বিনিয়োগ হবে, চাহিদা বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে দেশে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আশাবাদী ব্যবসায়ীরা। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) পরিচালিত এক জরিপে অংশ নেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বেশির ভাগ মনে করে, রাজনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতি কম থাকা এবং অবকাঠামোর উন্নতি হওয়ায় তারা এ বছর বিনিয়োগ করবে। তা ছাড়া নিজেদের উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধির সম্ভাবনাও দেখছে তারা।

তবে ব্যবসায়ীরা পুঁজিবাজার নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাঁদের মতে, শেয়ারবাজারে সুবিধাভোগী লেনদেন বা ইনসাইডার ট্রেডিং রয়ে গেছে। এ ক্ষেত্রে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নজরদারি যথেষ্ট নয়।

সিপিডি বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদন বা গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্টের (জিসিআর) সঙ্গে গতকাল বুধবার র‍্যাপিড অ্যাসেসমেন্ট সার্ভে বা তাৎক্ষণিক মূল্যায়ন জরিপ শীর্ষক এ জরিপ প্রকাশ করে। জরিপটি করতে ৮৯টি বড় ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের মতামত নেওয়া হয়। যাদের বেশির ভাগ দেশীয় মালিকানাধীন এবং ঢাকা ও চট্টগ্রামভিত্তিক। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জরিপটি তুলে ধরেন।

জরিপে ব্যবসায়ীদের কাছে মোট ১০টি বিষয়ে মতামত চাওয়া হয়। এর মধ্যে চারটি প্রশ্নে তাঁরা ‘ভালো’ হিসেবে মত দিয়েছেন। এগুলো হলো পণ্যের চাহিদা বাড়বে কি না, বিনিয়োগ বাড়বে কি না, কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে ব্যাংক খাতকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছে কি না এবং এসইজেড বিনিয়োগকারীদের অবকাঠামোর চাহিদা পূরণ করবে কি না।

কর ব্যবস্থার জটিলতা, শেয়ারবাজারে ইনসাইডার ট্রেডিং, এসইসির পর্যবেক্ষণ, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার, প্রতিষ্ঠানের বিনিয়োগ, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২ দেশের বাণিজ্য চুক্তি ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে কি না, এসব বিষয়ে জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান খারাপ বা মন্দ হিসেবে তাদের মতামত তুলে ধরে।

গোলাম মোয়াজ্জেম এ সময় বলেন, তাৎক্ষণিক পর্যালোচনা জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ ব্যবসায়ী চলতি ২০১৬-১৭ অর্থবছরে তাঁদের প্রতিষ্ঠানের বিনিয়োগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। ৬৮ শতাংশ ব্যবসায়ী মনে করেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) বিনিয়োগকারীদের অবকাঠামোর চাহিদা পূরণে সক্ষম হবে। ৫৩ শতাংশ ব্যবসায়ী মনে করছেন, তাঁদের প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদা এ বছর বাড়বে। ৪০ থেকে ৫০ শতাংশ প্রতিষ্ঠান ২০১৪ সালের জুলাই থেকে গত ডিসেম্বর সময়ে তাদের উৎপাদন বাড়িয়েছে।

জরিপে ব্যবসায়ীরা আরও উন্নতি চেয়েছেন এমন চারটি ক্ষেত্র হলো করসংক্রান্ত নীতি, মূল্য সংযোজন কর আইন, ভূমি সংস্কার ও কোম্পানি আইন।

ব্যবসায়ীরা কর্মবাজারে আসা নতুন কর্মীদের মধ্যে দক্ষতার ঘাটতি দেখতে পাচ্ছেন বলেও জানান গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ব্যবসায়ীদের মতে নতুনেরা যথেষ্ট কর্মঠ ও কাজের প্রতি সৎ নন। তাঁদের দক্ষতা ও প্রশিক্ষণের অভাব আছে। এ ছাড়া ভাষাজ্ঞান ও প্রতিবেদন লেখায় দক্ষতা, ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী চিন্তার ক্ষেত্রে তাঁদের ঘাটতি আছে।