বিশের চেয়ে একুশ হবে বেশি চ্যালেঞ্জিং

করোনায় বিষময় হয়ে ওঠা ২০২০ বিদায় নিল। ২০২১-এর দিন গণনা শুরু আজ থেকে। করোনা মানুষের স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি বড় ক্ষতি করেছে অর্থনীতির। বড় ধাক্কা কাটিয়ে নতুন বছরে কি ঘুরে দাঁড়াতে পারবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি? তথ্যপ্রযুক্তিনির্ভরতা কি আরও বাড়বে? এসব নিয়ে কথা বলেছেন ব্যবসায়ী সায়ফুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সায়ফুল ইসলাম

করোনার প্রথম ধাক্কার পর আমরা প্রত্যাশা করেছিলাম দাঁড়িয়ে যাব। তবে মহামারি ভাইরাসটির সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেশি সমস্যা হয়েছে। ইউরোপে লকডাউনের কারণে মানুষের চলাচল সীমিত হয়ে গেছে। অনলাইনে আর কতটা ব্যবসা করা যায়। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কাটা বোঝা যাবে ফেব্রুয়ারিতে, যখন রপ্তানি হওয়া পণ্যের অর্থ ক্রেতারা দেবে না।

চামড়াজাত পণ্য মানুষের মৌলিক চাহিদার মধ্যে পড়ে না। তৈরি পোশাক মৌলিক চাহিদার অংশ হওয়ায় পোশাকশিল্পে রপ্তানি মোটামুটি একটা পর্যায়ে রয়েছে। চামড়াশিল্পে অবস্থা খুবই ভয়াবহ। সামগ্রিকভাবে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি প্রায় ৩৫ শতাংশ কমে গেছে। তার পেছনে তিনটি কারণ রয়েছে। বিশ্বব্যাপী চামড়ার বিকল্প হিসেবে সিনথেটিক পণ্যের চাহিদা বাড়ছে। দ্বিতীয়ত হাজারীবাগ থেকে হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরিত হলেও কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) কার্যকর করা যায়নি। ফলে পরিবেশগত কমপ্লায়েন্স অর্জিত হয়নি। তৃতীয় কারণটি হলো করোনা মহামারি। ইউরোপ-আমেরিকায় সারা বছরের খুচরা বিক্রির ৬০ শতাংশই হয়ে থাকে থ্যাংকস গিভিং ডে, গুড ফ্রাইডে, বক্সিং ডে ও বড়দিনে। করোনার কারণে এ উৎসবগুলোতে প্রত্যাশিত পণ্য বিক্রি হয়নি। ফলে সব ব্র্যান্ডের কাছেই পণ্যের স্তূপ জমে গেছে।

২০২০ সাল রপ্তানি খাতের জন্য ছিল খারাপ বছর। আমার মনে হয়, ২০২১ সাল হবে ২০২০ সালের চেয়েও বেশি চ্যালেঞ্জিং। আমাদের সজাগ থাকতে হবে সামাজিক অস্থিরতা, শ্রম অসন্তোষ ও রাজনৈতিক অস্থিতিশীলতা যেন না হয়। সামাজিক নিরাপত্তায় সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। আমরা যারা কর্মসংস্থান সৃষ্টি করছি, তাদেরও সহায়তা লাগবে।

সরকার নতুন করে প্রণোদনা প্যাকেজ দেওয়ার পরিকল্পনা করছে। এ ক্ষেত্রে যেসব খাত গতবারের প্যাকেজ থেকে কোনো ধরনের সহায়তা পায়নি, সেসব খাতকে অগ্রাধিকার দিতে হবে। বেশি গুরুত্ব দিতে হবে কর্মসংস্থানের বিষয়টিকে।

চামড়াজাত পণ্যের ক্রয়াদেশের অবস্থা খুব খারাপ। ক্রেতারা ক্রয়াদেশ নিয়ে কথাই বলছে না। তা ছাড়া বড়দিনের ছুটিও চলছে। আশা করছি, জানুয়ারির শেষ দিকে পরিস্থিতির উন্নতি হবে।

সায়ফুল ইসলাম: সভাপতি, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন