বিবিআইএন কার্যকর হলে বাণিজ্য বাড়বে: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) কাঠামো কার্যকর হলে এই চার দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘বিবিআইএনের আওতায় গত বছরের জুনে সই হওয়া মোটর-ভেহিকল (যাত্রী ও কার্গো) চুক্তি পুরোপুরি কার্যকর হলে চার দেশের মানুষ উপকৃত হবে। এ অঞ্চলে বাণিজ্যও বাড়বে।’
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোটর ভেহিকল (যাত্রী ও কার্গো) চুক্তি হলেও প্রতিটি দেশকেই অন্য তিন দেশের সঙ্গে আলাদাভাবে দ্বিপক্ষীয় প্রটোকল বা চুক্তি করতে হবে। ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের প্রটোকল সই হলেও ভুটানের সঙ্গে এখনো বাকি।
বিবিআইএন কার্যকর করতে ভুটানের সঙ্গে এই প্রটোকল কবে হবে সাংবাদিকেরা জানতে চাইলে তোফায়েল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনোজ কুমার রায়ের কাছে এ বিষয়ে হালনাগাদ তথ্য চান এবং তা সাংবাদিকদের জানাতে বলেন। মনোজ কুমার তখন বলেন, ‘আমরা এর অপেক্ষায় আছি। আশা করছি, ডিসেম্বরের মধ্যে একটা ফলাফল পাওয়া যাবে।’
গত নভেম্বরে ঢাকায় ভুটানের সঙ্গে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে নৌপথে ট্রানজিট চুক্তির বিষয়ে মূল আলোচনা হলেও গত ছয় মাসে এ ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
এদিকে গতকাল বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক ঢাকায় শুরু হয়েছে। বৈঠকে কী হলো, তা আজ বুধবার তুলে ধরা হবে বলে জানান তোফায়েল আহমেদ। এ বৈঠকে বাংলাদেশের বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১৮ এবং নেপালের বাণিজ্যসচিব নায়ন্দ্র প্রসাদ উপাধ্যায়ের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
নেপালকে ১০৮টি পণ্যে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব রয়েছে বাংলাদেশের। বাংলাদেশের জন্য নেপালের প্রস্তাব হচ্ছে ৫০টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়া। বৈঠক সূত্রে জানা গেছে, পণ্যগুলো এখনো চূড়ান্ত হয়নি।
এ প্রসঙ্গে অতিরিক্ত বাণিজ্যসচিব মনোজ কুমার রায় সাংবাদিকদের বলেন, নতুন করে নির্মাণসামগ্রী, তৈরি পোশাক, সিমেন্ট, বিস্কুট, তামাক, রেফ্রিজারেটর ইত্যাদি পণ্য নেপালে রপ্তানির শুল্কমুক্ত সুবিধা চাওয়া হয়েছে।