিছুটা বড় হলে পড়তে সুবিধা হতো। তা ছাড়া আয়কর বিবরণী পূরণের ও দাখিলের একটি পরিপূর্ণ উদাহরণ দেওয়া থাকলে এটি অধিক কার্যকর হতো।