বিবিএস সাড়ে তিন কোটি পরিবারের তথ্য নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুলাই থেকে দেশের সাড়ে তিন কোটি পরিবারের আয়-ব্যয়, সম্পদসহ জীবনযাত্রার বিবরণীর তথ্য সংগ্রহ করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করতেই এ উদ্যোগ নিয়েছে বিবিএস।
প্রক্সি মিন টেস্ট (পিএমটি) পদ্ধতিতে নমুনা হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুটি ইউনিয়ন ও জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার মোট ১৭ হাজার ২০০টি পরিবার বা খানার এ ধরনের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে সহজেই ওই পরিবারের দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ করা সম্ভব হয়। নিলসেন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এ তথ্য সংগ্রহ করেছে।
গতকাল বুধবার আগারগাঁওয়ের বিবিএস মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়। কর্মশালায় ন্যাশনাল হাউসহোল্ড ডেটাবেইস বা জাতীয় খানাভিত্তিক তথ্যভান্ডার প্রকল্প পরিচালক এম এমদাদুল হক প্রকল্পটি সম্পর্কে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এম এমদাদুল হক জানান, ২০১৭ সালের জুন মাসের মধ্যে তিন পর্যায়ে তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। রংপুর বিভাগ, বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর ও শেরপুর জেলার তথ্য প্রথম পর্যায়ে; খুলনা ও রাজশাহী বিভাগের তথ্য দ্বিতীয় পর্যায়ে এবং ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং নেত্রকোনা জেলার তথ্য তৃতীয় পর্যায়ে সংগ্রহ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে মোট ৩২৮ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১৬ কোটি ৩৭ লাখ টাকা এবং বিশ্বব্যাংক দেবে ৩১২ কোটি ৪০ লাখ টাকা।
গতকালে অনুষ্ঠানে নেলসনের পক্ষ থেকে উপস্থাপনা দেন প্রতিষ্ঠানের পরিচালক ওয়ালিউল মুসতাসিম মতিন। এ ছাড়া বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, বিবিএসের মহাপরিচালক আবদুল ওয়াজেদ, উপমহাপরিচালক বায়তুল আমীন ভূঁইয়া প্রমুখ।