বিনিয়োগ বোর্ডকে ঢেলে সাজাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বোর্ডকে ঢেলে সাজানো দরকার। গ্যাস, বিদ্যুৎ, পরিবেশ ছাড়পত্রসহ সব ধরনের উপযোগ সেবার জন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকর করতে হবে। তৈরি পোশাকশিল্পের রপ্তানি বাড়াতে রুগ্ণ কারখানাগুলো ঢাকার বাইরে স্থানান্তরের ক্ষেত্রে পুরোনো গ্যাস সংযোগ নতুন কারখানায় দ্রুততার সঙ্গে পরিবর্তন করে দিতে হবে।
ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও সম্প্রসারণে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘বাণিজ্য-সহায়ক পরামর্শক কমিটি’র দ্বিতীয় সভায় এসব কথা বলেছেন বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সমস্যা সমাধানে সাধ্যমতো সহায়তা দেওয়ারও আশ্বাস দেন। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী।
এদিকে গত এপ্রিলে অনুষ্ঠিত পরামর্শক কমিটির প্রথম বৈঠকের সুপারিশ অনুযায়ী শিগগিরই খাতভিত্তিক উপকমিটি গঠন করা হবে। এই কমিটি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করবে। এ ছাড়া ন্যাশনাল ট্রেড পোর্টাল উদ্বোধন করা হবে ১৬ ডিসেম্বর। এই পোর্টালে ব্যবসা-বাণিজ্যের পরিসংখ্যান পাওয়া যাবে। অন্যদিকে বিদেশে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনগুলো কমার্শিয়াল কাউন্সিল শক্তিশালী ও কার্যকরী করার উদ্যোগ নিয়েছে। সভায় এমনটিই জানিয়েছেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
আলোচনা: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, যে উদ্দেশ্যে বিনিয়োগ বোর্ড করা হয়েছিল, সেটি তারা করতে ব্যর্থ হয়েছে। এখনো বিনিয়োগ করতে গেলে গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন উপযোগ সেবার অনুমোদন নিতে দপ্তরে দপ্তরে ঘুরতে হয়। সে জন্য বোর্ডের ওয়ান স্টপ সার্ভিসটি কার্যকর করা দরকার, যাতে সবকিছু এক জায়গা থেকে পাওয়া যায়। এ জন্য বিনিয়োগ বোর্ডকে ঢেলে সাজানো খুবই জরুরি।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম বলেন, ২০২১ সালের মধ্যে আমরা পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যেতে চাই। কিন্তু গ্যাস সংযোগ পেতে সমস্যা, এমনকি পুরোনো কারখানার সংযোগটি থেকে নতুন কারখানায় স্থানান্তর করতেও ভোগান্তি পোহাতে হয়। পরিবেশ ছাড়পত্র পেতে নানা হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
নিট পোশাক কারখানা মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি ও সাংসদ সেলিম ওসমান বলেন, ‘অনেক সময় নগদ সহায়তার ওপর ভিত্তি করে আমরা কার্যাদেশ নিয়ে থাকি। কিন্তু তিন মাস অন্তর দেওয়ার কথা থাকলেও ছয় মাসেও নগদ সহায়তা বুঝে পান না ব্যবসায়ীরা। এ বিষয়টির সমাধান করা দরকার।’
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, ‘তৈরি পোশাকশিল্পের পাশাপাশি পশ্চাদমুখী সংযোগ শিল্পের কারখানাগুলোকে কমপ্লায়েন্ট করতে হবে। না হলে একটা সময় পোশাকশিল্প বাধাগ্রস্ত হবে। সে জন্য প্যাকেজিং ও সরঞ্জাম তৈরির কারখানার কর্মপরিবেশ উন্নতিতে সরকারকে সহায়তা দিতে হবে।’ পোশাকশিল্পের মতো এই খাতের জন্যও নগদ সহায়তা দাবি করেন তিনি।
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সংগীতা আহমেদ বলেন, ‘নতুন ও নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার জন্য প্রতিটি জেলায় একটি নির্দিষ্ট স্থান করে দেওয়া প্রয়োজন। অন্যথায় নতুন উদ্যোক্তা তৈরি হবে না। নারী উদ্যোক্তারাও পিছিয়ে থাকবেন।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমানোর উদ্যোগ চলছে। ব্যাংকগুলোতে এক লাখ কোটি টাকা উদ্বৃত্ত পড়ে আছে। বিপুল টাকা অল্প সুদে ঋণ দিলে ব্যাংকের ব্যবসা ভালো হবে। তবে সরকার বন্ডের সুদের হার না কমানোয় ব্যাংক ঋণের সুদের হার কমছে না বলে মন্তব্য করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির প্রমুখ।
বাণিজ্যমন্ত্রী: ব্যবসায়ীদের সমস্যা শোনার পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিজেদের সমস্যা নিয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করতে পরামর্শ দেন। তিনি আরও বলেন, অনেক সমস্যাই অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত। সে জন্য এ মাসের মধ্যেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নেবেন বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোলায় বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে। অদূর ভবিষ্যতে ভোলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চল শিল্পনগরে পরিণত হবে। ইতিমধ্যে দেশি-বিদেশি প্রতিষ্ঠান শিল্পকারখানা স্থাপনের জন্য আগ্রহ দেখাচ্ছে বলে জানান তিনি।