
বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি বিনিয়োগ বাড়াতে যথেষ্ট ভূমিকা রাখবে না বলে মনে করছেন অর্থনীতিবিদ, ব্যাংকার ও ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত, ব্যাংকঋণের সুদের হার সবচেয়ে কম। এ ছাড়া ব্যাংকগুলোতে প্রচুর অলস টাকা জমে আছে ও বিনিয়োগের চাহিদা রয়েছে। এ কারণে মুদ্রানীতির মাধ্যমে বিনিয়োগ বাড়িয়ে জিডিপি প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান বাড়ানোর সুযোগ ছিল।
তবে কেউ কেউ বলছেন, এটি সময়োপযোগী। তবে মুদ্রার বিনিময় হার ও রিজার্ভ ব্যবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন ছিল। যদিও কেন্দ্রীয় ব্যাংকের মতে, এটি উৎপাদন সহায়ক সতর্ক মুদ্রানীতি।
গত রোববার বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। মুদ্রানীতিতে নীতিনির্ধারণী সুদের হারে কোনো পরিবর্তন আনেনি কেন্দ্রীয় ব্যাংক।
এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেম খান বলেন, ‘বেসরকারি বিনিয়োগ বাড়ানোর অন্যতম হাতিয়ার হলো মুদ্রানীতি। এরপরও আগের ঘোষিত মুদ্রানীতি বহাল রাখা হলো। বর্তমানে দেশে ঋণের সুদের হার অনেক কম, ব্যাংকগুলোতে প্রচুর অলস অর্থও আছে। আমরা ভেবেছিলাম বিনিয়োগ বাড়াতে মুদ্রানীতি সহায়ক ভূমিকা রাখবে। তবে তা হয়নি। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে সহায়ক মুদ্রানীতি আমরা পাইনি।’
ঘোষিত মুদ্রানীতি বিষয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান আনিস এ খান বলেন, বেসরকারি খাতের জন্য ঋণের যে প্রক্ষেপণ করা হয়েছে, তা যথেষ্ট নয়। ১৫ শতাংশ ঋণ প্রবৃদ্ধি ইতিমধ্যে অর্জন হয়ে গেছে। এটা ১৭ শতাংশ করলে ভালো হতো। ক্ষুদ্র, মাঝারি ও বড়—সবারই ঋণ পেতে সুবিধা হতো।
বিশ্বব্যাংক বাংলাদেশ কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, মুদ্রানীতিটি সময়োপযোগী। এতে ব্যাপক মুদ্রার যে প্রক্ষেপণ করা হয়েছে, তা কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না। বেসরকারি খাতে সাড়ে ১৬ শতাংশ ঋণের যে প্রক্ষেপণ করা হয়েছে, তা–ও যথেষ্ট। দেশের বিনিয়োগ পরিস্থিতির এমন কোনো উন্নতি ঘটেনি, যাতে এর চেয়ে বেশি বিনিয়োগ হয়ে যাবে। বেশি ঋণের প্রক্ষেপণ থাকলে জমি কেনা, শেয়ারবাজারে বিনিয়োগ চলে যাবে।
জাহিদ হোসেন বলেন, এখনো খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেশি। তাই মূল্যস্ফীতির ঝুঁকি এখনো শেষ হয়ে যায়নি। এ কারণে নীতিনির্ধারণী হারে পরিবর্তন করেই সুদহার কমানো যাবে না। এ জন্য ব্যাংকের ব্যয়, খেলাপি ঋণ কমাতে হবে। মুদ্রানীতিতে ব্যাংকের ঋণমান কীভাবে বাড়ানো যাবে, তা নিয়ে নতুন করে কিছু বলা হয়নি। রিজার্ভের ব্যবহার বা ব্যবস্থাপনা নিয়েও কিছু বলা হয়নি।
পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, বাজারের কোনো চাহিদা না থাকায় মুদ্রানীতিতে কোনো পরিবর্তন আসেনি। বেশি থাকায় ইতিমধ্যে বেশ কিছু অর্থ শেয়ারবাজারে চলে গেছে। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক সংযত ও সতর্ক হয়ে গেছে। তবে মুদ্রার বিনিময় হার নিয়ে কিছু থাকা প্রয়োজন ছিল। বিনিময় হারে হস্তক্ষেপ করে রপ্তানিকারক ও প্রবাসী আয় বাড়ানোর সুযোগ ছিল। এ ছাড়া প্রবাসী আয় বাড়াতে কোনো উদ্যোগ দেখা যায়নি।